দুই রোনালদোর পাশে ডি স্টেফানো!
সেরা সময়ের আলফ্রেডো ডি স্টেফানো আর ব্রাজিলের রোনালদো একসঙ্গে মাঠে নামলে প্রতিপক্ষের রক্ষণ কী দশা হতো? কিংবা এই দুজনের সঙ্গী হতেন যদি ক্রিস্টিয়ানো রোনালদো! সম্প্রতি রিয়াল মাদ্রিদের সর্বকালের সেরা ‘বিদেশি একাদশ’ নির্বাচন করে এটি নিয়ে ভাবার সুযোগটা করে দিয়েছে মার্কা ডট কম।ম্যাচের উত্তেজনায় অনেকটাই আড়ালে পড়ে গিয়েছিল। গ্যালাতাসারাইয়ের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে কিন্তু একটা ইতিহাস গড়ে ফেলেছে রিয়াল মাদ্রিদ। ক্লাবের সুদীর্ঘ ইতিহাসে এই প্রথমবার সেরা একাদশে ছিলেন মাত্র একজন স্প্যানিশ ফুটবলার! এর পরই একটি পাঠক জরিপ চালিয়ে মার্কা বাছাই করেছে রিয়াল মাদ্রিদের সর্বকালের সেরা বিদেশি একাদশ। দেখে নিন সেই একাদশের চেহারা।একাদশ বাছাইতে বিবেচিত হয়েছে ৩-৪-৩ ছক। গোলবারের নিচে দাঁড়াবেন যিনি, জরিপে সবচেয়ে বেশি একক ভোট পেয়েছেন তিনিই। ৭২.৪ শতাংশ ভোট পেয়ে একাদশে জায়গা করে নিয়েছেন জার্মান গোলরক্ষক বোডো ইলনার। ইকার ক্যাসিয়াসের আবির্ভাবের আগে তিনিই ছিলেন মাদ্রিদ গোলবারের ভরসা, বার্নাব্যুতে ছিলেন ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত। দুই আর্জেন্টাইন গোলরক্ষক আলবেনো বিজ্জারি ও আলভেরো ডমিঙ্গেজ পাত্তাই পাননি ইলনারের কাছে।রক্ষণভাগের সবচেয়ে বড় বিস্ময় রাফায়েল ভারান। মাত্রই কদিন হলো একাদশে জায়গা পাকা করতে পেরেছেন। এরই মধ্যে এমনভাবে সমর্থকদের মন জিতে নিয়েছেন, সর্বকালের সেরা একাদশেই ঢুকে গেছেন! ১৩.৮ শতাংশ ভোট পেয়েছেন ফ্রেঞ্চ তরুণ। রক্ষণভাগে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন রবার্তো কার্লোস (৩২.১%)। রক্ষণ সামলানোয় এই দুজনের সঙ্গী ফিফা বর্ষসেরা হওয়া একমাত্র ডিফেন্ডার ইতালির ফ্যাবিও ক্যানাভারো। মাঝমাঠে ধারণামতোই সবচেয়ে বেশি ভোট পেয়েছেন জিনেদিন জিদান। ২৪ শতাংশ ভোট পেয়েছেন ফরাসি জাদুকর। মাঝমাঠে জিজুর সঙ্গী লুইস ফিগো, ফার্নান্ডো রেডোন্ডো ও মাইকেল লাউড্রপ। সবচেয়ে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে আক্রমণভাগে। ২৭.৯ শতাংশ ভোট নিয়ে সবার চেয়ে এগিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো, তবে খুব একটা পিছিয়ে ছিলেন না কিংবদন্তি আলফ্রেডো ডি স্টেফানো। প্রতিপক্ষের রক্ষণকে ছিন্নভিন্ন করতে এই দুজনের সঙ্গে থাকছেন সর্বকালের সেরা স্ট্রাইকারদের একজন রোনালদো। একবার ভাবুন, সত্যি সত্যিই যদি মাঠে নামত এই একাদশ! ওয়েবসাইট।রিয়ালের সর্বকালের সেরা বিদেশি একাদশ: বোডো ইলনার (গোলরক্ষক); রবার্তো কার্লোস, রাফায়েল ভারান ও ফ্যাবিও ক্যানাভারো (রক্ষণভাগ); লুইস ফিগো, ফার্নান্ডো রেডোন্ডো, মাইকেল লাউড্রপ ও জিনেদিন জিদান (মাঝমাঠ); ক্রিস্টিয়ানো রোনালদো, আলফ্রেডো ডি স্টেফানো ও রোনালদো (আক্রমণভাগ)।