দুই শ তাড়া করে জিতল চেন্নাই
শেষ দুই ওভারেই কাল লুট হয়ে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জয়ের স্বপ্ন। লুটেরা দুজন—আলবি মরকেল ও ডোয়াইন ব্রাভো। চেন্নাই সুপার কিংসের এই দুই ব্যাটসম্যানের দুই ওভারের তাণ্ডবেই ২০৫ রান করেও হেরে গেল বেঙ্গালুরু। আর ৫ উইকেটের অসম্ভব এক জয় পেল বর্তমান চ্যাম্পিয়নরা। আইপিএলের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়।কাল চিপকে শেষ দুই ওভারে ৪৩ রান দরকার ছিল মহেন্দ্র সিং ধোনির চেন্নাইয়ের। ১৯তম ওভারে বিরাট কোহলির ছয় বল থেকে দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার বড় মরকেল তুলে নিলেন ২৮ রান। ৪ ৬ ৪ ৬ ২ ৬—ক্রিজে এসে মুখোমুখি প্রথম ছয় বলে এভাবেই রান তুললেন মরকেল। ১২ বলে ৪৩ রানের প্রয়োজনীয়তা নেমে দাঁড়াল ৬ বলে ১৫। শেষ ওভারের দ্বিতীয় বলে যখন মরকেল আউট হলেন, তখনো চেন্নাইয়ের দরকার ৪ বলে ১৪ রান। বিনয় কুমারের নো-বল থেকে চার নেওয়ার পরের বলেই ছক্কা। এরপর শেষ বলে রবীন্দ্র জাদেজা চার মেরে জিতিয়ে দিলেন চেন্নাইকে।দিনের অন্য ম্যাচে সৌরভের পুনে ওয়ারিয়র্সকে ৭ উইকেটে হারিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। ১৯ ওভারে সবগুলো উইকেট হারিয়ে মাত্র ১১৫ রান তোলে পুনে। তামিমবিহীন পুনের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেন মিঠুন মানহাস। ২৫ রানে পাঁচ উইকেট নিয়েছেন দিমিত্রি মাসকারেনহাস। জবাবে ১৭.৪ ওভারে মাত্র তিন উইকেট হারিয়ে এবারের আসরে প্রথম জয় তুলে নেয় পাঞ্জাব। সর্বোচ্চ ৬৪ রান করে অপরাজিত ছিলেন শন মার্শ। ওয়েবসাইট।