দুই শেষ প্রহরীর লড়াই
গোলের খেলা ফুটবল, গোলই দর্শকদের কাছে পরম কাঙ্ক্ষিত। কিন্তু গোল ঠেকানোর কাজ যাঁদের, এবার কিন্তু নায়ক হয়ে যাচ্ছেন তাঁরাও। আজ যখন দুই অধিনায়ক ম্যাচের আগে হাত মেলাবেন, তখন কি একজন অন্যকে বলবেন, ‘আজ আমিই হতে যাচ্ছি নায়ক?’ দুই শেষ প্রহরীর ওপরই হয়তো আজকের ম্যাচের ভাগ্যটা নির্ভর করছে। কিন্তু কে হাসবেন শেষ হাসিটা? ইকার ক্যাসিয়াস না জিয়ানলুইজি বুফন? বলাটা খুবই কঠিন, যেমন কঠিন এই দুজনের মধ্যে কে এগিয়ে সেটা বিচার করা। বেশ কিছু বছর ধরে সেরা গোলরক্ষকের দ্বৈরথে দুজনেই নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়, অর্জনের পাল্লাতেও কেউ কারও চেয়ে কম যান না। ক্লাব সাফল্যে তো বটেই, জাতীয় দলেও দুজনকেই বহুবার দলের ত্রাণকর্তার ভূমিকা নিতে হয়েছে। এই ইউরোতেই দেখুন না, শেষ আটে ইংল্যান্ডের সঙ্গে টাইব্রেকার নাটকে বুফনই ছিলেন নায়ক, আর সেমিফাইনালে পর্তুগালের বিপক্ষে ক্যাসিয়াসে ভর করেই উত্তীর্ণ স্পেন। গ্রুপ পর্বের লড়াইতে একবার মুখোমুখি হয়েছিলেন দুজন, তবে সেখানেও ‘কেউ কারে নাহি জিনে সমানে সমান’। ড্র হওয়া সেই ম্যাচে প্রত্যেকেই একবার করে পরাস্ত হয়েছেন। তবে আন্তর্জাতিক সাফল্য বিচারে খানিকটা হলেও এগিয়ে ক্যাসিয়াস। বিশ্বকাপের আগে ইউরোটাও যে জেতা হয়ে গেছে তাঁর! বুফনও বিশ্বকাপ ট্রফিতে চুমু দিতে পেরেছিলেন, তবে ইউরোটা এখনো অধরা। বয়স এখন ৩৪, নিশ্চিতভাবে জিজি বুফনের শেষ সুযোগ হতে যাচ্ছে এটাই। ইকার ক্যাসিয়াস অবশ্য বুফনের প্রশংসায় পঞ্চমুখ। ইতালিয়ান প্রতিদ্বন্দ্বীর গুণমুগ্ধ ভক্তই যেন তিনি, ‘বুফনের প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধাই আছে। সে এক অনন্য সাধারণ গোলরক্ষক। ৩৪ বছর বয়সেও সে বিশ্বসেরাদের একজন।’ ক্যাসিয়াসের বয়স ৩১, আর তাই বুফনকে যোগ্য পথিকৃতের আসনে বসাতে দ্বিধা নেই তাঁর, ‘বয়সে তাঁর চেয়ে ছোট গোলরক্ষকদের জন্য সে আদর্শ, আমরা তাই সব সময় তাঁর মতোই হতে চেয়েছিলাম। আমাদের সম্পর্কটাও বেশ ভালো।’” ক্যাসিয়াসের বুফন-বন্দনা অনেকের কাছে বিনয় মনে হতে পারে, তবে ইউরোর পারফরম্যান্সে দুজনই একেবারে গায়ে গায়ে। এ পর্যন্ত স্পেনের জালে বল ঢুকেছে মাত্র একবার, টানা চারটি ম্যাচে নিশ্ছিদ্র তাদের গোলবার। কৃতিত্বটা ক্যাসিয়াসের পাশাপাশি রক্ষণভাগেরও প্রাপ্য। তবে ক্রোয়েশিয়ার ম্যাচে একদম চুল পরিমাণ ব্যবধান থেকে দুর্দান্ত সেভের কথা ভোলা যায় না। বুফনও কম যান না। তাঁর পোস্টে বল ঢুকেছে ক্যাসিয়াসের চাইতে দুবার বেশি, তবে ম্যাচ বাঁচানো সেভ তাঁরই বেশি। তাই এই মুহূর্তে দুজনই একই সমতলে। তবে অপেক্ষার প্রহর ফুরিয়ে এল বলে। ক্যাসিয়াস জাদুতে স্পেন কি টানা দ্বিতীয়বারের মতো ইউরো জিতবে, নাকি বুফনে ভর করে ইতালিই পাবে দীর্ঘ ৪৪ বছর পর পরম আরাধ্য ইউরো? ওয়েবসাইট।