দুই সপ্তাহের বিশ্রামে তামিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখনো শেষ চারে যাওয়ার সম্ভাবনা আছে দুরন্ত রাজশাহীর। তবে তাদের ওপেনার তামিম ইকবালের বিপিএল শেষ হয়ে গেল আগেই। চোট লাগা বাঁ হাতের কবজির হাড়ে সূক্ষ্ম চিড় ধরা পড়ায় দুই সপ্তাহের বিশ্রাম দেওয়া হয়েছে তাঁকে।কাল অ্যাপোলো হাসপাতালে এমআরআই করে ফেরার পথে টেলিফোনে দুঃসংবাদটা তামিমই দিলেন, ‘এমআরআইতে সূক্ষ্ম চিড় ধরা পড়েছে। পুরোপুরি ভালো হতে দুই সপ্তাহ লাগবে।’ এর আগে এক্স-রে করানো হলেও তাতে কোনো চিড় বা ফাটল ধরা পড়েনি। তবে ব্যথাও কমছিল না। এমআরআইটা করানো সে কারণেই। দুরন্ত রাজশাহী অবশ্য বিসিবির ফিজিওর পরামর্শে আগের ম্যাচ ও গতকালের ম্যাচে বিশ্রামেই রেখেছিল তামিমকে। ৫ ফেব্রুয়ারি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিলেট রয়্যালসের বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে কবজিতে চোট পান বাঁহাতি এই ওপেনার।বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী জানিয়েছেন, ‘এ ধরনের ইনজুরি সাধারণত দুই সপ্তাহের আগে ভালো হয় না। তামিমকে তাই দুই সপ্তাহ বিশ্রামে থাকতে হবে।’ দেবাশিস আশাবাদী, আগামী মাসের শ্রীলঙ্কা সফরের আগেই পুরো সুস্থ হয়ে উঠবেন তামিম। তার আগে জাতীয় দলের অনুশীলন শুরু হলে তিনিও যোগ দেবেন তাতে।বিপিএলে খেলা জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে চোট আছে সিলেট রয়্যালস অধিনায়ক মুশফিকুর রহিমেরও। ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষকে বিসিবির চিকিৎসকেরা পরামর্শ দিয়েছেন, তাঁকে যেন এক ম্যাচ পর পর বিশ্রাম দিয়ে খেলানো হয়।