দুই সাবেক চ্যাম্পিয়নের বিশ্বকাপ-মহড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের জন্য ওয়েস্ট ইন্ডিজ কতটা প্রস্তুত? বিশ্বকাপের দোরগোড়ায় দাঁড়িয়ে একসময় ক্রিকেট-বিশ্বকে শাসন করা দল সম্পর্কে এমন প্রশ্ন করাটা অশোভন লাগে! কিন্তু একটা তথ্যই দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। ওয়েস্ট ইন্ডিজ সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছিল গত বছরের জুনে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই সিরিজের স্মৃতিটা আসলে তাদের জন্য দুঃস্মৃতি, তারা হেরেছিল ৫-০ ব্যবধানে।বিশ্বকাপটা যেহেতু এক দিনের ক্রিকেটের, তাই এই দীর্ঘ বিরতি তাদের প্রস্তুতি-ঘাটতির ইঙ্গিতই দেয়। তবে সেটি পুষিয়ে নেওয়ার সুযোগ আজ থেকেই পেয়ে যাচ্ছে ড্যারেন স্যামির দল। বৃষ্টির কারণে গত ডিসেম্বরে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ স্থগিত করে দেশে ফিরে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের সিরিজ খেলতে আবার শ্রীলঙ্কায় এসেছে। তিন ম্যাচের সিরিজের প্রথমটি আজ, কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে। ক্যারিবীয়দের সঙ্গে স্বাগতিক শ্রীলঙ্কার জন্যও এই সিরিজ বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ।ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক স্যামি যেমন বলেই ফেললেন, ‘এখনই শুরু হয়ে গেল আমাদের বিশ্বকাপ।’ স্যামির এই কথার প্রতিফলন সম্ভাব্য দলেও। শ্রীলঙ্কায় সাত ম্যাচে গড় ২৮.৩৩, চোটের সঙ্গে দীর্ঘদিন ধরে লড়াই করছেন ফর্মের সঙ্গেও, তার পরও আজ মাঠে নামছেন রামনরেশ সারওয়ান। দলে ফেরাটা সারওয়ানের কাছে একটি ব্যক্তিগত প্রেরণা, ‘দলে ফিরতে পারাটা সত্যিই দারুণ ব্যাপার।’আত্মবিশ্বাস কুড়াতে চান, কিছু ব্যক্তিগত হিসাব-নিকাশও আছে। গেইল শ্রীলঙ্কায় সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন ২০০২ সালে। আট বছরেরও বেশি সময় পর আজ আবার যখন শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামবেন গেইল, তাঁর সামনে থাকবে একটি মাইলফলক ছোঁয়ার হাতছানি। আর মাত্র ১১৫ রান হলেই ওয়েস্ট ইন্ডিজের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে পূর্ণ করবেন ৮ হাজার রানের মাইলফলক।এক দিনের ক্রিকেটে শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হচ্ছে দুই বছরেরও বেশি সময় পর। শেষ তারা মুখোমুখি হয়েছিল ২০০৮-এর এপ্রিলে। নিজেদের চেনা কন্ডিশনে শ্রীলঙ্কাই ফেবারিট। তবে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আছে একটা ইতিহাস, এই মাঠে দুই দলের একমাত্র সাক্ষাতে (১৯৯৩ সালে) জয়ী দলটির নাম ছিল ওয়েস্ট ইন্ডিজ। ওয়েবসাইট।