দুই সেঞ্চুরিতে পিষ্ট একাডেমি দল
প্রতিপক্ষের দুই ব্যাটসম্যান সেঞ্চুরি করেছেন। আরেকজন ৩ রানের জন্য সেঞ্চুরি পাননি। ওয়েস্ট ইন্ডিজ হাইপারফরম্যান্স দলের ব্যাটসম্যানদের এমন ব্যাটিংয়ের পর সাহারা-বিসিবি জাতীয় ক্রিকেট একাডেমি দলের অবস্থাটা বোঝাই যায়। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে কাল শুরু প্রথম চার দিনের ম্যাচের প্রথম দিন শেষে সফরকারীদের প্রথম ইনিংসে সংগ্রহ ৫ উইকেটে ৩৯৪ রান।ইনিংসের প্রথম ওভারে নাজমুলের বলে কট বিহাইন্ড হয়ে ফিরে যান ওপেনার কর্ন ওটলি। দিনের বাদ বাকি গল্পের প্রধান চরিত্র সফরকারী ব্যাটসম্যানরাই। একাডেমি দলের বোলাররা হঠাৎ হঠাৎ সাফল্য পেলেও ধরে রাখতে পারেননি নিয়ন্ত্রণ। ১ রানে প্রথম উইকেট হারানোর পরও তাই ফ্লেচার-বার্কলের দ্বিতীয় উইকেট জুটিতে এসেছে ৮১ রান, ফ্লেচার-হোপের তৃতীয় উইকেটে ১৩৮ ও হোপ-লেসপোরিসের চতুর্থ উইকেটে এসেছে ১৬৮।ওপেনার ফ্লেচার ১০৫ রান করে কট বিহাইন্ড হয়েছেন নাজমুলের বলে। ১৪৬ রান করে কাল দিন শেষেও অপরাজিত হোপ। তবে নাজমুলের বলে একাডেমি দলের অধিনায়ক মাহমুদুল হাসানের হাতে ক্যাচ দিয়ে মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরি না পাওয়ার হতাশায় পুড়েছেন লেসপোরিস। অবশ্য আউট হতে পারতেন আরও আগেই। ব্যক্তিগত ৮৭ রানে নাজমুলের বলেই আনামুলের হাতে ক্যাচ দিয়ে ফিরে পেয়েছিলেন জীবন। তার পরও ৭১ রানে ২ উইকেট নিয়ে নাজমুলই স্বাগতিকদের পক্ষে সেরা বোলার। বাঁহাতি স্পিনার শাকেরও ২ উইকেট নিয়েছেন ৭৭ রানে।সংক্ষিপ্ত স্কোরওয়েস্ট ইন্ডিজ এইচপি ১ম ইনিংস: ৯০ ওভারে ৩৯৪/৫ (হোপ ১৪৬*, ফ্লেচার ১০৫, লেসপোরিস ৯৭; ডলার ১/৪১, মুক্তার ০/৩২, কামরুল ০/৬২, শাকের ২/৭৭, মাহমুদুল ০/৫৮, নাজমুল ২/৭১, সাব্বির ০/৪২, সৌম্য ০/৪)।