দুই সেঞ্চুরিতে ভারতের দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠে কী হলো, সে প্রসঙ্গে পরে আসা যাক। এই মাঠে যে খেলা হচ্ছে সেটাই বড় এক বিস্ময়। গত ৯ আগস্ট একটা ছবি ছাপা হয়েছিল বিশ্বের অনেক পত্রিকায়, যেটার ক্যাপশন ছিল ‘স্টেডিয়াম, না সমুদ্র!’৮ আগস্ট রাতে ৩ ঘণ্টার বৃষ্টিতে সবরমতি নদীর পানি এসে ঢোকে পাশের সরদার প্যাটেল স্টেডিয়ামে। ১৬ ইঞ্চি পানির নিচে ডুবে যায় মাঠ। মাত্র জুনেই বানানো হয়েছিল নতুন পিচ, কিউরেটর ধীরাজ পারসানা তখন ছুটিতে যুক্তরাষ্ট্রে। ৩০ জন মানুষ দুই দিন ধরে কেবল পানিই সরিয়েছে! পানি সরানোর পর দেখা গেল আউটফিল্ড-উইকেটের অবস্থা ভয়াবহ। এরপর অনেক লোকের মিলিত পরিশ্রমের ফসল এই টেস্ট।মাঠের ক্রিকেটে যা হওয়ার কথা ছিল তা-ই হয়েছে। প্রথম দিনেই নিউজিল্যান্ড ইঙ্গিত পেয়ে গেছে সিরিজের সামনের দিনগুলোয় কী অপেক্ষা করছে তাদের জন্য। আরেকটি ‘শেবাগীয়’ সেঞ্চুরি আর পুরোনো দিনের টেস্ট ক্রিকেটকে মনে করিয়ে দেওয়া রাহুল দ্রাবিড়ের সেঞ্চুরিতে প্রথম দিনেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে ভারত। দ্বিতীয় উইকেটে দুজন গড়েছেন ২৩৭ রানের জুটি, ১৯৭৬ সালে সুনীল গাভাস্কার-সুরিন্দর অমরনাথের ২০৪ রানের জুটিকে পেরিয়ে এটাই এখন দ্বিতীয় উইকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের সর্বোচ্চ জুটি।ম্যাচ শুরুর আগেই এক দফা জয়ের উল্লাস হয়ে গেছে ভারত শিবিরে। টস জয়ের পরই বিজয়ের হাসি হেসেছেন মহেন্দ্র সিং ধোনি, মাঠের বাইরে আনন্দে নেচে উঠলেন হরভজন সিং। ধোনি যে টস জিতলেন টানা নয় টেস্ট পর! কালকের টস জয়টা খুব বেশি করে চাইছিলেন ধোনি, কারণ উইকেটে বোলারদের জন্য নেই কিছুই। খেলা শুরুর পর দেখা গেল উইকেট ধারণার চেয়ে একটু বেশিই খারাপ। শ্লথ ও নিচু বাউন্সের উইকেট। আউট হওয়া তিন ব্যাটসম্যানেরই প্লেড অন হওয়া প্রমাণ করছে, বল ঠিকমতো আসে না ব্যাটে।শেবাগের ইনিংসটার মাহাত্ম্য এতে বেড়ে যাচ্ছে আরও। যে উইকেটে রান পেতে ধুঁকেছেন সবাই, সেখানেই টাইমিংয়ের অপূর্ব প্রদর্শনী রেখেছেন। ৮৪ বলে ৮৭ রান নিয়ে লাঞ্চে গিয়েছিলেন, ভেট্টোরিকে চার মেরে ২২তম সেঞ্চুরি ছুঁয়েছেন ১১১ বলে। দ্বিতীয় সেশনের শেষ দিক থেকেই অবশ্য খুব ক্লান্ত মনে হচ্ছিল তাঁকে, চা-বিরতির পর খেলেছেন রানার নিয়ে। ভেট্টোরির বলে বোল্ডও হলেন ক্লান্ত ভঙ্গিতে।দ্রাবিড় ছিলেন শেবাগের পুরো উল্টো। যখন বল খেলার সেঞ্চুরি করলেন, তাঁর রান ১৭! ফর্মে ফিরতে মরিয়া দ্রাবিড়ের ফিফটি করতেই লেগে যায় ১৫১ বল। এরপর অবশ্য নিজের সেরা সময়কে মনে করিয়ে দেওয়া কিছু শট খেলেছেন, দ্বিতীয় ফিফটি এসেছে মাত্র ৬৪ বলে। ৩০ সেঞ্চুরিতে ‘দ্য ওয়াল’ ছাড়িয়ে গেলেন ডন ব্র্যাডম্যানকে, ছুঁলেন ম্যাথু হেইডেনকে। দুই সেঞ্চুরিয়ানই অবশ্য ‘জীবন’ পেয়েছেন দুবার করে। সাবধানী ব্যাটিংয়ে শেষ বিকেলটা কাটিয়ে দিয়েছেন টেন্ডুলকার আর লক্ষ্মণ। ওয়েবসাইট।