দুই সেঞ্চুরিতে ভারতের দুর্গতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম দিনে নিউজিল্যান্ডকে পথ দেখিয়েছেন কেন উইলিয়ামসন ও ব্রেন্ডন ম্যাককালাম (সামনে)।  এএফপি
প্রথম দিনে নিউজিল্যান্ডকে পথ দেখিয়েছেন কেন উইলিয়ামসন ও ব্রেন্ডন ম্যাককালাম (সামনে)। এএফপি

ফল যা-ই হোক, নিউজিল্যান্ড সফরের এ পর্যন্ত ‘টসে’ অপরাজিত মহেন্দ্র সিং ধোনি। কাল প্রথম টেস্টটার টসও জিতলেন, সফরে ষষ্ঠবার। ইডেন পার্কের মেঘলা আবহাওয়ায় টসজয়ী ভারতীয় অধিনায়কের মুখে মুচকি হাসি। ব্যাটিংয়ে পাঠালেন নিউজিল্যান্ডকে। ইশান্ত শর্মা ও জহির খানের পেসে ৩০ রানের মধ্যেই ‘নেই’ হয়ে গেল ৩ উইকেট। নিউজিল্যান্ড তখন ‘মহা গাড্ডায়’। কিন্তু এই গাড্ডা থেকে বেরিয়ে প্রথম দিন শেষে তারা নিজেদের দেখছে স্বস্তির চূড়ায়। চতুর্থ উইকেটে কেন উইলিয়ামসন ও ব্রেন্ডন ম্যাককালামের ২২১ রানের জুটিতে নিউজিল্যান্ড ৪ উইকেটে ৩২৯।
উইলিয়ামসন (১১৩) আউট, ১৪৩ রানে অপরাজিত অধিনায়ক ম্যাককালাম। টেস্টের লাগাম হাতে নিয়ে আজ দ্বিতীয় দিনে ভারতের দুর্গতি কিউইরা কতটা বাড়িয়েছে, এতক্ষণে তার অনেকটাই আপনার জানা হয়ে গেছে। তবে দুই সেঞ্চুরিয়ানকেই ভারতীয় ফিল্ডাররা ‘জীবন’ উপহার না দিলে কিউইরা এই শক্ত জমিটা না-ও পেতে পারত। ৩২ রানের মাথায় মোহাম্মদ সামির বলে স্লিপে উইলিয়ামসনের লোপ্পা ক্যাচ ফেলেছেন মুরালি বিজয়। ১০২ রানে থাকা ম্যাককালামের ক্যাচ ফেলেছেন শিখর ধাওয়ান। সকালে দারুণ মুভমেন্ট আদায় করে ভারতীয় পেসাররা যথেষ্টই ভুগিয়েছিলেন কিউইদের। নিজের প্রথম ওভারেই প্রথম উইকেট তোলেন ইশান্ত, গালিতে ক্যাচ বানান বাঁহাতি ওপেনার হামিশ রাদারফোর্ডকে। গত দুই মাসে টেস্ট ও ওয়ানডে মিলিয়ে পাঁচটি সেঞ্চুরি করা রস টেলরও ইশান্তের শিকার। আরেক ওপেনার পিটার ফুলটনকে ফিরিয়েছেন জহির খান। কিন্তু এরপরই দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখেছেন উইলিয়ামসন ও ম্যাককালাম। ইশান্ত-জহিরদের কমজোরি শর্ট বলগুলোকে ইচ্ছেমতো খেলেছেন তাঁরা। টেস্ট সিরিজের আগে ৪-০-তে জেতা ওয়ানডে সিরিজের মতো। ১৩৫ বলে সেঞ্চুরি পূর্ণ করেছেন ম্যাককালাম, তাঁর অপরাজিত ইনিংসে ১৮টি চারের সঙ্গে ছয় মেরেছেন দুটি। ১৩৮ বলে পঞ্চম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করতে ১০টি চার ও দুটি ছয় মেরেছেন উইলিয়ামসন। ভারতীয় বোলিং দিন শেষে স্বমহিমায়, নখদন্তহীন, উদার। এটাই কি দুই ম্যাচের টেস্ট সিরিজের গতিপথ লিখে দেবে ওয়ানডের মতো? ক্রিকইনফো, এএফপি।