দুই সেঞ্চুরিতে শ্রীলঙ্কার দিন
মুত্তিয়া মুরালিধরনকে মাঠে নামতে হয়নি। তবে যখন নামবেন, তখন যেন ভারতীয়দের ওপর ঝাঁপিয়ে পড়তে পারেন, তার সব আয়োজনই করে রাখছেন তাঁর সতীর্থরা। বৃষ্টির কারণে গল টেস্টের প্রথম দিনের পুরো খেলা না হওয়ার পরও প্রথম দিনেই সেঞ্চুরি পেয়ে গেছেন দুই ব্যাটসম্যান। আজ নাটকীয় কিছু না ঘটলে প্রথম ইনিংসে বিশাল সংগ্রহের পথেই এগোচ্ছে শ্রীলঙ্কা। যে ভিত্তির ওপর দাঁড়িয়ে ছাতার মতো ফিল্ডিং সাজিয়ে বিদায়টা স্মরণীয় করে রাখার সুযোগ পাবেন স্পিন-জাদুকর।টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ দলের বিপক্ষে সেঞ্চুরিকে ‘খুব সহজ’ সেঞ্চুরি বললে অনেকেই আপত্তি করতে পারেন। তবে টেস্ট ক্যারিয়ারের ২২তম সেঞ্চুরিটাকে নিশ্চিতভাবেই তাঁর সহজ সেঞ্চুরিগুলোর একটি বলেই মানবেন কুমার সাঙ্গাকারা। ভারতের বোলিং ছিল এমনই নখদন্তহীন। ৬৮ ওভারে মাত্র দুটি উইকেট পড়েছে বলেই নয়, শ্রীলঙ্কান ব্যাটসম্যানদের অস্বস্তিতে ফেলার মতো বলই হয়েছে সারা দিনে হাতেগোনা দু-একটি। ভারত আরও ভুগেছে পুরোপুরি ফিট না থাকার পরও হরভজন সিংকে মাঠে নামানোয়। নিজের সেরার কাছাকাছিও ছিলেন না ‘ভাজ্জি’।থারাঙ্গা পারানাভিতানা আবার ছাড়িয়ে গেছেন নিজের সেরাকেও। টেস্ট দলে জায়গা পাকা করতে পারছিলেন না থিতু হয়েও বারবার উইকেট উপহার দিয়ে আসায়। কাল মনঃসংযোগের চূড়ান্ত ফল দেখিয়ে শুধু নিজের প্রথম টেস্ট সেঞ্চুরিটাই পেলেন না, আলোকস্বল্পতায় দিনের খেলা শেষ হওয়ার সময় মাঠ ছাড়লেন অপরাজিত থেকে। ৩৫ রানে ক্যাচের মতো দিয়েছিলেন, সিলি পয়েন্টে তা কাজে লাগাতে পারেননি গম্ভীর।সাঙ্গাকারা অবশ্য ৬৫ রানের মাথায় পরিষ্কার সুযোগ দিয়েছিলেন, যেটা হাতছাড়া করেছেন প্রতিপক্ষ অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। দুর্ভাগা বোলারের নাম শেবাগ। সেঞ্চুরির পর অবশ্য তাঁকে আউট করেছেন ওই শেবাগই, তবে সেটা যত না শেবাগের বোলিংয়ের কৃতিত্ব, তার চেয়ে বেশি সাঙ্গাকারার ব্যর্থতা। শর্ট পিচ বলটিকে চাইলে মাঠের যেকোনো প্রান্তে পাঠাতে পারতেন সাঙ্গাকারা, কিন্তু তুলে দিলেন কিনা মিড উইকেট সীমানার গজ পনেরো ভেতরে দাঁড়ানো শচীন টেন্ডুলকারের হাতে!কাল ভারতীয় বোলিংয়ে সবচেয়ে বড় হতাশার নাম ইশান্ত শর্মা। জহির-শ্রীশান্তের ইনজুরিতে এই টেস্টে ভারতের মূল পেসার ওভারপ্রতি রান দিয়েছেন প্রায় ৬ করে। সকালে উইকেটের আর্দ্রতা কাজে লাগাবেন কী, প্রথম ৫ ওভারেই দিয়ে দিলেন ৪১ রান। তুলনায় অনেক উজ্জ্বল ছিলেন অভিষিক্ত অভিমন্যু মিথুন। গত নভেম্বরে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেকেই হ্যাটট্রিকসহ ১১ উইকেট নিয়েছিলেন। বোর্ডার-গাভাস্কার বৃত্তি নিয়ে মাসখানেক আগে ঘুরে এসেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার সেন্টার অব এক্সেলেন্সে। কাল দারুণ এক বাউন্সারে দিলশানকে আউট করে পেলেন প্রথম টেস্ট উইকেট। নজর কেড়েছেন দুদিকেই বল সুইং করিয়ে। তবে ভারতকে ম্যাচে ফিরতে হলে আজ শুধু তাঁকেই নয়, জ্বলে উঠতে হবে অন্য বোলারদেরও। তথ্যসূত্র: টেন স্পোর্টস।