দুই সেঞ্চুরির নিচে চাপা আবাহনী

প্রাইম দোলেশ্বরের কাছে আবাহনীর ৫৮ রানের হারকে কী বলবেন—অঘটন? ক্লাবের নামের ওজন হিসাব করলে অবশ্যই তা-ই। তবে দলবদলের নতুন রূপ ‘প্লেয়ার বাই চয়েজ’-এ আবাহনী ঠিক আবাহনীর মতো দল গড়তে পারেনি। কাগজে-কলমের শক্তিতে প্রাইম দোলেশ্বরের সঙ্গে তাই তাদের খুব বেশি তফাত নেই।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে কাল আবাহনী হারলেও ফতুল্লার ম্যাচে কলাবাগান ক্রিকেট একাডেমিকে ৫ উইকেটে হারিয়েছে মোহামেডান। আর বিকেএসপিতে আরেক বড় দল শেখ জামাল ধানমন্ডি ক্লাব হারতে হারতে বেঁচে গেছে অল্পের জন্য। সিসিএস শেখ জামালকে হারিয়ে দিলে সেটি অবশ্য বড় অঘটনই হতো। বৃষ্টির বাধায় ফতুল্লা আর বিকেএসপির ম্যাচ দুটিরই নিষ্পত্তি হয়েছে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে।
৪১ রানের মধ্যে প্রাইম দোলেশ্বরের ৩ উইকেট তুলে নিয়ে আবাহনীকে দারুণ এক শুরু এনে দিয়েছিলেন দুই পেসার আলাউদ্দিন বাবু ও আল আমিন। কিন্তু নাবিল সামাদের বলে আল আমিনের হাত ফসকে পড়ে যাওয়া মমিনুলের ক্যাচটা শেষ পর্যন্ত অভিশাপ হয়ে দাঁড়ায় দলের জন্য। প্রথম ম্যাচে ৬ উইকেট নিয়েছিলেন আল আমিন, কাল নিলেন ৫ উইকেট এবং এর মধ্যে আছে মমিনুলেরটাও। কিন্তু এর আগেই যে নতুন জীবন পেয়ে প্রিমিয়ার ক্রিকেট লিগে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন মমিনুল! দুই ছক্কা ও ১৩ বাউন্ডারিতে ১২২ বলে ১২৯ রানের ইনিংসের পথে চতুর্থ উইকেটে শ্রীলঙ্কান রোশান শিভাঙ্কা সিলভার সঙ্গে গড়েছেন ২৭৬ রানের বিশাল জুটি। সেঞ্চুরি করেছেন শিভাঙ্কাও (১৪০)।

৩২০ রানের পাহাড় টপকাতে গিয়ে ৩ রানের মধ্যে দুই ওপেনার শাহরিয়ার নাফীস ও নাজিমউদ্দিনকে হারিয়ে বসে আবাহনী। ৩৭ রানের মাথায় ইন্ডিকা ডি সরমও ফিরে যাওয়ায় মনে হচ্ছিল, তারা বোধ হয় সত্যি সত্যিই চাপা পড়ছে রান-পাহাড়ের নিচে। ম্যাচ জেতাতে না পারলেও অন্তত সেই লজ্জা থেকে দলকে বাঁচিয়েছেন মোসাদ্দেক হোসেন ও থারাঙ্গা পারানাভিতানা (৮১)। চতুর্থ উইকেটে দুজন গড়েছেন ১৬৫ রানের জুটি। ১০৬ বলে ১২টি বাউন্ডারিতে ঠিক ১০০ রান করে আউট হয়েছেন অনূর্ধ্ব-১৯ দলের অলরাউন্ডার মোসাদ্দেক। আবাহনী অবশ্য একজন ব্যাটসম্যান কম নিয়ে খেলেছে, ফিল্ডিংয়ের সময় চোট পাওয়ায় ব্যাটিং করতে পারেননি লিটন কুমার দাস।

দুই দিন আগে বিকেএসপির উইকেট নিয়ে সমালোচনামুখর হয়েছিলেন তামিম ইকবাল। কিন্তু কাল সে মাঠেই রুদ্ধশ্বাস এক ম্যাচ হয়ে গেল শেখ জামাল আর সিসিএসের মধ্যে। সিসিএসের ২৪৭ রানের জবাবে শেখ জামাল ম্যাচ জিতেছে এক বল বাকি থাকতে। শেখ জামালের ইনিংসের সময় বৃষ্টি নামায় ৩৩ মিনিট বন্ধ ছিল খেলা। ৪৭ ওভারে ২৩৯ রানের নতুন লক্ষ্য নিয়ে খেলতে নামা শেখ জামালের জয়ের জন্য শেষ ওভারে দরকার ছিল ৫ রান। সুজিত পারবাতানির প্রথম দুই বলে দুটি সিঙ্গেল আসে, তৃতীয় বলে স্টাম্পড হয়ে যান শ্রীলঙ্কান কৌশল্য কুলাসেকারা। পরের বলে আরেকটি সিঙ্গেলের পর পঞ্চম বলে বাউন্ডারি মেরে দলকে জিতিয়ে দেন রাজ্জাক। এর আগে ৩০ রানে ২ উইকেট পড়ে যাওয়ার পর তৃতীয় উইকেটজুটিতে ওপেনার জুনায়েদ (৪২) ও অধিনায়ক মুশফিক (৩৬) যোগ করেন ৬১ রান। ১৮ রানের মধ্যে এই দুজনের বিদায়ের পর দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান শেখ জামালের আফগান ব্যাটসম্যান মোহাম্মদ শেহজাদ (৮৩)।
ফতুল্লার ম্যাচে কলাবাগান একাডেমি নেমেছিল দুই জিম্বাবুইয়ানকে নিয়ে। কিন্তু ভুসি সিবান্দা (১) ও সিকান্দার রাজা (৮) দুজনই ব্যর্থ। দলটা করতে পারল মাত্র ১৪০। এরপর মোহামেডানকে জয়বঞ্চিত করতে পারত শুধুই বৃষ্টি। ‘বৃষ্টি’ সেই চেষ্টাও করেছিল, কিন্তু খেলা প্রায় দুই ঘণ্টা বন্ধ রাখার বেশি কিছু করতে পারেনি। ৪.৩ ওভারে ১ উইকেটে ৩২ রানে বৃষ্টি নামে। আবার খেলা শুরু হওয়ার পর ৩৪ ওভারে ১১৯ রানের নতুন লক্ষ্যে হাতে ৫ উইকেট রেখেই পৌঁছে যায় মোহামেডান।

সং ক্ষি প্ত স্কো র
প্রাইম দোলেশ্বর: ৫০ ওভারে ৩২০/৬ (মেহেদী ১২, রনি ৬, সাম্পাথ ১৫, মমিনুল ১২৯, শিভাঙ্কা ১৪০, সাব্বির ১, ফরহাদ রেজা ০*; আল আমিন ৫/৬৫, আলাউদ্দিন ১/৭৯, নাবিল ০/৫৭, জানাকা ০/৪১, মোসাদ্দেক ০/৩৪, তাপস ঘোষ ০/৩১, পারানাভিতানা ০/৮)। আবাহনী: ৪৮.৪ ওভারে ২৬২/৯ (নাজিমউদ্দিন ১, শাহরিয়ার ১, পারানাভিতানা ৮১, ইন্ডিকা ১২, মোসাদ্দেক ১০০, জানাকা ১২, তাপস ঘোষ ২২, আলাউদ্দিন ১, নাবিল ৯*, আল আমিন ১, লিটন আহত অবসর ০; সোহাগ ২/৪২, ফরহাদ রেজা ৫/৫১, রবিউল রবি ০/৫০, আসলাম ১/২৪, মমিনুল ০/১৮, তাইজুল ১/৫২, সাব্বির ০/১৪)। ফল: প্রাইম দোলেশ্বর ৫৮ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: রোশান শিভাঙ্কা সিলভা (প্রাইম দোলেশ্বর)।
কলাবাগান সিএ: ৪৩.২ ওভারে ১৪০ (মিজানুর ৭, সিবান্দা ১, মার্শাল ২২, সিকান্দার ৮, সগীর ১৩, জাকারিয়া ৮, শরীফউল্লাহ ৫০, নাজমুল অপু ০, দেওয়ান সাব্বির ৯, তালহা ১৩, মাকসুদুল ১*; মুক্তার ২/১৪, সাকলাইন ১/২৭, মুরাদ ৩/২৮, মাশরাফি ১/৩১, দিলশান ২/২২, শাকির ০/৫, নবী ১/১২)। মোহামেডান: ২৬.৪ ওভারে ১২১/৫ (সায়েম ৬, দিলশান ৪৪, শামসুর ২৮, শাকির ৩, রাজিন ১৫*, নবী ০, ধীমান ১৩*; তালহা ১/২২, শরীফউল্লাহ ০/১৬, নাজমুল অপু ১/২৮, দেওয়ান সাব্বির ০/৫, মাকসুদুল ৩/২৫, জাকারিয়া ০/১২, সিকান্দার ০/৮)। ফল: মোহামেডান ৫ উইকেটে জয়ী (ডি/এল)। ম্যান অব দ্য ম্যাচ: তিলকরত্নে দিলশান (মোহামেডান)।
সিসিএস: ৫০ ওভারে ২৪৭ (উত্তম ৫৬, অমিত ৩০, রুপাসিঙ্গে ৫০, আসিফ ১, পারবাতানি ১৭, নাজমুল মিলন ৩৩, নুরুল ৩৫, তুষারা ৫, শাফাক ০, বিশ্বনাথ ৭, অমিত ১*; শফিউল ৩/৫০, কুলাসেকারা ০/৩২, রাজ্জাক ২/৪৫, মুনাবিরা ২/৩৯, ইলিয়াস সানি ০/৪৭, নাহিদুল ১/১৭, তুষার ইমরান ০/১২)। শেখ জামাল: ৪৬.৫ ওভারে ২৪১/৯ (জহুরুল ১৮, জুনায়েদ ৪২, মুনাবিরা ০, মুশফিকুর ৩৬, শেহজাদ ৮৩, ইলিয়াস সানি ২০, তুষার ইমরান ১৩, নাহিদুল ৪, রাজ্জাক ৯*, কুলাসেকারা ২, শফিউল ১*; তুষারা ১/৪০, শাফাক ০/১৩, বিশ্বনাথ ৩/৩৬, আসিফ ৩/৩৪, পারাবাতানি ১/৪৭, অমিত ০/৫৫, উত্তম ১/১৩)। ফল: শেখ জামাল ১ উইকেটে জয়ী (ডি/এল)। ম্যান অব দ্য ম্যাচ: মোহাম্মদ শেহজাদ (শেখ জামাল)।