দুই সেঞ্চুরির সঙ্গে হ্যাটট্রিকও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাঈম: ১০৪
নাঈম: ১০৪

খেলা দেখতে এসেও ভেতরে ঢুকতে না পেরে নাকি বিকেএসপির গেটেই ইটপাটকেল ছুড়ে গেছে এক দল দর্শক। তবে ব্রাদার্স-গাজী ট্যাংক ক্রিকেটার্সের ম্যাচটা না দেখতে পারায় খুব বেশি আফসোসের কারণ নেই তাদের। হ্যাঁ, তামিম ইকবালের সেঞ্চুরিটা বরাবরের মতোই চিত্তাকর্ষক ছিল। তবে মৌসুমের প্রথম ‘বড়’ ম্যাচে প্রতিদ্বন্দ্বিতার ছিটেফোঁটাও ছিল না। ব্রাদার্স জিতেছে ১৩৬ রানের বিশাল ব্যবধানে।ফতুল্লা আর বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামেও ম্যাড়মেড়ে ম্যাচই হয়েছে কাল। তবে বগুড়ার ম্যাচটি দেখেছে সেঞ্চুরি ও হ্যাটট্রিক দুটিই। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের তাপস বৈশ্যের হ্যাটট্রিক অবশ্য আড়ালে পড়ে গেছে নাঈম ইসলামের সেঞ্চুরিতে (১০৪)। যেটির কল্যাণে ৮৬ রানের সহজ জয় পেয়েছে কলাবাগান ক্রীড়াচক্র। ফতুল্লায় খেলাঘরকে ৫ উইকেটে হারিয়ে লিগে প্রথম জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া। কলাবাগান ক্রিকেট একাডেমির বিপক্ষে তাদের প্রথম ম্যাচটা বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। নাফিস ইকবাল সেঞ্চুরি দিয়ে শুরু করেছেন লিগ। কাল ব্রাদার্সের দ্বিতীয় ম্যাচে শতরানের দেখা পেলেন তাঁর ছোট ভাই তামিম ইকবালও। দুই ভাই মিলে দ্বিতীয় উইকেটে ৯৭ রানের একটা জুটিও গড়লেন। সে তুলনায় দুই বিদেশি অ্যাঞ্জেলো ম্যাথুজ (১৩) ও আজহার মেহমুদ (৩৩) করতে পারেননি তেমন কিছুই। ব্রাদার্সের আরেক বিদেশি, শ্রীলঙ্কান অফ স্পিনার সচিত্রা সেনানায়েকে নতুন বলে বোলিং শুরু করে ১ উইকেট নিয়েছেন। তামিমের সেঞ্চুরি মানেই বিনোদনের অফুরন্ত খোরাক। ১১ বাউন্ডারি আর তিন ছক্কার (যার দুটিতেই পাশের ঝোপঝাড় থেকে বল খুঁজে আনতে হয়েছে) সেঞ্চুরিটাও ঠিক সেই রকম। ৬২ বলে ফিফটি করেছেন, সেঞ্চুরি ৯১ বলে। তবে তামিম ব্যাটিংয়ে যতটা না আনন্দ দিয়েছেন, তার চেয়ে বেশি কৌতুক উপহার দিলেন ছক্কা, ফিফটি বা সেঞ্চুরির পর প্রতিপক্ষ গাজী ট্যাংকের ড্রেসিংরুমের দিকে ব্যাট উঁচিয়ে আর নানা অঙ্গভঙ্গি করে।

তাপস: হ্যাটট্রিক!
তাপস: হ্যাটট্রিক!

পরে অবশ্য নিজেই বলেছেন, মজাটা তিনি করেছেন আসলে গাজী ট্যাংকের মালিক লুৎফর রহমানের সঙ্গে। গতবার তাঁর সাবেক দল ভিক্টোরিয়ায় খেলেছেন, দুষ্টুমির সম্পর্কটাও সেই থেকে। লটারিতে দল নির্ধারিত না হলে এবার হয়তো গাজী ট্যাংকেই খেলতেন। সেই গাজী ট্যাংককেই পোড়ালেন তাঁর ব্যাটের আগুনে।তামিমই ব্যতিক্রম। বাকি সব ব্যাটসম্যানকেই বিকেএসপির ৩ নম্বর মাঠের উইকেট যারপরনাই ভুগিয়েছে। তামিম ছাড়া ব্রাদার্সের বাকি ১০ জন ব্যাটসম্যান মিলে করেছেন ১২৩ রান। শুরুতে লক্ষ্য ছিল ২৪৭, কিন্তু মাঝে বৃষ্টিতে বাধা পাওয়ায় ৩৮ ওভারে ২৪৪ রানের লক্ষ্য পেয়ে গাজী ট্যাংক করেছে ১০৭। উইকেটের ফায়দা ভালোই তুলেছেন গাজী ট্যাংকের পেসার রুবেল হোসেন। প্রথম ম্যাচে নিয়েছিলেন ৬ উইকেট, কাল ৩৭ রানে ৫ উইকেট নিয়ে উঁচিয়ে ধরলেন বল। যদিও সেটার চেয়ে তামিমের ব্যাট উঁচিয়ে ধরাটাই ফলাফল নির্ধারক বলে ম্যান অব দ্য ম্যাচও তিনি।সাকিব আল হাসানের অনুপস্থিতি বিদেশি ক্রিকেটার দিয়ে পোষাতে চেষ্টা করছে কলাবাগান ক্রীড়াচক্র। যদিও শ্রীলঙ্কান চামারা কাপুগেদারা বা জিহান মুবারক নন, কলাবাগানকে লিগে প্রথম জয় এনে দিলেন নাঈম। ৮০ রানে ৩ উইকেট পড়ার পর ফরহাদ, নাদিফ ও তাসামুলের সঙ্গে ৬৮, ৪১ ও ৪৪ রানের তিনটি জুটিতে দলের রান দুই শর ওপরে নিয়ে যান নাঈমই। ৫৩ বলে ফিফটি করেছেন নাঈম, সেঞ্চুরি ৯২ বলে। তাপস বৈশ্যের করা ইনিংসের শেষ ওভারের চতুর্থ বলে আউট হয়েছেন নাঈম। পরের দুই বলে শাহাদাত আর রকিবুলকেও ফিরিয়ে দিয়ে প্রিমিয়ার লিগে নিজের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন তাপস। তবে এ নিয়ে খুব একটা উচ্ছ্বাস নেই তাঁর, ‘ইনিংসের শেষ তিনটা বল ছিল, ওই সময়ে হ্যাটট্রিকে আসলে খুশি হওয়ার কিছু নেই। আর আমি তো প্রথমে বুঝতেই পারিনি হ্যাটট্রিক হয়েছে। জীবন মেন্ডিস রকিবুলের ক্যাচটা নেওয়ার পর বলল, আমার হ্যাটট্রিক হয়েছে!’কিন্তু এলোপাতাড়ি ব্যাট চালিয়ে আত্মহত্যার মিছিলে শামিল ব্যাটসম্যানদের কারণে দিন শেষে ম্লানই হয়ে গেছে তাপসের এই সাফল্য। প্রাইম ব্যাংকের পক্ষে সর্বোচ্চ রান শ্রীলঙ্কান ভানুকা রাজাপক্ষের (৫০)। ভিক্টোরিয়াকে প্রথম জয় উপহার দিয়ে ফতুল্লায় কাল লিগে নিজেদের দ্বিতীয় পরাজয় মেনে নিয়েছে নবাগত খেলাঘর। ৭ উইকেটে ১১৮ রান করেছিল খেলাঘর। অধিনায়ক নাসির হোসেনের ৬৯ বলে ৬৬ রানের সৌজন্যে ভিক্টোরিয়া ম্যাচ জিতে যায় ৩৩.১ ওভারেই।

সং ক্ষি প্ত  স্কো র

এবার ৫ উইকেট! সে আনন্দে বল দেখাচ্ছেন রুবেল প্রথম আলো
এবার ৫ উইকেট! সে আনন্দে বল দেখাচ্ছেন রুবেল প্রথম আলো

ব্রাদার্স-গাজী ট্যাংক

ব্রাদার্স: ৪৯.২ ওভারে ২৪৬ (তামিম ১০০, ইমতিয়াজ ১৬, নাফিস ৩৮, ম্যাথুস ১৩, অলক ৮, মেহমুদ ৩৩, মেহরাব ১২, সোহরাওয়ার্দী ১, সেনানায়েকে ২, সানজামুল ০*, আহসানুল ০; রুবেল ৫/৩৭, বীরারত্নে ০/২৫, মাহমুদউল্লাহ ১/৪৭, স্টাইরিস ০/২০, আফতাব ০/৪, নাঈম জু. ১/৪৮, আরাফাত সানি ২/৪৭, নূর ১/১৬)। গাজী ট্যাংক: ৩৮ ওভারে ১০৭/৯ (ইমরুল ৯, হামিদুল ৪, আফতাব ৩৬, রকিবুল ০, মাহমুদউল্লাহ ০, বীরারত্নে ৩, স্টাইরিস ০, আরাফাত সানি ৬, নূর ১০, নাঈম জু. ১৩*, রুবেল ১৮*; সেনানায়েকে ১/১৪, ম্যাথুস ১/১৩, মেহমুদ ২/৫, সানজামুল ২/২৫, সোহরাওয়ার্দী ১/৩১, ইমতিয়াজ ২/৫, অলক ০/১০)।
ফল: ব্রাদার্স ১৩৬ রানে জয়ী (ডি/এল পদ্ধতিতে)।
ম্যান অব দ্য ম্যাচ: তামিম ইকবাল (ব্রাদার্স)।

ভিক্টোরিয়া-খেলাঘর
খেলাঘর: ৫০ ওভারে ১১৮/৭ (রকিব ৩, নিয়াজ ৮, ফজলে রাব্বি ২০, শুভাগত ২১, ফয়সাল ১২, মোসাদ্দেক ২৯*, আরিফুল ৪, আরাফাত সালাউদ্দিন ৭, নিজামউদ্দিন ১১*; সাজেদুল ১/১১, শরীফ ১/১৭, নাসির ১/১৭, মনির ০/৩২, এনামুল ২/২৫, সাকের ১/১৫, সৌম্য ০/১)। ভিক্টোরিয়া: ৩৩.১ ওভারে ১১৯/৫ (সৌম্য ১০, মাইশুকুর ১, এনামুল বিজয় ১২, নাসির ৬৬, জুবায়ের ১৬*, জোবায়ের ০, সাজেদুল ৯*; শুভাগত ১/২০, আরাফাত সালাউদ্দিন ০/১৩, ফয়সাল ০/৩১, ফোরকান ১/২০, আরিফুল ০/১১, নিজামউদ্দিন ২/২৪)।
ফল: ভিক্টোরিয়া ৫ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: নাসির হোসেন (ভিক্টোরিয়া)।

প্রাইম ব্যাংক-কলাবাগান কেসি
কলাবাগান কেসি: ৫০ ওভারে ২৫৪ (মিঠুন ২৭, নাসিরউদ্দিন ১১, ফরহাদ হোসেন ৩৪, কাপুগেদারা ২৯, নাঈম ১০৪, মুবারক ৪, নাদিফ ১২, তাসামুল ১৯, শাহাদাত ৫, ডি সিলভা ০*, রকিবুল ০; তাপস ৩/৩৪, ডলার ০/১৬, ফরিদউদ্দিন ১/২৩, এনামুল জু. ১/৫৪, মেন্ডিস ৩/৫৩, জিয়াউর ১/৪১, তায়েবুর ০/২৬, মাহমুদুল ০/৬)। প্রাইম ব্যাংক: ৪১.৪ ওভারে ১৬৮ (সৈকত ১৬, জিয়াউর ২৪, রাজাপক্ষে ৫০, মেন্ডিস ৫, মাহমুদুল ১৫, ডি জয়সা ১১, তায়েবুর ৮, ডলার ৬, ফরিদউদ্দিন ২৬*, এনামুল জু. ০, তাপস ২; ডি সিলভা ২/১৭, মুবারক ৩/৪১, রকিবুল ২/৩৬, ফরহাদ হোসেন ২/২৮, নাঈম ০/২৬, শাহাদাত ০/১৯)।

ফল: কলাবাগান কেসি ৮৬ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: নাঈম ইসলাম (কলাবাগান কেসি)।