টেস্টটা শেষ পর্যন্ত হেরেই গেলাম! তবে হারলেও এই টেস্ট নিয়ে খুব বেশি নেতিবাচক কথা বলার উপায় নেই। অনেক ভালো খেলেছে আমাদের ক্রিকেটাররা। এক বছর পর খেলতে নেমে এমন দারুণ একটা টেস্ট তারা উপহার দেবে, কে ভেবেছিল? হ্যাঁ, সাড়ে চার দিন ভালো খেলেও হেরে যাওয়ার পর হতাশা থাকবেই। কিন্তু টেস্ট ক্রিকেটের সৌন্দর্যও যে এখানেই!শেষ দিনের দুটি সেশনেই আমরা হেরে গেছি। বিশেষ করে টিনো বেস্টের অসাধারণ বোলিংয়ের কাছে। কিছু বাজে শটও ছিল আমাদের ব্যাটসম্যানদের। বাইরের বল খেলতে গেছে অনেকে। সেটা না করে উইকেটে টিকে থাকার চেষ্টা করাই বোধ হয় ভালো ছিল। দু-একটা আউট হয়তো তখন আটকানো যেত।জানি না, শেষ দিনে জেতার জন্য নাকি ড্রয়ের জন্য খেলেছে বাংলাদেশ দল। আমার মনে হয় উদ্দেশ্য ড্র-ই ছিল। ড্রয়ের জন্য খেললে জেতার সম্ভাবনাও থাকে। সে ক্ষেত্রে আরেকটু ভালো খেললেই পূরণ হয়ে যেত উদ্দেশ্য। তা না হওয়ায় উইকেটেরও একটা অবদান দেখি আমি। তবে আবারও বলি, আমরা টেস্ট ম্যাচ খেলেছি এক বছর পর। এই এক বছরে জাতীয় লিগের দুটি ম্যাচ ছাড়া বেশির ভাগ ক্রিকেটারই দীর্ঘ পরিসরের ম্যাচ খেলেনি। তার পরও সবাই যেভাবে খেলল, অভিনন্দন বাংলাদেশ দল পেতেই পারে।আমি এখন সিলেটে জাতীয় লিগের ম্যাচ খেলছি। ড্রেসিংরুমে টেলিভিশন থাকায় ড্রিংকস, লাঞ্চের সময়গুলোয় খেলা দেখার সুযোগ হয়েছে। সকালে যখন দেখলাম ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা বেশিক্ষণ উইকেটে থাকতে পারল না, তখনই মনে হচ্ছিল এই উইকেটে রান করা কঠিন হবে আমাদের জন্যও।সোহাগ গাজীকে অভিনন্দন। অভিষেক টেস্টেই নিজেকে চেনাতে পেরেছে এই তরুণ অফ স্পিনার। দারুণ একটা অভিষেক হলো। এখন এই পারফরম্যান্স ধরে রাখতে হবে। সঠিক অনুশীলনের মাধ্যমে জাতীয় দলের গুরুত্বপূর্ণ একজন বোলার হয়ে উঠতে পারে সোহাগ। তবে সামনে অনেকটা পথ পড়ে আছে। চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে প্রতিনিয়ত। আশা করব, সোহাগ সেসব চ্যালেঞ্জ উতরে সাফল্যের সঙ্গে এগিয়ে যাবে।প্রথম টেস্টে পুরো দল যে রকম খেলল, আমি বলব না যে খুলনার দ্বিতীয় টেস্টে এর চেয়েও ভালো খেলতে হবে। আমার মনে হয়, ঢাকার খেলাটা খুলনায় ধরে রাখতে পারলেও ভালো কিছু হওয়া সম্ভব। ঢাকায় আমরা ভালো খেলেও পারিনি ওয়েস্ট ইন্ডিজের বোলাররা বেশি ভালো বল করে ফেলায়। খুলনায় সেটা না-ও হতে পারে। তবে আমাদেরও গা ছেড়ে দেওয়া যাবে না। টেস্ট ক্রিকেটে অনেক সময় এটা হয়। নিজেদের সঙ্গে নিজেদের এই লড়াইটা জিততে পারলে, আর প্রথম টেস্টের আত্মবিশ্বাস কাজে লাগাতে পারলে খুলনার অভিষেক টেস্টটাও হতে পারে অন্য রকম। সেই আশাতেই থাকলাম।