দুই ‘গঞ্জ’ শেষ আটে ব্রাদার্সেরও বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের ম্যাচে ফরাশগঞ্জের কাছে হেরে খাদের কিনারে চলে গিয়েছিল ব্রাদার্স। আর উঠে দাঁড়াতে পারল না সৈয়দ নইমুদ্দিনের দল। মোহামেডানের পথ ধরে ব্রাদার্সও বিদায় নিল ফেডারেশন কাপ থেকে। শেষ আটে যাওয়ার জন্য কাল রহমতগঞ্জের বিপক্ষে জিততেই হতো। কিন্তু কমলাপুর স্টেডিয়ামে ব্রাদার্স রহমতগঞ্জের সঙ্গে করল ড্র (৩-৩)। ফলে তিন ম্যাচে মাত্র ২ পয়েন্ট পাওয়া ব্রাদার্সের দৌড় শেষ গ্রুপ পর্বেই।তিন ম্যাচে এক জয় আর দুই ড্রয়ে গ্রুপ রানার্সআপ হয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট তুলে নিয়েছে রহমতগঞ্জ। ‘ডি’ গ্রুপ চ্যাম্পিয়ন রহমতগঞ্জেরই প্রতিবেশী ফরাশগঞ্জ, কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে ওয়ারীকে ২-০ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে গত বছরের স্বাধীনতা কাপ জয়ীরা। ফরাশগঞ্জের তিন ম্যাচে দুই জয়, এক ড্র। শেষ আটে মুক্তিযোদ্ধার সামনে দাঁড়াবে ফরাশগঞ্জ। রহমতগঞ্জের প্রতিপক্ষ বিজেএমসি।ওয়ারীর বিপক্ষে ৫৪ মিনিটে অধিনায়ক পাশবন মোল্লা এগিয়ে নেন ফরাশগঞ্জকে। ৮১ মিনিটে রুবেলের দূরপাল্লার শটে ২-০। প্রতিপক্ষ স্ট্রাইকার জুনাপিউর সঙ্গে বিবাদে জড়িয়ে ওয়ারীর মোখলেস লাল কার্ড দেখেছেন। দলটির কোচ মিরাজ ওই সিদ্ধান্ত না মানায় তাঁকে টেন্ট থেকে বহিষ্কার করেন রেফারি।ড্র ছিল ব্রাদার্সের জন্য হতাশার। ছয় গোলের আকর্ষণীয় ম্যাচে কবির প্রথমে এগিয়ে নেন ব্রাদার্সকে। কিন্তু পিছিয়ে পড়া রহমতগঞ্জ কিছু সময় পরই এগিয়ে যায় লাকি ডিভাইনের টানা দুই গোলে। অনিক ২-২ করলেও রহমতগঞ্জকে এগিয়ে নেন বাঙ্গুরা। শেষ মুহূর্তে অ্যাডামসের গোলে হার এড়ায় ব্রাদার্স। খান মোহাম্মদ ৭২ মিনিটে লাল কার্ড দেখলে ব্রাদার্সকে ১০ জন নিয়ে খেলতে হয়েছে।তিন ম্যাচে দুই ড্র, এক হার। ব্রাদার্স কোচ নইমুদ্দিন এই বিদায় মেনে তাকাচ্ছেন সামনে, ‘আশাহত হওয়ার কিছু নেই। আজ খেলা ভালো হয়েছে। তবে আমাদের আরও পরিশ্রম করতে হবে।’