দুই 'ডেনিশ' বন্ধুর লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের বিপক্ষে আজকের ম্যাচের রণকৌশল বোঝাচ্ছেন কোচ লোডভিক ডি ক্রুইফ। মগ্ন শ্রোতা নাসির (মাথায় ব্যান্ডেজ বাঁধা), আরিফুল (মাঝে) ও মিশু। কাল পুলিশ সদর দপ্তর মাঠে শামসুল হক
পাকিস্তানের বিপক্ষে আজকের ম্যাচের রণকৌশল বোঝাচ্ছেন কোচ লোডভিক ডি ক্রুইফ। মগ্ন শ্রোতা নাসির (মাথায় ব্যান্ডেজ বাঁধা), আরিফুল (মাঝে) ও মিশু। কাল পুলিশ সদর দপ্তর মাঠে শামসুল হক

তিন বছর আগে দুজনই খেলেছেন একই ক্লাবে। সেই সূত্রে গড়ে উঠেছে বন্ধুত্ব। কোপেনহেগেনে দুজন থাকেনও কাছাকাছি। গাড়িতে ১০ মিনিটের রাস্তা। সেই কাছের দুই বন্ধুই আজ শত্রু!
হাসান বশির ও জামাল ভূঁইয়া। প্রথমজন পাকিস্তানি বংশোদ্ভূত ডেনিশ। দ্বিতীয়জন বাংলাদেশি বংশোদ্ভূত। দুজনের বড় মিল, জন্ম তাঁদের ডেনমার্কেই। জামালের মা-বাবা বাংলাদেশি। বশিরের পাকিস্তানি।
সেই নাড়ির টানই দুজনকে এনেছে কাঠমান্ডু। সাফ ফুটবলে আজ বাংলাদেশ-পাকিস্তান লড়াইয়ের ভেতর বশির-জামাল লড়াইটাও তাই দেখার। পাকিস্তানের এই দলে আরও দুজন পাকিস্তানি বংশোদ্ভূত ডেনিশ ফুটবলার আছেন—গোলরক্ষক ইউসুফু বাট ও লেফটব্যাক ইয়াকুর বাট। তাঁরা দুজন আবার সহোদর। তিনজনকেই ভালোভাবে চেনেন জামাল। তবে বশিরের সঙ্গে বন্ধুত্বটা বেশি।
কাল হোটেল লবিতে দাঁড়িয়ে এটাই বলছিলেন স্ট্রাইকার বশির। আগের দিন নেপালের বিপক্ষে গোল করেও দলকে শেষ পর্যন্ত জেতাতে না-পারার আক্ষেপ নিয়েই শুরু করেছিলেন পাকিস্তানের ‘নাম্বার ইলেভেন’। তারপর এল জামাল প্রসঙ্গ, যিনি পরছেন লাল-সবুজের ১৫ নম্বর জার্সি। জামালকে চেনেন কি না জিজ্ঞেস করতেই ২৬ বছরের তরুণের ঝটপট জবাব, ‘চিনি মানে! ও তো আমার বন্ধু। তিন বছর আগে আমরা ডেনমার্কের নিচের দিকের ডিভিশনে একটা ক্লাবে একই সঙ্গে খেলেছি।’
এখন অবশ্য দুজন দুই লিগে। বশির ডেনমার্কের দ্বিতীয় বিভাগের দল ফ্রিম্যাড আমেজারে খেলছেন। জামালের ঠিকানা চতুর্থ বিভাগের একটা দল। বশির যতটা সামনে এগোতে পেরেছেন, জামাল ততটা পারেননি।
এ পর্যন্ত ডেনিশ ঘরোয়া ফুটবলে ১৫০টির মতো ম্যাচে সত্তরের বেশি গোল আছে বশিরের। মুখভর্তি দাঁড়ির দীর্ঘদেহী তরুণকে দেখতে আর ১০ জন পাকিস্তানির মতোই। চাঁদ-তারা জার্সি গায়ে গোটা আটেক ম্যাচও খেলেছেন। অভিষেক গত বছর সিঙ্গাপুরে। পাকিস্তানের হয়ে গোল পেয়েছেন তিনটি। আর বাংলাদেশের হয়ে জামাল আজ খেলবেন ক্যারিয়ারেরই তৃতীয় আন্তর্জাতিক ম্যাচ। এই অষ্টম সাফ ফুটবলেই লাল-সবুজ জার্গি গায়ে অভিষেক হয়েছে ২৩ বছরের তরুণের। গোল পাননি, মাঝমাঠে অবশ্য ভালোই করছেন।

জামাল ভূঁইয়া ও হাসান বশির
জামাল ভূঁইয়া ও হাসান বশির


দুই বন্ধুর আবাস এখন কাঠমান্ডুর হোটেল এভারেস্ট। কাছাকাছিই কক্ষ। তবে দুজনের মধ্যে উঠে দাঁড়িয়েছে বড় এক বিভাজনরেখা। সেটি শুধুই আজকের ম্যাচে। এই ম্যাচের পর আবার তাঁরা বন্ধু। যতই কাছের বন্ধু হোন, আজ একে অন্যকে এতটুকু ছাড় দিতে রাজি নন। বশির হাসতে হাসতে বলছিলেন, ‘কাল (আজ) আমি জামালকে হারাতে চাই। আমি খুবই সিরিয়াস। আমাদের মধ্যে যতই বন্ধুত্ব থাকুক, মাঠে কিন্তু দুজন প্রতিপক্ষ।’
জামালেরও একই কথা। বন্ধুর জন্য শুভকামনা থাকলেও মাঠে নিজেকে উজাড় করে দেওয়ারই প্রতিজ্ঞা, ‘বশির খুব ভালো স্ট্রাইকার। ওকে কোনোভাবেই গোল করতে দেব না কাল। বশিরকে আটকানোর দায়িত্বটা বেশি ডিফেন্ডারদের। তবে মিডফিল্ডার হিসেবে যতটুকু সম্ভব ওকে খেলার সুযোগ দেব না মাঠে।’
খেলার মাঠ আসলে এমনই। বন্ধু হয়ে যায় শত্রু। আবার মাঠের বাইরে তাঁরা এক প্রাণ, এক আত্মা। কাঠমান্ডু এসে বশির-জামাল সুযোগ পেলেই কথা বলেছেন। মেতে উঠেছেন ডেনমার্কে রেখে আসা দিনগুলোর স্মৃতিচারণায়। দিয়েছেন একে অন্যকে সান্ত্বনাও।
‘জামাল আমাকে বলেছে, ভারতের কাছে হারটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। আমিও ওকে বলেছি, হ্যাঁ, তোমরা যে ভারতের সঙ্গে ভালো খেলেও জিততে পারোনি (১-১), সেটিও তোমাদের জন্য দুর্ভাগ্য। একটু আগেই ডাইনিংয়ে বসে এভাবে আমরা একজন আরেকজনকে সান্ত্বনা দিয়েছি’—বশিরকে আপ্লুত দেখায়।
দুজনের চলার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল চোট। সেই অধ্যায় শেষ। সব বাধা জয় করে জামাল এখন বাংলাদেশ দলে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে কার্যকর। বশিরের কাছে আজও গোল চাইছে পাকিস্তান। বন্ধু হয়েও আজ সেটি হতে দিতে চান না জামাল। খেলার মাঠে আবার বন্ধু কী!