অ্যান্ডি মারে ফাইনালে ওঠার পর তাঁর মুঠোফোনে প্রথম অভিনন্দন বার্তাটা নাকি নোভাক জোকোভিচই পাঠিয়েছেন। তাতে লেখা, ‘বেশ তো, আবার দেখা হয়ে গেল বন্ধু!’মারে-জোকোভিচের এই ‘বন্ধুত্ব’ আজকের নয়। সেই জুনিয়র পর্যায় থেকেই চলে আসছে দুজনের লড়াই। সেই শৈশবে মারে কেমন ছিলেন সেটা স্মরণ করে জোকোভিচ স্বভাবসুলভ ভঙ্গিতে বলেছেন, ‘ও তখন কেমন ছিল দেখতে? মনে পড়ছে, ওর মাথায় অনেক চুল ছিল, ঝাঁকড়া চুল!’দুজনের ‘দোস্তি’টা ইদানীং আরও মজবুত হচ্ছে। ইদানীং দুজনের সাক্ষাত্টাও যে হচ্ছে বেশি বেশি। এ পর্যন্ত ১৭ ম্যাচে মুখোমুখি হয়েছেন, সাতটিই গত বছর! জোকোভিচকেই হারিয়েই অধরা গ্র্যান্ড স্লাম ট্রফিটায় চুমু এঁকেছিলেন মারে, গতবার ইউএস ওপেনে। জোকোভিচ অবশ্য প্রতিশোধ নিতে দেরি করেননি। দুজনের দেখা হয়েছিল মৌসুম শেষের ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের ফাইনালে। সরাসরি সেটে হারিয়ে ইউএস ওপেনের শোধ তুলেছেন। তবে গ্র্যান্ড স্লামের জবাব গ্র্যান্ড স্লামে দেওয়াই যেহেতু পৌরুষের পরিচয়, আজ সেই শোধটাই চান সার্বিয়ার এক নম্বর তারকা। শোধ তো মারেও চাইতে পারেন। গতবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে তো এই জোকোভিচের কাছেই হেরেছেন!একই বছর একই মাসে জন্ম নেওয়া এই দুই তরুণের মধ্যে ফেদেরার-নাদালের মতো আগুন ছড়ানো দ্বৈরথ জমে ওঠার পূর্বাভাস মিলছে। মজার ব্যাপার হলো, মুখোমুখি লড়াইয়ে জোকোভিচ ১০-৭-এ এগিয়ে বটে। কিন্তু সর্বশেষ ১৪ ম্যাচে লড়াইয়ে আশ্চর্য এক সমতা। দুজনই জিতেছেন সাতটি করে। সর্বশেষ দুটি ম্যাচ যেমন জোকোভিচ জিতেছেন, তার আগে দুটি ম্যাচে টানা জয় দেখেছেন মারে। এ যেন শীতলযুদ্ধের সোভিয়েত ইউনিয়ন আর যুক্তরাষ্ট্র!আজকের ফাইনালে তাই ফেবারিট বলে কিছু নেই। দুজনই মানসিকভাবে ভিন্ন ধাতুতে গড়া। গ্র্যান্ড স্লাম জিততে না-পারার মানসিক যে বাধা, সেটিও ভেঙে ফেলে অন্য এক মারে হয়ে উঠে ব্রিটিশদের আশার পতাকা বহন করছেন এই স্কটিশ। জোকোভিচের সামনে তো ইতিহাসেরই হাতছানি। আজ জিতলে ওপেন যুগে টানা তিনবার অস্ট্রেলিয়ান ওপেন জেতার প্রথম দৃষ্টান্ত গড়বেন! মারের সামনেও অন্য রকম এক ইতিহাসের হাতছানি। মারের আগে একমাত্র ব্রিটিশ হিসেবে ফ্রেড পেরি অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন ১৯৩৪ সালে। মহিলা এককেও ব্রিটিশদের মধ্যে সর্বশেষ শিরোপা জিতেছিলেন ভার্জিনিয়া ওয়েড, সেটিও ৪১ বছর আগে। মারেকে আত্মবিশ্বাসের বাড়তি রসদ জোগাবে রজার ফেদেরারকে হারানো। পরশু সেমিফাইনালে পাঁচ সেটের লড়াইটা এবার জিতে নিয়েছেন মারেই। চার ঘণ্টার লড়াইয়ের ফল ৬-৪, ৬-৭ (৫/৭), ৬-৩, ৬-৭ (২/৭), ৬-২। পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ানো ফেদেরার দুটি সেটই জিতেছেন টাইব্রেকারে। কিন্তু শেষ সেটটা হেরেছেন একেবারে অসহায়ের মতো। এমনিতে পাঁচ সেটের লড়াই জেতার ব্যাপারে বেশ সুনাম আছে ফেদেরারের। পরশু শেষ সেটে গিয়ে তারুণ্যের মুখোশ খুলে বয়সটা যেন বেরিয়ে পড়ল ৩১ বছর বয়সী সুইসের। তবে ম্যাচ শেষে ফেদেরার বয়সের কানাকানি আরও একবার স্ম্যাশ করে দিলেন, ‘পুরো বছরের জন্যই এখান থেকে ভালো একটা অনুভূতি নিয়ে যাচ্ছি। কোনো টুর্নামেন্টই আমি শীর্ষে থেকে খেলিনি, সুতরাং বুঝতে পারছি আমি কোথায় দাঁড়িয়ে আছি। এটাও বুঝতে পারছি, আমার খেলা নিয়ে কাজ করার অনেক সময় আছে।’ এএফপি, রয়টার্স।