দুই ‘র’-এর আরেক মহারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বকালের অন্যতম সেরা টেনিস খেলোয়াড় তিনি। সর্বকালের সফলতম তো বটেই। ১৬টি গ্র্যান্ড স্লাম শিরোপা আর কার হবে, সেটি ভবিষ্যৎ বলবে। তার পরও একটা অপূর্ণতা আছে রজার ফেদেরারের। অপূর্ণতা! ফ্রেঞ্চ ওপেনও তো ২০০৯ সালেই জিতে নিয়েছেন। তা হলে অপূর্ণতাটা কিসের?অপূর্ণতা—রাফায়েল নাদালকে তাঁরই রাজত্ব রোলাঁ গাঁরোতে হারানো হয়নি। ২০০৯ সালে যখন শিরোপা জিতলেন, বিস্ময়কর এক অঘটনের শিকার হয়ে চতুর্থ রাউন্ডে বিদায় নিয়েছিলেন নাদাল। এ ছাড়া ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে এর আগে তিনবার মুখোমুখি হয়েছেন এই দুজন। তিনবারই (২০০৬, ২০০৭, ২০০৮) জিতেছেন নাদাল। ২০০৫ ফ্রেঞ্চ ওপেনে নিজের প্রথম শিরোপা জয়ের যাত্রাপথে সেমিফাইনালেও ফেদেরারকে হারিয়েছিলেন নাদাল।আজ কি ফেদেরারের প্রতিশোধ নেওয়ার, আর সেই অপূর্ণতা মুছে ফেলার দিন?হতে পারে। হতে পারে দুটি কারণে। প্রথম কারণ, খোদ নাদালই স্বীকার করেছেন, ‘আমি চ্যাম্পিয়ন হওয়ার মতো খেলছি না।’ এবং দ্বিতীয় কারণ, ফেদেরার সেমিফাইনালেই পেরিয়ে এসেছেন সবচেয়ে বড় বাধা। হারিয়ে দিয়েছেন নোভাক জোকোভিচকে। যে জোকোভিচ এই মৌসুমের শুরু থেকে একের পর এক ম্যাচ জিতে এসেছেন। যে সার্বিয়ান তারকা ফেদেরারকে হারাতে পারলে মৌসুমের শুরুতে জন ম্যাকেনরোর টানা ৪২ ম্যাচ জয়ের রেকর্ড গড়তেন। সবচেয়ে বড় কথা, উঠে যেতেন র্যাঙ্কিংয়ের শীর্ষে। জোকোভিচ নাদালকেও এই মৌসুমে হারিয়েছেন চারটি ফাইনালে।পরশু সেমিফাইনালে ফেদেরার তাঁর পুরোনো ঝলক দেখিয়ে ৭-৬ (৭/৫), ৬-৩, ৩-৬, ৭-৬ (৭/৫) গেমে জেতার পর অনেকেই বলছেন, আজকের ফাইনালে এই প্রথম নাদাল নিরঙ্কুশ ফেবারিট নন। বরং পাল্লাটা ফেদেরারের দিকেই বেশি করে ঝুঁকে আছে। কিন্তু বিয়ন বোর্গের পর প্রথম খেলোয়াড় হিসেবে ছয়বার ফ্রেঞ্চ ওপেন জেতার রেকর্ড গড়ার হাতছানিও উদ্দীপ্ত করতে পারে নাদালকে। বলা হচ্ছে, আজকের লড়াইটা তাই হয়ে যেতে পারে মহাকাব্যিক মহারণ। ২৫টি গ্র্যান্ড স্লাম শিরোপা আছে দুজনের নামের পাশে। মহারণ তো অবশ্যই।ফেদেরার-নাদালের এটি ২৫তম মুখোমুখি লড়াইও। আর এই ম্যাচ ঘিরে প্যারিসবাসীর মতো রোমাঞ্চিত খোদ ফেদেরারও। পরশু ম্যাচ শেষে তিন নম্বর বাছাই বলেছেন, ‘মাদ্রিদ ওপেনেও ওর সঙ্গে দারুণ একটা ম্যাচ খেলেছি (প্রথম সেট জিতলেও পরের দুটি সেট হেরেছিলেন ফেদেরার)। ওর সঙ্গে তো আমার নিয়মিতই দেখা হয়। এবারের ম্যাচটি আমার জন্য সহজ হবে বলে ধরে নিচ্ছে যারা, তারা ভুল করছে। সবাই জানে, প্যারিসে ও কতবার আমাকে হারিয়েছে। তবে আমিও রাফাকে হারিয়ে আরও একবার ফ্রেঞ্চ ওপেন জেতার সুযোগ পেয়েছি। এই সুযোগ আমি হাতছাড়া করতে চাই না।’নাদালের কানে ফেদেরারের শেষ কথাটা তুলে কান ভারী করা যেত। সমস্যা হলো, টেনিসে দুজন দুজনের যতটা প্রতিদ্বন্দ্বী, তার চেয়ে বেশি বন্ধু। নামের মতোই (দুজনের নামই ‘র’ দিয়ে শুরু) তাঁদের বন্ধনটা এতই দৃঢ়, কথার তোপ কেউই ম্যাচের আগে দাগান না। আর নাদাল তো নিজেই যেন আত্মবিশ্বাস খুঁজে পাচ্ছেন না, ‘গত দেড় সপ্তাহে অনেক কঠিন পরিস্থিতির ভেতর দিয়ে আমাকে যেতে হয়েছে। আমাকে সেসব ভয় ভুলে যেতে হবে। আমাকে আরও আত্মবিশ্বাস পেতে হবে।’সেই পাওয়াটা আজ ম্যাচের আগেই পেয়ে গেলে কিন্তু ফেদেরারের সর্বনাশ! এএফপি।