দুই 'শত্রু'র চূড়ান্ত লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলোয়াড়ি জীবনে তাঁরা কখনো মুখোমুখি হননি। সে সুযোগ ছিলও না। আর্জেন্টাইন ক্লাব ভেলেজ সার্সফিল্ডের হয়ে ডিয়েগো সিমিওনের ক্যারিয়ার যখন শুরু, মিলানে তখন কার্লো আনচেলত্তির শেষ প্রায়। তবু ‘শত্রু’ তাঁদের বলাই যায়। আনচেলত্তি মিলানে খেলেছেন, সিমিওনে ইন্টারে। কে না জানে মিলানের সঙ্গে ইন্টারের কী ভীষণ শত্রুতা! রোমার হয়ে সিরি ‘আ’ জিতেছেন আনচেলত্তি, একই অভিজ্ঞতা সিমিওনেরও আছে লাৎসিওর হয়ে। এখানেও তাঁরা দুই নগরপ্রতিদ্বন্দ্বীর প্রতিনিধি। কখনো মুখোমুখি না হয়েও তাই যদি একে অন্যকে শত্রুজ্ঞান করেন, দোষ দেওয়া যাবে না মোটেও।
তবে সেই শত্রুতা ছিল অদৃশ্য। এই মৌসুমের শুরুতে ইতালিয়ান কোচ রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেওয়ার পর কাগজে-কলমে দুজন সত্যিই প্রতিপক্ষ হয়ে গেলেন। আর তাঁদের মধ্যে শ্রেষ্ঠত্বের চূড়ান্ত লড়াইটা হচ্ছে কাল লিসবনে। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে যেখানে আনচেলত্তির রিয়ালের মুখোমুখি সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদ।
চূড়ান্ত লড়াইয়ের মানসিকভাবে নিজেদের চাঙা করার জন্য একটা দারুণ ‘টনিক’ এরই মধ্যে পেয়ে গেছে অ্যাটলেটিকো। মৌসুমের শেষ ম্যাচে ন্যু ক্যাম্পে বার্সেলোনার সঙ্গে ড্র করে ১৮ বছর পর জিতেছে লা লিগা । রিয়াল লিগ দৌড় থেকে ছিটকে পড়েছিল আরও আগে । তবে অ্যাটলেটিকোর ‘জাদুকর’ কোচ সিমিওনের দর্শনই হচ্ছে, একেকটা ম্যাচ ধরে এগোনো। লা লিগা জেতার পরেও তাই পা মাটিতে রাখছেন, অতিরিক্ত আত্মবিশ্বাসী না হয়ে মৌসুমের শেষটাও করতে চাইছেন দারুণভাবে, ‘আমরা ধাপে ধাপে এই পর্যন্ত এসেছি। যদি এই ছন্দটা ধরে রাখতে পারি, একই রকম পরিশ্রম করতে পারি শেষটাও আমাদের চাওয়ামতোই হবে।’
কিন্তু একই চাওয়া যে তাঁর প্রতিপক্ষ আনচেলত্তিরও! দায়িত্ব নিয়ে প্রথম মৌসুমেই রিয়ালকে কোপা ডেল রে জিতিয়েছেন ইতালিয়ান কোচ, যদিও ভালো জায়গায় থেকেও পাননি লা লিগার শিরোপা। রিয়ালের এই আক্ষেপ ঘুচে যাবে যদি পরম আরাধ্য লা ডেসিমা এবার ধরা দেয়। আশাবাদী হলেও প্রতিপক্ষের সামর্থ্য এত দিনে জানা হয়ে গেছে বলে রিয়াল কোচ বাস্তববাদীও, ‘অন্য সব ফাইনালের মতো এখানেও সমানে সমানে লড়াই হবে। সব ফাইনালের মতো এখানেও কাউকে এগিয়ে রাখা যাচ্ছে না।’ ওয়েবসাইট।