দুইয়ে উঠলেন ফেদেরার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোভাক জোকোভিচের বিপক্ষে এক জয়েই দুটি অর্জন হয়ে গেল রজার ফেদেরারের—টরন্টো মাস্টার্সের ফাইনালে উঠলেন আর নিশ্চিত করলেন র‌্যাঙ্কিংয়ের দুইয়ে ওঠাও। ফাইনালে ফেদেরারের প্রতিপক্ষ স্কটল্যান্ডের অ্যান্ডি মারে, র‌্যাঙ্কিংয়ের শীর্ষ তারকা রাফায়েল নাদালকে হারিয়ে যিনি উঠেছেন ফাইনালে। অন্যদিকে সিনসিনাটি ওপেনের ফাইনালে উঠেছেন মারিয়া শারাপোভা ও কিম ক্লাইস্টার্স। দুটি ফাইনালই হয়ে যাওয়ার কথা গতকাল রাতে।র‌্যাঙ্কিংয়ের সেরা চারজনেরই সেমিফাইনালে ওঠা খুব কম সময়ই দেখা যায়। টরন্টোতে হয়েছে তাই, আর তাতে চার নম্বরের কাছে হেরে গেলেন এক নম্বর ও তিন নম্বরের কাছে হেরে গেলেন দুই নম্বর। ৪ নম্বর তারকা মারে ১ নম্বর নাদালকে হারিয়েছেন খুব সহজেই ৬-৩, ৬-৪ গেমে। প্রথম সেট মাত্র ২৫ মিনিটে জিতলেও জোকোভিচকে হারাতে ঘাম ছুটে গেছে ফেদেরারের। প্রায় আড়াই ঘণ্টার লড়াই শেষে সর্বোচ্চ গ্র্যান্ড স্লামজয়ী জিতেছেন ৬-১, ৩-৬, ৭-৫ গেমে। এটি ফেদেরারের ক্যারিয়ারের ৮৯তম এটিপি ফাইনাল। কাল জিতে থাকলে উন্মুক্ত যুগের মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে কানাডায় তিনটি শিরোপাজয়ী খেলোয়াড় হবেন ফেদেরার। সিনসিনাটির ওপেনের সেমিফাইনালে ক্লাইস্টার্সের প্রতিপক্ষ ছিলেন সার্বিয়ার আনা ইভানোভিচ। তবে ম্যাচ শুরুর মাত্র ১২ মিনিট পরই অশ্রুসিক্ত চোখে বিদায় নিতে হয়েছে তাঁকে। বাঁ পায়ের চোটের কারণে নিজেকে সরিয়ে নেন ইভানোভিচ, এ সময় ৪ নম্বর তারকা ক্লাইস্টার্স এগিয়ে ছিলেন ২-১ গেমে। আরেক সেমিফাইনালে মুখোমুখি হয়েছিলেন দুই রুশ তারকা শারাপোভা ও আনাস্তাশিয়া পাভলিউচেঙ্কোভা। ৪০টি ‘আনফোর্সড এরর’ করেন শারাপোভা, তার পরও ম্যাচ জিতে ফাইনালে উঠেছেন। আড়াই ঘণ্টার লড়াইয়ে সাবেক এক নম্বর তারকা ৬-৪, ৩-৬, ৬-২ গেমে হারিয়েছেন স্বদেশি পাভলিউচেঙ্কোভাকে। এএফপি।