দুইয়ে উঠলেন ফেদেরার
মাদ্রিদের যে নীল কোর্টে বেদনায় নীল হয়ে আগেভাগেই বিদায় নিয়েছেন জোকোভিচ ও নাদাল, সেখানেই চ্যাম্পিয়ন হলেন রজার ফেদেরার। রাফায়েল নাদালকে টপকে উঠে গেলেন এটিপি র্যাঙ্কিংয়ের দুইয়ে। গতকাল চেক প্রজাতন্ত্রের টমাস বারডিচকে ৩-৬, ৭-৫ ও ৭-৫ গেমে হারিয়ে তৃতীয়বারের মতো জিতলেন মাদ্রিদ মাস্টার্স। এ নিয়ে ক্যারিয়ারে ৭৪টি শিরোপা জিতলেন সুইস তারকা। মাস্টার্স ১০০০ সিরিজে এটা ফেদেরারের ২০তম শিরোপা। রাফায়েল নাদালও জিতেছেন ২০টি। এ দুজনের দখলেই এখন রেকর্ডটি। ক্যারিয়ারের ১০৪তম এটিপি ফাইনাল খেলা ফেদেরার এ বছর জিতলেন চারটি টুর্নামেন্ট। মহিলা এককের ফাইনালে বিশ্বের এক নম্বর খেলোয়াড় ভিক্টোরিয়া আজারেঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন নবম বাছাই সেরেনা উইলিয়ামস। কাল ক্যারিয়ারের ৪১তম শিরোপা জয়ের পথে আজারেঙ্কাকে ৬-১, ৬-৩ গেমে উড়িয়ে দিয়েছেন সেরেনা। গত মাসে চার্লসটনে জেতার পর মাদ্রিদে বছরের দ্বিতীয় শিরোপা পেলেন ৩০ বছর বয়সী আমেরিকান। এএফপি।