দুইয়ে উঠলেন মারে
ডেভিড ফেরারকে হারিয়ে শিরোপা জয়, রজার ফেদেরারকে টপকে র্যাঙ্কিংয়ের দুইয়ে ওঠা। পরশু মায়ামি মাস্টার্স সনি ওপেন জয়ের পর উল্লাসটা বাঁধভাঙাই হওয়ার কথা অ্যান্ডি মারের। হলো কিন্তু উল্টোটা। ফ্লোরিডার তপ্ত দুপুরে ২ ঘণ্টা ৪৫ মিনিটের লড়াইয়ে পর এতটাই ক্লান্তি ভর করেছিল, ম্যাচ শেষ হতে না-হতেই লকাররুমে আশ্রয় খোঁজেন মারে-ফেরাররা। এর আগে অবশ্য দর্শকেরা জমজমাট লড়াই-ই উপহার পেয়েছে। ২-৬, ৬-৪, ৭-৬ (৭/১) স্কোরটাও তার সাক্ষ্য দেবে। পরশু মায়ামি যেন গরমে ফুটছিল টগবগ করে। আর্দ্রতাও ছিল বেশি। এই দুইয়ে মিলে শেষ দিকে পা চলছিল না দুজনের কারোরই। শেষ সেটের টাইব্রেকারটা তো ফেরার খেললেন ক্র্যাম্প নিয়ে। মারেও চিকিৎসা নেননি মচকে যাওয়া গোড়ালির। কারণ একটাই, দুজনই চাইছিলেন যত দ্রুত সম্ভব ম্যাচ শেষ করতে। ২০০৯ সালের পর আবার মায়ামি মাস্টার্স জেতার পর তাই মারেকে বলতে শোনা গেল, ‘ভালো যে এটা বেস্ট অব ফাইভ সেটের ম্যাচ ছিল না। তাহলে পরের সেটগুলো কীভাবে শেষ হতো আমি জানি না। এটা নিশ্চিত, মাস্টার্স সিরিজে আমার খেলা অন্যতম কঠিন ম্যাচ ছিল এটা।’২৫ বছর বয়সী স্কটের এটি নবম মাস্টার্স শিরোপা। ২০১১ সালে সাংহাইয়ে এই ফেরারকে হারিয়েই মারে জিতেছিলেন আট নম্বরটি। অলিম্পিক ও ইউএস ওপেনজয়ী মারে ২০০৯ সালের পর দ্বিতীয়বারের মতো উঠলেন দুইয়ে। রানারআপ ফেরার স্বদেশি রাফায়েল নাদালকে টপকে দখল করেছেন চার নম্বর স্থানটি। এএফপি, রয়টার্স।