দুইয়ে শেষ করলেন সিদ্দিকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ দিনে জ্বলে উঠলেন সিদ্দিকুর রহমান। কিন্তু তাতেও পারলেন না শিরোপা জিততে। আমেরিকান এক্সপ্রেস বাংলাদেশ ওপেন গলফের শিরোপাটা হাতছাড়াই হয়ে গেল। শিরোপা উঠল ভারতের গগনজিৎ ভুলারের হাতে, যেটি তাঁর দশম পেশাদার শিরোপা। রানারআপ সিদ্দিকুর। ভুলার প্রাইজমানি পেয়েছেন প্রায় পাঁচ লাখ টাকা। ব্রুনাই ওপেনজয়ী সিদ্দিকুর পেলেন তিন লাখ ৪৪ হাজার টাকা।কাল শেষ দিনে ছয় নম্বর থেকে এক লাফে দুইয়ে উঠে আসেন সিদ্দিকুর। পারের চেয়ে ৬ শট কম খেলেছেন। সব মিলিয়ে ১২ শট কম খেলেছেন। আর গত দুই দিনে এগিয়ে থাকা গগনজিৎ কাল পারের চেয়ে মাত্র ১ শট কম খেললেও সব মিলিয়ে ১৪ শট কম খেলেন। তৃতীয় হয়েছেন শামীম খান, চতুর্থ রাজু আলী মোল্লা। যুগ্মভাবে সপ্তম হয়েছেন বাংলাদেশের আরেক গলফার জাকিরুজ্জামান। খেলা শেষে সিদ্দিকুর জানান, ‘আমি আজ (কাল) খুবই আক্রমণাত্মক গলফ খেলেছি, তবে পাট ভালো খেলতে পারিনি। ১০ পাটের মধ্যে অনেকটি বার্ডি মিস করেছি। তবে এশিয়ান ট্যুর সিজনের আগে এটাও আমার আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে।’