দুঙ্গা আর বিয়েলসারও লড়াই
উত্তর কোরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে কাকার রেটিং ছিল ৬.৫। একেবারে ছি ছি পড়ে যাওয়ার মতো। ট্রান্সফার ফির মানদণ্ডে বিশ্বের দ্বিতীয় শ্রেষ্ঠ খেলোয়াড়ের নামের পাশে মোটেই যায় না। আইভরিকোস্টের বিপক্ষে নিজেকে অনেকটাই ফিরে পেয়ে নম্বর তুলে নিলেন ৭.৫-এ।তুলনায় রবিনহো কাকার চেয়ে অনেক বেশি ভালো ছাত্র হয়ে গেলেন। প্রথম ম্যাচে তাঁর রেটিং ৮.৫ এবং দ্বিতীয় ম্যাচে ৭.৫। কিন্তু দুজন না থাকলে ব্রাজিলকে কতটা খালি খালি মনে হয়, সেটি প্রমাণ করে দিল পর্তুগাল ম্যাচে তাঁদের অনুপস্থিতি। হুলিও ব্যাপ্টিস্টা এলেন কাকার জায়গায় প্লে-মেকার হিসেবে। রোমার ‘দ্য বিস্ট’ একমাত্র স্ট্রাইকার লুইস ফ্যাবিয়ানোকে বলের জোগান দিতে পারলেন না। বাঁ প্রান্তে রবিনহোর বিকল্প হিসেবে নামানো হলো ভিয়ারিয়ালের স্ট্রাইকার নিলমারকে। তিনিও তথৈবচ। ডান পায়ের পুরোনো ঘরানার স্ট্রাইকারকে বড্ড মলিন দেখাল। এই তাহলে কার্লোস দুঙ্গার আক্রমণের অস্ত্র-ভান্ডারের মজুদ? এ তো বড় টানাটানির সংসার। দক্ষিণ আফ্রিকায় পুরো ব্রাজিল শিবির আতঙ্কিত হয়ে রয়েছে। ধর্মে কিংবা জিরাফে যেখানেই থাকুন না কেন, সম্বল বলতে কাকা আর রবিনহোই। তারা রীতিমতো প্রার্থনায় বসে গেছে। যিশুর কাছে মঙ্গলকামনা চলছে। সুস্থ রাখো এই জুটিকে। দক্ষিণ আফ্রিকায় আসার আগে এবার যেখানে ব্রাজিল অনুশীলন ঘাঁটি গেড়েছিল, ব্রাজিলের সেই সর্বদক্ষিণের শহর কুরিতিবা থেকে আসা প্রিসিলা ব্রাজিলের প্র্যাকটিস দেখতে যান। আর অজানা আশঙ্কায় কেঁপে কেঁপে ওঠেন। এই বুঝি কাকার আবার কিছু হলো, এই বুঝি রবিনহোর ওপর চড়াও হলো আততায়ী ইনজুরি! এই জুটিকে ছাড়া যে ‘হেক্সা’ কিছুতেই আসবে না! ব্রাজিলিয়ান তরুণী কাউকে সমালোচনা করেন না, তাঁর প্রার্থনা, কেবল কাকা-রবিনহোকে মাঠে দেখতে পাওয়া। দুই গালে ব্রাজিলের পতাকার মধ্যে কাকা ও রবিনহোর ছবি আঁকা। ‘আমি শুধু মুখেই ওঁদের ছবি এঁকেছি। আসলে কি জানো, ব্রাজিলিয়ানদের বুকের মধ্যে ওঁদের ছবি আঁকা’—প্রিসিলার কণ্ঠে ঝরে পড়ে আবেগ।প্রিসিলা, আলেসান্দ্রো বা ডোয়ানারা হয়তো সমালোচনার তীর সাজিয়ে রাখেননি। তবে ব্রাজিল মিডিয়ার তূণে সেটি প্রস্তুত। সংবাদ সম্মেলনে কঠিন কঠিন প্রশ্ন, দুঙ্গাও ঝাঁজের সঙ্গে উত্তর দেন। সেদিন ও গ্লোবোর এক সাংবাদিকের কথায় মনে হলো, দুঙ্গার ‘অহমিকার’ প্রাচীর ভেঙে পড়ার অপেক্ষায় তাঁরা দিন গুনছেন। রোনালদিনহোকে না নিয়ে দলের মধ্যে সৃষ্টিশীলতার যে অভাব ডেকে এনেছেন দুঙ্গা, সেটির জন্য কোনো ক্ষমা তিনি পাবেন না। ব্রাজিল পা না হড়কালে অবশ্য আলাদা কথা। ব্রাজিল কি চিলির সামনেই মুখ থুবড়ে পড়বে? এখন তো দুঙ্গার এই ব্রাজিলের ওষুধে ব্রাজিল-বধের উপায় খুঁজে নিতে চাইবে সব দলই। গোল্লায় যাক ‘জোগা বনিতো’! ফলপ্রত্যাশী পৃথিবীর কাছে সুন্দর ফুটবল জাদুঘরের প্রত্ননিদর্শন। আর চিলি তো দারুণ একটি উদ্ভাবনী ছক নিয়ে খেলছে—৩-৩-১-৩। দুর্দান্ত গতির চিলিয়ানদের স্কিলও এলেবেলে নয়। কিন্তু চিলির মতো দলের বিপক্ষে কেন এমন ভয়ের বাতাস বইবে ব্রাজিলের চারপাশে! দুঙ্গা, আপনি কি তাহলে ‘শিরোপা’ ‘শিরোপা’ করে ব্রাজিলকে ভালোবেসে অন্যায় করে ফেলেছেন?দুঙ্গা ব্রাজিলের বড় একটা অংশের কাছে পরিত্যাজ্য। অথচ মার্সেলো বিয়েলসা একজন ভিনদেশি হয়েও চিলির মাথার মুকুট। চিলিয়ানদের সঙ্গে কথা বলে জানা গেল, আর্জেন্টাইন এই কোচ সে দেশের প্রেসিডেন্টের চেয়েও জনপ্রিয়। এই বিশ্বকাপে এসেই জানতে পেরেছেন চুক্তি বাড়ানোর খবর। আর্জেন্টিনাকে যা দিতে পারেননি, চিলিকে তা দিতে চান। তবে দিতে গেলে আপাতত ব্রাজিল-বাধাটা টপকাতে হবে। স্পেনের বিপক্ষে ম্যাচে ডাগ-আউটে তাঁকে জার্সি গায়ে যত খ্যাপাটে আর অস্থিরমতি মনে হলো, সংবাদ সম্মেলনে ঠিক তার উল্টো। গুছিয়ে কথা বলেন, চিলিকে নিয়ে তাঁর চোখ দুটি স্বপ্নালু, ‘ব্রাজিলের বিপক্ষে জয়? অসম্ভব নয়। প্রতিবেশী হিসেবে আমরা ওদের চিনি। আমরা এত তাড়াতাড়ি ফিরে যেতে চাই না। ’প্রতিবেশী হিসেবে আর্জেন্টিনার হয়েই কিন্তু ব্রাজিলকে বেশি চিনেছেন বিয়েলসা। ২০০২ বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে গিয়েছিলেন হট ফেবারিট বানিয়ে। ইংল্যান্ড, সুইডেনের পর তৃতীয় হয়ে প্রথমবার রাউন্ড থেকেই বিদায় হয়েছিল আর্জেন্টিনার। সে কথা ভোলেন কী করে বিয়েলসা! আজ তাই আরেকটা যুদ্ধও চলছে তাঁর মনের মধ্যে। যে যুদ্ধে অজস্র আর্জেন্টাইনের সমর্থনও পাচ্ছেন ‘এল লোকো’।কাকা-রবিনহোর যুদ্ধ, দুঙ্গার লড়াই নিজের সঙ্গে, বিয়েলসার মনের মধ্যে ২০০২-এর ভূত তাড়ানোর লড়াই। কত না যুদ্ধের ময়দান সাজিয়ে বসেছে আজ ব্রাজিল-চিলি ম্যাচ!