দুঙ্গা-ভক্ত দুই মিডফিল্ডার
দক্ষিণ ব্রাজিলের কুরিতিবা শহরটা খুব নির্জন। কিন্তু আবদ্ধ নয়, মুক্ত। তবে মুক্ত এই শহরেই ব্রাজিলের বিশ্বকাপ দলটা আবদ্ধ। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে মানা, সমর্থকবিবর্জিত অনুশীলন—কুরিতিবায় ব্রাজিলের চূড়ান্ত অনুশীলনের প্রথম পর্বটা শুরু হয়েছে এমন কঠিন ব্রত নিয়ে।ব্রাজিলের বিশ্বকাপ দলের ওপর এসব নিষেধাজ্ঞা জারি করেছেন কোচ কার্লোস দুঙ্গা। কিন্তু এমন ‘রুদ্ধদ্বার’ অনুশীলন কি সম্ভব? ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী দলের দুই মিডফিল্ডার জিলবার্তো সিলভা ও ক্লেবারসন আছেন দুঙ্গার বিশ্বকাপ দলেও। বর্তমানের সঙ্গে অতীতের তুলনা করে এই দুই মিডফিল্ডার বললেন—কোচ ঠিক কাজই করেছেন।২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিল ২০০৬ বিশ্বকাপে গিয়েছিল সবচেয়ে ফেবারিট দল হিসেবে। কিন্তু জার্মানি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছিল তাদের। দক্ষিণ আফ্রিকায় এবার ষষ্ঠ বিশ্বকাপ জয়ের মিশন নিয়ে যাচ্ছেন দুঙ্গা। তাই শিরোপাপ্রত্যাশী দুঙ্গার প্রস্তুতি পর্বের শুরুর তুলনা হচ্ছে ২০০২ বিশ্বকাপজয়ী কোচ লুই ফেলিপ স্কলারির দলের প্রস্তুতির সঙ্গে।এই দুই কোচের প্রস্তুতির ধরনটা জিলবার্তো ও ক্লেবারসনের কাছে মনে হচ্ছে দুই রকম, ‘কোচ হিসেবে যেমন তারা আলাদা, কাজের আলাদা দর্শনও ভিন্ন। যদিও দুজন গাওচো (দক্ষিণ ব্রাজিলের একটি রাজ্য) থেকে এসেছেন, তবু দুজনের কোচিং পদ্ধতি দুই ধরনের।’২০০২ কোরিয়া-জাপান বিশ্বকাপে স্কলারি খেলোয়াড়দের চলাফেরায় খুব স্বাধীনতাই দিয়েছিলেন। কোনো বিধিনিষেধ ছাড়াই খেলোয়াড়েরা সাংবাদিকদের সঙ্গে কথা বলতেন। অথচ এবার দুঙ্গা নিয়েছেন ঠিক এর বিপরীত অবস্থান। ২০০৬ বিশ্বকাপের ব্রাজিল অবশ্য স্কলারির দলের চেয়েও বেশি স্বাধীনতা ভোগ করেছে। দুঙ্গার এবারের নীতিকে সমর্থন করতে গিয়ে ২০০৬ বিশ্বকাপের দিকে ফিরে তাকিয়েছেন জিলবার্তো ও ক্লেবারসন, ‘২০০৬ সালের অভিজ্ঞতাও আমাদের আছে।’পাদপ্রদীপের আলোবঞ্চিত ২০০২ বিশ্বকাপের দুই নায়ক জিলবার্তো আর ক্লেবারসন বলেছেন দুঙ্গার দল নিয়েও। দুঙ্গা রক্ষণাত্মক একটি দল গড়েছেন। রোনালদিনহোর মতো অভিজ্ঞ খেলোয়াড়কে দলে রাখেননি—ব্রাজিল কোচ তাঁর বিশ্বকাপ দল দেওয়ার পর পরই সমালোচনার ঝড় উঠেছে। দলে সাত ডিফেন্সিভ মিডফিল্ডারের দুজন জিলবার্তো ও ক্লেবারসন। এই দুজন দুঙ্গার দলকে সঠিকই বলছেন।জিলবার্তোর কথা, ‘মিডফিল্ডারের ব্যাপারটি নিয়ে এর মধ্যেই আমরা সমালোচিত হয়েছি। গুরুত্বপূর্ণ হচ্ছে লক্ষ্য অর্জনের দিকে ছোটা, আর তখন কে খেলছে, এটা ব্যাপারই নয়।’ আর ক্লেবারসন বলেছেন, ‘ব্রাজিলে অনেক খেলোয়াড় আছে। কিন্তু দলে ডাক পাবে শুধু ২৩ জনই। দলে সুযোগ পাওয়ার জন্য আমি কঠিন পরিশ্রম করেছি।’ ওয়েবসাইট।