দুঙ্গা-ম্যারাডোনা যেখানে ‘এক’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিলের চেয়ে অমিলই বেশি। সবচেয়ে বড় অমিল তো একজন ব্রাজিলের, অন্যজন আর্জেন্টিনার! কার্লোস দুঙ্গা আর ডিয়েগো ম্যারাডোনার কথাই বলা হচ্ছিল এতক্ষণ। চারিত্রিক দিক থেকে দুঙ্গা অনেকটাই ধীরস্থির, আর ম্যারাডোনা? সে কথা বরং থাক।বহু অমিলের এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের দুই কোচ কিন্তু একটা জায়গায় মিলেমিশে একাকার। দুজনের জন্যই এই বিশ্বকাপটা বিরাট এক চ্যালেঞ্জ। দুজনের ব্যাপারেই নিন্দুকেরা সমান সরব। দুজনই হররোজ তুলোধুনা হন দেশের সাংবাদিকদের কলমে। ১১ জুন বিশ্বকাপের পর্দাই শুধু উঠছে না, ম্যারাডোনা-দুঙ্গার জন্য শুরু হচ্ছে সবকিছুর পাল্টা জবাব দেওয়ার মিশনও! ওয়েবসাইট।তার পরও মিলের চেয়ে, ওই যে আগেই বলা হলো, অমিলই বেশি। কাজের ধরন-ধারণেও। একগুঁয়ে দুঙ্গা থেকে সহজ-সরল ও খামখেয়ালি ম্যারাডোনা, এমনকি পাথরের মতো দৃঢ় ফ্যাবিও ক্যাপেলো; বিশ্বকাপে সাফল্যপ্রত্যাশী প্রতিটি দলের কোচদেরই আছে ভিন্ন ভিন্ন পরিকল্পনা। ভিন্ন রকম পথ।ব্রাজিল কোচ দুঙ্গা তারকায় বিশ্বাস করেন না, ধার ধারেন না শিল্পিত ফুটবলের। তাঁর কাছে জয়ই শেষ কথা। তাই রোনালদিনহো-পাতোর জায়গা হয়নি। শিল্পের চেয়ে শ্রমের বেশি দাম তাঁর কাছে। পরিশ্রমী সব খেলোয়াড় দিয়ে গড়েছেন দল। দুঙ্গার বিশ্বকাপ দল নিয়ে অনেক সমালোচনা হয়েছে ব্রাজিলে। কিন্তু একগুঁয়ে দুঙ্গা নির্বিকার। লক্ষ্যে অবিচল ব্রাজিলের ১৯৯৪ বিশ্বকাপজয়ী অধিনায়ক, ‘লক্ষ্যে পৌঁছাতে আমাদের যা করতে হয় তা-ই করব।’ম্যারাডোনার দল নিয়েও কম সমালোচনা হয়নি। হচ্ছে এখনো। আগে সমালোচনা হয়েছে ‘কেন ওকে নিচ্ছেন, তাকে নিচ্ছেন’; এখন শুনতে হচ্ছে, ‘কে ওকে নিলেন না, তাকে নিলেন না’! তবে দুঙ্গার সঙ্গে এই একটা জায়গায় অমিল ম্যারাডোনার। ফুটবল-দর্শনে। সুন্দর ফুটবলের পূজারি ম্যারাডোনা এখনো সুন্দর ফুটবলই চান। দুই ইন্টার মিলান সতীর্থ জানেত্তি-ক্যাম্বিয়াসোকে দলে না নেওয়ার কারণ হিসেবে বলেছিলেন, এই দুজন বড় বেশি রক্ষণাত্মক।দুঙ্গা-ম্যারাডোনার মতো প্রতিভা ইংল্যান্ড কোচ ফ্যাবিও ক্যাপেলোর হাতে নেই। এমনকি পুরোপুরি নির্ভর করা যায় এমন একজন গোলরক্ষক কিংবা আক্রমণে ওয়েইন রুনির যোগ্য সঙ্গী হতে পারে, এ রকম প্রতিষ্ঠিত কেউ নেই জাতীয় দলে।ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালির কোচ মার্সেল্লো লিপ্পির দর্শনটা একটু অন্য রকম। অন্য সবাই যখন তারুণ্যের দিকেই বেশি ঝুঁকেছে, লিপ্পি আস্থা রেখেছেন তাঁর ‘বুড়ো সৈনিক’দের ওপরেই। এ নিয়ে অনেকের অনেক সমালোচনা, তবে শেষ পর্যন্ত লিপ্পি তাঁর সিদ্ধান্তে অটলই থেকেছেন।ভিন্ন ভিন্ন কোচ, ভিন্ন দেশ, দর্শন-সংস্কৃতি। ৩২ কোচের মধ্যেও অনেক ভিন্নতা। তবে ম্যারাডোনা-দুঙ্গা বহু অমিলের মধ্যেও যেন একই নৌকায়। বিশ্বের ফুটবলভুক দুই দেশ, আর বিশ্বজুড়ে কোটি কোটি সমর্থকের চাপ ছায়াসঙ্গী তাদের। মিল আছে আরেক জায়গায়—দুজনই অধিনায়কের পর কোচ হিসেবেও জিততে চাইছেন বিশ্বকাপ।