দুঙ্গা-ম্যারাডোনার দুই রকমের চাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের আর একশ দিনও বাকি নেই। মূল লড়াইয়ে নামার আগে প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের আরও শাণিত করে নেওয়ার কাজ শুরু করে দিচ্ছে দলগুলো। বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ব্রাজিল ও আর্জেন্টিনা প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে আজ ও আগামীকাল। এমিরেটস স্টেডিয়ামে আজ আয়ারল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ব্রাজিলের বিশ্বকাপ প্রস্তুতি। ব্রাজিলের সমর্থক এবং সংবাদমাধ্যমের একটা অংশ আগ্রহভরে তাকিয়ে থাকবে এই ম্যাচটির দিকে—রোনালদিনহোর ব্রাজিল দলে ফেরার পথ তৈরি হয় কি না দেখতে। আর আগামীকাল জার্মানির বিপক্ষে প্রীতি ম্যাচের পর থেকেই বিশাল বহর ছোট করে ২৩ জনের দল নির্বাচনে হাত দেবেন আর্জেন্টাইন কোচ ডিয়েগো ম্যারাডোনা।‘রোনালদিনহো কবে ফিরবে?’, ‘রোনালদিনহোকে বিশ্বকাপের দলে নাও’—ব্রাজিলজুড়ে কিছুদিন ধরেই এই স্লোগান উঠেছে। সম্প্রতি রোনালদিনহো তাঁর পুরোনো রূপে ফেরার ইঙ্গিত দিয়েছেন বলেই এই দাবি ব্রাজিল সমর্থক আর সংবাদমাধ্যমের। চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে দারুণ খেলেছেন এসি মিলানের এই প্লেমেকার। সবাই ভেবেছিল, এবার মনে হয় দুঙ্গার মন গলবে। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচের দলে একটা সুযোগ পাবেন রোনালদিনহো! কিন্তু দুঙ্গার মন গলেনি। বদলায়নি তাঁর দর্শন। ফেলিপ মেলো, জিলবার্তো সিলভা আর এলানোর বিরস মাঝমাঠের ওপরই আস্থা রেখেছেন তিনি। ২০০৬ জার্মানি বিশ্বকাপের পর দায়িত্ব নিয়ে ধীরে ধীরে যে দলটি গড়ে তুলেছেন, সেই দলটির ওপরই আস্থা রাখতে চাইছেন দুঙ্গা। আজ আয়ারল্যান্ডের বিপক্ষে তাঁর দল রোনালদিনহোর অভাব বুঝতে দেবে না বলেই তাঁর বিশ্বাস। কিন্তু রোনালদিনহো যে তাঁর পুরোনো ফর্মে ফিরছেন এবং তাঁকে দলে নেওয়ার দাবি উঠেছে ব্রাজিলজুড়ে, এর কী হবে? দুঙ্গা এটিকে দেখছেন বিশ্বকাপের আগে ব্রাজিলে নিয়মিত ঘটনা হিসেবেই, ‘আমার কাছে এটাকে স্বাভাবিকই মনে হয়। কারণ যে খেলোয়াড়েরা দলে থাকে না, তাদের সব সময়ই সেরা মনে হয়! আর যে জাতীয় দলে থাকে না সবাই তাকে নিয়েই কথা বলতে চায়। বিশ্বকাপের আগে এটা নতুন কিছু নয়। এই প্রশ্নটা যেমন হতেই থাকবে, আমার উত্তরও তেমনি একই থাকবে। প্রত্যেকটা অঞ্চল এবং পত্রিকা চায়, তাদের পছন্দের খেলোয়াড় দলে থাকুক। কিন্তু আমি আমার মতো এগিয়ে যাব।’অনেক আগেই বাছ-বিচারের কাজ শেষ করে দুঙ্গা প্রায় চূড়ান্ত করে ফেলেছেন নিজের পছন্দের দল। কিন্তু ডিয়েগো ম্যারাডোনার ব্যাপারটা পুরো উল্টো। প্রায় দেড় বছরের দায়িত্বকালে এক শরও বেশি খেলোয়াড়কে খেলিয়েছেন। কিন্তু এখনো চূড়ান্ত দলের ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। তবে আর বেশিদিন লাগবে না বলে জানিয়ে দিয়েছেন ম্যারাডোনা।বিশ্বকাপে দলের অর্ধেক খেলোয়াড় নির্বাচন করা হয়ে গেছে বলেও জানিয়েছেন তিনি। বাকি অর্ধেক খেলোয়াড় নির্বাচন এবং খেলোয়াড় ছাঁটাইয়ের কাজ এই ম্যাচ থেকেই শুরু করবেন, জার্মানির বিপক্ষে প্রীতি ম্যাচের দল ঘোষণার সময়ই ম্যারাডোনা বলেছিলেন কথাটা। এএফপি, ওয়েবসাইট।