দুঙ্গা-যুগের সমাপ্তি
হল্যান্ডের বিপক্ষে পরাজয়ের পরই সংবাদ সম্মেলনে বিদায়ের ইঙ্গিত দিয়ে দিয়েছিলেন। বলেছিলেন, আপাতত বিশ্রাম নিয়ে এ ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন। কার্লোস দুঙ্গাকে কোনো সিদ্ধান্ত জানাতে হলো না। তার আগেই ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) বরখাস্ত করে দিল দুঙ্গা ও তাঁর কোচিং সহকারীদের। সিবিএফের বিবৃতিতে বলা হয়েছে, এই মাসের শেষ দিকেই নতুন কোচের নাম জানিয়ে দেওয়া হবে, ‘দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের মধ্য দিয়ে শেষ হয়ে গেল ২০০৬ সালে শুরু হওয়া একটা চক্র। ব্রাজিল দলের টেকনিক্যাল কমিশনও বিলুপ্তি ঘোষণা করছে সিবিএফ। জুলাই মাসের শেষ দিকে নতুন কমিশনের নাম ঘোষণা করা হবে।’এর মাধ্যমে আপাতত শেষ হয়ে গেল অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জেতা দুঙ্গার কোচ হিসেবে বিশ্বসেরা হওয়ার স্বপ্ন। ১৯৯৪ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক দুঙ্গা জাতীয় দলের কোচ হওয়ার পর থেকে প্রবল সমালোচনার মধ্যে ছিলেন। তবে সমালোচনার মধ্যেও কোপা আমেরিকা ও কনফেডারেশনস কাপ জিতে এনেছিলেন। জাতীয় দলকে নিয়মিত জয়ের ধারায়ও রেখেছিলেন।কিন্তু দুঙ্গার বিরুদ্ধে অভিযোগ ছিল, ব্রাজিলিয়ান ফুটবলের মূল থেকে সরে এসেছেন তিনি। একই সঙ্গে বিশ্বকাপ দলে রোনালদিনহো, পাতোকে না রাখায়ও সমালোচনা হয়েছিল। সে সব অধ্যায় এখন শেষ। এখন নতুন কারও দায়িত্ব নেওয়ার পালা।ব্রাজিলের সম্ভাব্য নতুন কোচ হিসেবে অন্তত পাঁচজনের নাম উঠে আসছে সংবাদমাধ্যমে। তাঁদের মধ্যে আছেন ২০০২ বিশ্বকাপজয়ী লুই ফেলিপে স্কলারির নাম। এ ছাড়া করিন্থিয়াসের মানো মেনেজেস, ফ্লুমিনেন্স কোচ মুরিসি রামালহো, ১৯৯০ বিশ্বকাপ খেলা ব্রাজিলের খেলোয়াড় ও সাও পাওলোর বর্তমান কোচ রিকার্ডো গোমেজ এবং দুঙ্গার বিশ্বকাপজয়ী দলের সতীর্থ ও সাবেক এসি মিলান কোচ লিওনার্দোর নামও আছে তালিকায়। এই পাঁচজনের মধ্যে সংবাদমাধ্যমের ফেবারিট বিশ্বকাপজয়ী কোচ স্কলারি। সদ্যই উজবেকিস্তানের বুনিয়াদকর দলের দায়িত্ব ছাড়া স্কলারি অবশ্য জানিয়ে দিয়েছেন, প্রস্তাব পেলেও আপাতত ব্রাজিলের দায়িত্ব নিতে রাজি নন তিনি। কারণ ব্রাজিলেরই পালমেইরাস ক্লাবকে কথা দিয়ে ফেলেছেন তিনি। আগামী দুই বছর এই ক্লাবের দায়িত্ব পালন করবেন, ‘পালমেইরাসের সঙ্গে আমার চুক্তি হয়ে গেছে। আমি কাজও শুরু করতে যাচ্ছি। হ্যাঁ, ব্রাজিলেই অনুষ্ঠিত বিশ্বকাপে দায়িত্ব পালন করে কোচিং ক্যারিয়ারটা শেষ করতে পারলে দুর্দান্ত হতো। কিন্তু ২০১২ সালের আগে আমি কোনো প্রস্তাবে সাড়া দিতে পারি না।’ এএফপি।