দুঙ্গাকে ধুয়ে দিলেন ক্রুইফ
ব্রাজিলের ফুটবল-সৌন্দর্যকে ধ্বংসের দায় কার্লোস দুঙ্গাকে এর আগেও দিয়েছেন ইয়োহান ক্রুইফ। বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে চিলিকে ৩-০ গোলে হারানো ব্রাজিলকে দেখেও মন ভরেনি ক্রুইফের। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তাঁদের দুই দেশ মুখোমুখি হওয়ার আগে ব্রাজিল কোচকে আবারও ধুয়ে দিলেন ডাচ কিংবদন্তি। ডেইলি মিররকে টোটাল ফুটবলের জনক বলেছেন, আক্রমণাত্মক ব্রাজিলকে খোলসে ঢুকিয়ে ফুটবলপ্রেমীদের বঞ্চিত করেছেন দুঙ্গা।আশির দশকের শুরুর দিকের ব্রাজিল দলের সঙ্গে তুলনা করে ক্রুইফ বলেছেন, টিকিট কেটে এই দলের খেলা দেখার কোনো যৌক্তিকতা নেই, ‘এই ব্রাজিলের খেলা দেখার জন্য আমি পয়সা খরচ করতে রাজি নই। আমি এই দলের দিকে তাকাই আর গারসন, টোস্টাও, ফ্যালকাও, জিকো, সক্রেটিসদের কথা মনে করি। এই দলে দেখি জিলবার্তো, মেলো, বাস্তোস, ব্যাপ্টিস্টাদের। ব্রাজিলের সেই জাদু কোথায়? আমি বুঝি এ রকম কিছু ফুটবলারকে দুঙ্গা কেন নিয়েছে, মাঝমাঠে প্লে-মেকার বা স্কিল দেখানোর মতো ফুটবলার কোথায়? গাঁটের পয়সা খরচ করে লোকে কেন এই দলের খেলা দেখবে?’হল্যান্ডকে ১৯৭৪ বিশ্বকাপের ফাইনালে নিয়ে যাওয়া ক্রুইফ সবচেয়ে বেশি দুঃখ পান দর্শকদের কথা ভেবে, ‘ব্রাজিলের এই দলটাকে আরও একাগ্রতা নিয়ে খেলতে হবে, আরও ক্ষুরধার হতে হবে, কারণ এরা বিশেষ কিছু নয়, বিশ্বকাপের আর দশটা দলের মতোই। সমর্থকেরা সব সময়ই ব্রাজিলের খেলা উপভোগ করতে চায়, এবার সেটা হচ্ছে না। প্রতিভাবান ফুটবলারের অভাব নেই দলে, কিন্তু ওরা রক্ষণাত্মক ও অনাকর্ষক ফুটবল খেলে। ফুটবল খেলা তো বটেই, টুর্নামেন্টের জন্যও এটা লজ্জার। ব্রাজিল এমন একটা দল, যাদের খেলা লোকে দেখতে চায়।’দুঙ্গার ব্রাজিল পোর্ট এলিজাবেথে আগামীকাল শেষ চারে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে ক্রুইফের হল্যান্ডের। ওয়েবসাইট।