দুঙ্গাকে রোনালদিনহোর বার্তা
বিশ্বকাপ দলে না নেওয়ার জবাবটা মাঠে নেমেই দিলেন রোনালদিনহো। পরশু ইতালিয়ান লিগে নিজেদের শেষ ম্যাচে জোড়া গোল করলেন এই ব্রাজিলিয়ান প্লে-মেকার। জুভেন্টাসের বিপক্ষে এসি মিলানও জিতল ৩-০ গোলে। ২৯ আর ৬৭ মিনিটে রোনালদিনহোর এই জোড়া গোল এই মৌসুমে মিলানের সর্বোচ্চ গোলদাতাও বানিয়ে দিল তাঁকে। ১৪ মিনিটে প্রথম গোলটি করেছিলেন লুকা আন্তোনিনি।ম্যাচ শেষে রোনালদিনহো কোনো রাখঢাক না করেই বলেছেন, ‘এটা মাঠে আমার পাল্টা জবাব। তিনি (দুঙ্গা) যদি আমাকে দলে না রাখেন সেটি তাঁর ব্যাপার। সেই সিদ্ধান্তকেও আমি শ্রদ্ধা করি।’পরশু সান সিরো থেকে পাঠানো এই বার্তা দুঙ্গার কাছে নিশ্চয়ই পৌঁছে গেছে। রোনালদিনহোর জন্য দরজা অবশ্য একেবারেই বন্ধ হয়ে যায়নি। ২৩ জনের মূল দলে না রাখলেও সাতজনের অপেক্ষমাণ তালিকায় তিনি আছেন। দুঙ্গা চাইলেই ১ জুনের আগে রোনালদিনহোকে নিয়ে নিতে পারেন দলে। ৩০ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডারের কথা শুনে অবশ্য মনে হচ্ছে না বিশ্বকাপ দলে থাকা না-থাকা নিয়ে তিনি খুব একটা চিন্তিত, ‘এই মৌসুমে আমি অনেক ভালো খেলেছি। আমি কারও সঙ্গে নিজের তুলনা করতে চাই না। মিলিয়ে দেখতে চাই না আমি ওদের চেয়ে ভালো না খারাপ। আমি মাথাটা ঠান্ডাই রাখছি।’এটাই ছিল মিলানের কোচ হিসেবে লিওনার্দোর বিদায়ী ম্যাচ। খেলোয়াড় হিসেবে দুই দফা, এর পর সহকারী কোচ এবং সবশেষে গত বছর প্রধান কোচ হিসেবে মিলানের দায়িত্ব নিয়েছিলেন এই ব্রাজিলিয়ান। মিলানের সঙ্গে তাঁর ১৩ বছরের সম্পর্ক। দুই বছরের চুক্তি হলেও এক বছর আগেই ক্লাবটি ছেড়ে যেতে হচ্ছে তাঁকে। মূল কারণ তো অবশ্যই কোনো শিরোপা জেতাতে না পারায় মালিক, ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনির সঙ্গে সম্পর্কের অবনতি। যদিও ক্লাব সমর্থকেরা যে এই সিদ্ধান্তে খুশি নয়, সেটি পরশু ম্যাচে হরেক রকম ব্যানার দিয়েই ক্ষোভ প্রকাশ করে জানিয়ে দিয়েছিল।রোনালদিনহো খুশি, বন্ধুর বিদায়ী ম্যাচের জন্য কিছু একটা করতে পারায়, ‘ওর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অসাধারণ। ও আমার বন্ধু। যেখানেই থাকুক, আমি চাই, ও যেন সুখে থাকে।’শেষটা অবশ্য খারাপ হয়নি লিওনার্দোর। শুরুটা যে রকম ভয়াবহ ছিল (লিগে অষ্টম রাউন্ড শেষে দল ছিল ১২ নম্বরে!), সেই তুলনায় তৃতীয় হয়ে চ্যাম্পিয়নস লিগে জায়গা নিশ্চিত করা অবশ্যই ভালো কিছু। শেষ ভালো যাঁর, সব ভালো তাঁর। কথাটা রোনালদিনহোর জন্যও সমান প্রযোজ্য। ক্লাবের হয়ে ৪৩ ম্যাচে ১৫ গোল করা, ১৬ গোলে অবদান রাখা—দুঙ্গা মত এখন পাল্টালেই হয়! এএফপি, রয়টার্স, ওয়েবসাইট।