দুঙ্গার উত্তরসূরি মেনেজেস
কার্লোস দুঙ্গার উত্তরসূরি পেয়ে গেছে ব্রাজিল। মানো মেনেজেস হয়েছেন ব্রাজিলের পরবর্তী কান্ডারি। মুরিসি রামালহো প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর গত পরশু মেনেজেসকে ব্রাজিলের কোচের দায়িত্ব নেওয়ার কথা বলেছিল ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ)। কাল সংবাদ সম্মেলন করে মেনেজেস তাঁর সিবিএফের প্রস্তাব গ্রহণের কথা জানিয়ে দিয়েছেন। সিবিএফের প্রথম পছন্দ ছিলেন ফ্লুমিনেন্স কোচ রামালহোই। গত পরশুই রামালহোকে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছিল সিবিএফ। রামালহোরও ইচ্ছা ছিল ব্রাজিলের কোচ হওয়ার। কিন্তু ফ্লুমিনেন্স তাঁকে ছাড়তে চায়নি। এ কারণেই দ্বিতীয় পছন্দ মেনেজেসের শরণাপন্ন হয় তারা। করিন্থিয়ানস কোচ মেনেজেস সঙ্গে সঙ্গেই কিছু না বলে সময় চেয়েছিলেন ক্লাবের সঙ্গে আলোচনা করার। আলোচনা শেষে কাল সংবাদ সম্মেলন করে বলেছেন, ‘পুরো ব্রাজিলের জ্ঞাতার্থে বলছি, আমি আনুষ্ঠানিকভাবে সিবিএফের প্রস্তাবটা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছি।’মেনেজেস সিবিএফের প্রস্তাবে ‘হ্যাঁ’সূচক মাথা নেড়েছেন। এখন কাজ শুরু করার পালা। সেই কাজ তিনি শুরু করবেন আগামীকাল থেকেই। সিবিএফ জানিয়েছে, আগামীকালই তাঁকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে সবার সঙ্গে। ১০ আগস্ট ব্রাজিল যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে। এই ম্যাচের দল ঘোষণার শেষ দিন আগামীকালই। দায়িত্ব পাওয়ার পর তাই মেনেজেসের প্রথম কাজটাই হচ্ছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচের দল ঘোষণা করা। ৪৮ বছর বয়সী কোচ মেনেজেসের সেই দলটা কেমন হয়, এখন সবাই তাকিয়ে আছে সেদিকেই। ব্রাজিলের কোচ হওয়ার সম্ভাব্য তালিকায় ছিলেন সাত-আটজন। এর মধ্যে এগিয়ে ছিলেন ব্রাজিলকে ২০০২ বিশ্বকাপ জেতানো কোচ লুই ফেলিপে স্কলারি, রিয়াল মাদ্রিদের সাবেক কোচ ভ্যান্ডারলি লুক্সেমবার্গো এবং রামালহো। মেনেজেসের কোচিং ক্যারিয়ারটা এই তিনজনের মতো সমৃদ্ধ না হলেও সম্ভাব্য তালিকায় নাম ছিল তাঁরও।১৯৯৭ সালে গুয়ারানি আরএস ক্লাব দিয়ে কোচিং শুরু করা মেনেজেস পাদপ্রদীপের আলোয় আসেন ২০০৫ সালে। সবে তখন গ্রেমিওর দায়িত্ব নিয়েছেন। মহানাটকীয় এক ম্যাচে গ্রেমিওকে জয়ের সঙ্গে ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপের টিকিটও পাইয়ে দেন তিনি। ৩ বছরে গ্রেমিওকে এনে দেন ছোট-বড় ছয়টি শিরোপা। ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদোর ক্লাব করিন্থিয়ানসের দায়িত্ব নেন ২০০৮ সালে। দায়িত্ব নেওয়ার বছরেই করিন্থিয়ানসকে ব্রাজিলিয়ান কাপে রানার্সআপ বানিয়েছেন।এবার দেখার পালা ব্রাজিলকে তিনি কত দূর নিয়ে যেতে পারেন। নিজের দেশে ব্রাজিলের ২০১৪ বিশ্বকাপের স্বপ্নসারথি তো এখন তিনিই! এএফপি, ওয়েবসাইট।