দুঙ্গার খোলা চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের দায়িত্ব থেকে বিদায় নেওয়ার সময় ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি রিকার্ডো টিসেরাকে খোলা চিঠি লিখেছেন কার্লোস দুঙ্গা। আবেগঘন এই চিঠিতে চার বছরের এই মেয়াদে তাঁর প্রতি নিরঙ্কুশ সমর্থন দেওয়ার জন্য দুঙ্গা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আগ্রহ দেখিয়েছেন সিবিএফের সঙ্গে যুক্ত থেকে কাজ করে যাওয়ার। একটি ওয়েবসাইট থেকে পাওয়া সেই চিঠি—প্রিয় মিস্টার প্রেসিডেন্ট,বিনয়ের সঙ্গে সবার প্রথমে আমি আপনার কাছে কৃতজ্ঞতা এবং আবারও ধন্যবাদ জানাতে চাই, চার বছর ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের হয়ে কাজ করার সময় আমার ওপর পূর্ণ আস্থা রাখার জন্য, আমাকে পুরো স্বাধীন হয়ে কাজ করতে দেওয়ার জন্য।দুর্ভাগ্যজনকভাবে ২০১০ বিশ্বকাপটা আমরা জিততে পারিনি। তবে আপনি নিশ্চিত থাকতে পারেন, আমার নিজের, আমার সহকারী জর্জিনহো এবং দলের সঙ্গে যুক্ত নিবেদিতপ্রাণ পেশাদার কর্মীরা এবং অবশ্যই আমার চার বছরে দলে খেলা নিরলস উদ্যমী সেই সব ৯০ জন খেলোয়াড়, বিশেষ করে দক্ষিণ আফ্রিকায় যাওয়া ২৩ জন খেলোয়াড়ের উদ্যম, আত্মনিবেদন, প্রচেষ্টা এবং দায়বদ্ধতার কোনো কমতি ছিল না। শিরোপা জয়ের যে লক্ষ্য আপনি স্থির করে দিয়েছিলেন, সবাই একজোট হয়ে সেই লক্ষ্য পূরণের জন্য কাজ করে গেছি। তবে এটাও বুঝতে হবে, আমি চুক্তিতে সই করার সময় ষষ্ঠ শিরোপার নিশ্চয়তা দিইনি। সেটি দেওয়া কারও পক্ষে সম্ভবও নয়। প্রথম কারণ, এখন কাজটি সম্পন্ন করা দুরূহ একটি চ্যালেঞ্জ। দ্বিতীয়ত, এই মিশনের জটিলতা। তার পরও শিরোপা জেতাই ছিল আমার এবং আমার দলের চূড়ান্ত লক্ষ্য। সততা, সাহস, দেশাত্মবোধ, সম্মান, অনুরাগ, স্বচ্ছতা এবং প্রধানত আপনার স্থিরকৃত দৃঢ়সংকল্প শিরোধার্য মেনে কোনো ব্যত্যয় না রেখে আমরা সেই লক্ষ্যের দিকে অগ্রসর হয়েছি। অতীতে যেসব ভুল-ভ্রান্তি হয়েছিল, সেটিও শুধরে নিয়েছি।ব্রাজিলের জাতীয় দলটি আমরা নতুন করে ঢেলে সাজিয়েছি। হূতগৌরব পুনরুদ্ধার করেছি। সাধারণ মানুষের ওপর পরিচালিত সাম্প্রতিক জরিপ, স্পনসরদের মতামত এবং মাঠে আমাদের জেতা শিরোপা তারই প্রমাণ। আমার নেতৃত্বে এই সময়টায় ব্রাজিল দল পুরোনো অনেক সংস্কার ভেঙে ফেলেছে। আপনাকে বিনয়ের সঙ্গে স্মরণ করিয়ে দিতে চাই, এসব সংস্কার বহু দিন ধরে আমরা অযথা পালন করে এসেছি। বিশ্বকাপের প্রথম পর্যায় এবং তারও আগে বাছাইপর্ব আমরা দৃঢ়তার সঙ্গেই পেরিয়ে গেছি।আমি ঠিক করেছি, নাকি ভুল সে সিদ্ধান্ত নেওয়ার ভার আপনার ওপর। আপনার রায়কে প্রশ্নবিদ্ধ করার মতো মানুষ আমি নই। ফুটবলে আমরা এটা অনেক দিন ধরেই মেনে চলি, জীবন কখনোই থেমে থাকে না। তার পরও আমি আপনাকে জানাতে চাই, আমাদের দেশে অনুষ্ঠেয় ২০১৪ বিশ্বকাপ ঘিরে আপনি যে নতুন কৌশল নির্ধারণ করবেন, সুযোগ পেলে আমি তাতে যেকোনোভাবে অংশ নিতে চাই। সর্বোপরি, আপনার প্রতি পূর্ণ শ্রদ্ধাবোধ দেখিয়ে আমার প্রতি আপনার বিশ্বাস ও আস্থার জন্য কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ জানাই সমর্থনের জন্য। ব্রাজিল দলের সাফল্যের জন্য থাকল শুভকামনা।আপনার অনুগত—কার্লোস কায়েতানো ব্লেদর্ন ভেরি দুঙ্গা