দুঙ্গার দুই আসল শিষ্য
ব্রাজিলকে ২০০৭-এর কোপা আমেরিকা জিতিয়েছেন কার্লোস দুঙ্গা। ২০০৬ বিশ্বকাপ-ব্যর্থতার পর ব্রাজিলিয়ানদের জন্য বড় আনন্দের উপলক্ষই তো ছিল ওটা। কিন্তু ব্রাজিলিয়ানরা খুশি হতে পারেনি। এর পর ২০০৯-এর কনফেডারেশনস কাপও জিতল দুঙ্গার ব্রাজিল। তবু ব্রাজিলিয়ানদের মুখে প্রাণখোলা হাসিটা দেখা গেল না।দায়িত্ব নেওয়ার পর দু-দুটি শিরোপা জেতালেও দুঙ্গা যে ব্রাজিল দল থেকে লোপাট করে দিয়েছেন ফুটবলের সৌন্দর্য। ব্রাজিল এখন ম্যাচ জেতে, শিরোপা জেতে। তবে ফুটবলে ব্রাজিলিয়ানদের যা নিয়ে গর্ব, সেই সুন্দর ফুটবল আর উপহার দিতে পারে না তারা।‘জোগো বনিতো (সুন্দর ফুটবল)’—ফুটবলে এই শব্দযুগলের আমদানিও করেছে ব্রাজিল। কিন্তু সেই ব্রাজিল এখন আর সুন্দর ফুটবল খেলে না, খেলে ফলনির্ভর ফুটবল। মন থেকে এটা ব্রাজিলিয়ানরা মেনে নেয় কীভাবে?ব্রাজিলিয়ানরা এটা মেনে নিক আর না নিক, বিশ্বকাপেও ব্রাজিল এমন ফুটবলই খেলবে। সুন্দর ফুটবল নয়, দুঙ্গার ব্রাজিলের কাছে শিরোপাই বড়। কোচ কার্লোস দুঙ্গা এই কথা বহুবার বলেছেন। দক্ষিণ আফ্রিকা পৌঁছেও তিনি বাজিয়েছেন ওই পুরোনো রেকর্ড—আমার কাছে জেতাটাই বড় কথা!গুরুর যোগ্য শিষ্যের মতো দুঙ্গার কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন লুইস ফ্যাবিয়ানো ও লুসিও। ব্রাজিলের এই দলের সেরা স্ট্রাইকার ফ্যাবিয়ানো। ধারাবাহিকতার প্রতিশব্দই বলা যায় তাঁকে। ব্রাজিলের জার্সি গায়ে ৩৬ ম্যাচে ২৫ গোল করেছেন। বিশ্বকাপ বাছাইপর্বে দলের পক্ষে করেছেন সবচেয়ে বেশি গোল (৯)। ব্রাজিল দলের সেরা স্ট্রাইকারই জানিয়ে দিয়েছেন সুন্দর ফুটবল নয়, তাদের কাছে গুরুত্বপূর্ণ শিরোপা, ‘জয়ের জন্য যদি আমাদের কুৎসিত ফুটবল খেলতে হয়, আমরা তাই খেলব। বিশ্বকাপে জয়টাই আসল এবং সেজন্য প্রয়োজনীয় সব প্রস্তুতিই আমাদের নেওয়া আছে।’ ফ্যাবিয়ানো দলের সেরা স্ট্রাইকার। আর লুসিও সেরা ডিফেন্ডার। ব্রাজিলের নেতৃত্বটাও থাকছে তাঁর বাহুতে। ব্রাজিলের অধিনায়কও বলছেন—জয়ই লক্ষ্য, সুন্দর ফুটবল নয়।বিশ্বকাপ মানেই ব্রাজিলের গায়ে ফেবারিট তকমা। এবারও শিরোপার অন্যতম দাবিদার তারা। দাবিটা বেশি জোরালো হয়ে যাচ্ছে দুঙ্গা-ফ্যাবিয়ানো-লুসিওদের মনোভাবে। যেকোনো মূল্যে তাঁরা বিশ্বকাপ জিততে চান, হোক সেটা কুৎসিত ফুটবল খেলেও। আর ব্রাজিল এটা চাইলে যে কী হয়, সেটা কোপা আমেরিকা ও কনফেডারেশনস কাপে সবাই দেখেছে। এই বিশ্বকাপেও কি সেটাই দেখবে সবাই?যদি শেষ পর্যন্ত দুঙ্গা আর তাঁর দলের সব চাওয়াই পূরণ হয়ে যায়, তাহলে তো ষষ্ঠ বিশ্বকাপ ব্রাজিলের হাতেই উঠবে। তখনো কি ব্রাজিলিয়ানরা অতৃপ্তই থাকবে? এএফপি, ওয়েবসাইট।