দুঙ্গার পাশে পেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কার্লোস দুঙ্গা হত্যাকারী! ‘জোগো বনিতো’কে গলা টিপে মেরে ফেলেছেন। ব্রাজিল কোচের রণকৌশলে আক্রমণের চেয়ে রক্ষণাত্মক মেজাজ খুঁজে পাওয়াতেই এত নিন্দা। ‘সুন্দর ফুটবলে’র সবচেয়ে বড় ধারক ছিলেন যিনি, সেই পেলে কিন্তু ঠিকই পাশে এসে দাঁড়াচ্ছেন দুঙ্গার।আপাতত দুঙ্গার সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে রোনালদিনহো আর পাতোকে উপেক্ষা করে অপেক্ষায় রাখায়। পরশু আয়ারল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচেও ছিলেন না এই দুই এসি মিলান সতীর্থ। অথচ ‘সিরি আ’র গত তিন ম্যাচে চার গোল করেছেন পাতো। লিগে রোনালদিনহোর গোল ৯টি। এর মধ্যে সিয়েনার বিপক্ষে গত জানুয়ারিতে হ্যাটট্রিকও আছে তাঁর। চ্যাম্পিয়নস লিগেও গত চার ম্যাচে করেছেন তিন গোল।২০ বছর বয়সী পাতোর ভাগ্যে কী আছে কে জানে, দুঙ্গা মোটামুটি আভাস দিয়ে রেখেছেন, এ মাসেই ৩১-এ পা দিতে চলা রোনালদিনহো আর তাঁর ভাবনায় নেই। ম্যারাডোনার মতো ঠোঁটকাটা নন। হলে রিকেলমে প্রসঙ্গে ম্যারাডোনার মন্তব্যটাই রোনালদিনহো প্রসঙ্গে চালিয়ে দিতেন দুঙ্গা, ‘এটা আমার জন্য এখন বিগত অধ্যায়।’রোনালদিনহোর ওপর দুঙ্গা চটে আছেন সেই ২০০৭ কোপা আমেরিকা থেকেই। ক্লাব ফুটবলে খেলে ‘পরিশ্রান্ত’ রোনালদিনহো জাতীয় দলে খেলার চেয়ে বিশ্রামকেই বেশি গুরুত্ব দিয়েছিলেন। মোটামুটি তরুণ একটা দলকে নিয়ে গিয়েই কোপার শিরোপা জিতে এসেছিলেন দুঙ্গা।আজ যখন দেশে সমর্থকেরা স্লোগান তুলছে ‘রোনালদিনহো-পাতোকে দলে ফেরাও’, দুঙ্গার জবাব, নিজেদের যোগ্যতা প্রমাণের যথেষ্ট সুযোগ এই দুই খেলোয়াড়কে তিনি দিয়েছেন, ‘আমি সবাইকেই সুযোগ দিয়েছি মাঠে তারা কী করতে পারে সেটি প্রমাণের। পাতো-রোনালদিনহো দুজনই অলিম্পিকে খেলেছে। এখন আমাদের কোচিং টিমটা দেখবে, কোন কোন খেলোয়াড় সুযোগটা কাজে লাগিয়ে নিজেদের প্রমাণ করতে পেরেছে।’সুনির্দিষ্টভাবে রোনালদিনহোর কথা জানতে চাওয়া হলে দুঙ্গা বলেই দিয়েছেন, সেরা সময়টা রোনালদিনহো পেছনে ফেলে এসেছেন, ‘পেলে একসময় বিশ্বের সেরা খেলোয়াড় ছিলেন। আমারও একসময় সেরা সময় ছিল। খেলোয়াড় আসে, খেলোয়াড় যায়। দল আমরা মোটামুটি গুছিয়ে ফেলেছি। এখন কেবল ছোটখাটো কিছু বিষয় আছে যেগুলো ঠিকঠাক করতে হবে।’শিল্পের চেয়ে শ্রমে বেশি বিশ্বাসী দুঙ্গার দলে তাই জায়গা হচ্ছে না রোনালদিনহোর। এবং শিল্পিত ফুটবলের প্রমিথিউস ছিলেন যিনি, সেই পেলে শতভাগ সমর্থন করছেন কোচের এই দল নির্বাচন প্রক্রিয়া। পাতো-রোনালদিনহোকে দলে না নেওয়া প্রসঙ্গে পেলের মত, ‘এখন সময়টা ওদের নয়। দলে কে থাকবে না-থাকবে সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে কেবল দুঙ্গার। ব্রাজিলে অনেকেই বলাবলি করে, প্রতিভা চিনতে দুঙ্গা ব্যর্থ। কিন্তু আমার মনে হয়, বিশ্বকাপ বাছাইপর্ব ওকে বেশ ভালোমতোই এ সম্পর্কে ধারণা দিয়েছে।’ ওয়েবসাইট।