দুঙ্গার বদ্ধ দুয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের দিন র‌্যান্ডবার্গে যাওয়া ব্রাজিল দলের অনুশীলন দেখার ইচ্ছে নিয়ে। কিন্তু ইচ্ছেটার অপমৃত্যু ঘটিয়ে দিলেন ব্রাজিলের কোচ কার্লোস দুঙ্গা। এটা ছিল বদ্ধদুয়ার অনুশীলন। সাংবাদিকদের প্রবেশাধিকার দেওয়া হবে কি না, তা পুরোপুরিই নির্ভর করে কোচের মর্জির ওপর। দুঙ্গা জানিয়ে দিলেন, সাংবাদিকদের আজ প্রবেশাধিকার নেই। অতএব এত ব্যয় করে, এত পথ ঘুরে র‌্যান্ডবার্গে যাওয়াটা মাটি হয়ে গেল।কাল ঠিক করলাম, প্রিটোরিয়ায় যাব। ব্রাজিলকে সবাই শিরোপার দাবিদার বলে হয়তো বসে আছে। কিন্তু আর্জেন্টিনাকে নিয়েও কম মাতামাতি এখানে নেই। শেষ পর্যন্ত ট্রফিটা কার হাতে ওঠে, সেটা বলবে সময়। তবে বিশ্বকাপ মাতিয়ে রেখেছে আর্জেন্টিনা, বিশেষ করে ম্যারাডোনা নামটি।আর্জেন্টিনা ঘাঁটি গেড়েছে প্রিটোরিয়ার হাইপারম্যান্স সেন্টারে, যে জায়গাটি বাংলাদেশ হাইকমিশনের পাশে বার্নেট স্ট্রিটে। জোহানেসবার্গ থেকে ৬০-৬৫ কিলোমিটার দূরে। নানা জায়গা থেকে সাংবাদিকেরা ছুটে আসছেন ম্যারাডোনা আর মেসির দলের প্র্যাকটিস দেখতে। আসছে ফুটবলপ্রিয় সাধারণ মানুষ। আমিও তাদের সঙ্গী হলাম। এর মধ্যে পেয়ে গেলাম এক বাংলাদেশিকে। মনে করেছিলাম, আর্জেন্টিনার পাঁড় ভক্ত একজন। পরে পরিচয় পেয়ে দেখলাম, তিনি অতি ‘অসাধারণ’। নাম সৈয়দ হেলাল হোসেন। বাড়ি ঢাকায়। তাঁর অসাধারণত্ব, তিনিই এই বিশ্বকাপে স্বেচ্ছাসেবক হিসেবে সুযোগ পাওয়া একমাত্র বাংলাদেশি। স্থানীয় আয়োজক কমিটি তাঁর প্রত্যয়নপত্রে বড় বড় করে লিখেও দিয়েছে, ‘সৈয়দ হেলাল হোসেন, একমাত্র বাংলাদেশি স্বেচ্ছাসেবক।’তা প্রায় ৫০-৬০টি দেশ থেকে প্রায় ৬৭ হাজার ৯৯৯ জন আবেদনকারীর মধ্যে ১৮ হাজার ৬০০ জনের চূড়ান্ত তালিকায় ঠাঁই পাওয়া তো গর্বেরই ব্যাপার! হেলাল হোসেন গর্বিত, গর্বিত দক্ষিণ আফ্রিকায় প্রবাসী প্রায় ৫০-৫৫ হাজার বাংলাদেশি। তবে অন্য কোনো বাংলাদেশি স্বেচ্ছাসেবক হওয়ার জন্য আবেদন করেছিলেন বলেও জানা যায়নি। অন্যরা এখানে চুটিয়ে ব্যবসা করছেন। ঘুরছেন ফিরছেন। ‘বাংলাদেশ পরিষদ’-এর রাজনীতি করছেন। হেলাল একটু ব্যতিক্রম। তিনি অন্য কিছু করতে চান। তিনি বললেন, ‘পয়সা রোজগার করাই জীবনের একমাত্র লক্ষ্য হতে পারে না। পৃথিবীতে এসেছি, অন্য কিছু করে যেতে হবে, মনে রাখার মতো।’ এই মনে রাখার মতো কাজ করতে গিয়েই হেলাল রাশিয়া ঘুরে এসেছেন, ঘুরে এসেছেন ইউরোপের আরও কয়েকটি দেশ, গিয়েছেন মিসরে। শেষে এসে থিতু হয়েছেন দক্ষিণ আফ্রিকায়। বিয়ে করেছেন এখানকার মিশ্র বর্ণের মেয়েকে। ‘কিছু একটা’ করার প্রেরণা পান ঢাকায় মায়ের কাছ থেকে, এখানে স্ত্রীর কাছ থেকে। টাকা কোত্থেকে পান? হেলাল মুখ গম্ভীর করে বলেন, ‘এখনো বাড়ি থেকে টাকা পাই আমি। এখানে যে রোজগার তা দিয়ে বড় স্বপ্ন দেখা যায় না।’মুসা ইব্রাহীমের এভারেস্টজয়ের খবর শুনে তিনি উল্লসিত। তবে যেহেতু প্রথম বাংলাদেশি হিসেবে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গে পা রেখেছেন মুসা, তাই ওই অভিযানে তিনি আর যাবেন না। তিনি যাবেন অ্যান্টার্কটিকা অভিযানে। অর্থ সংগ্রহ করতেও শুরু করেছেন।হেলালের প্রসঙ্গটা এসেছিল প্রবাসী বাংলাদেশিদের কথাটা বলতে গিয়ে। এখানকার প্রবাসীরা ভেবেছিলেন, বিশ্বকাপের সময় অনেক কাজ পাবেন। ভাগ্য যাবে বদলে। কার্যত এখন পর্যন্ত সে রকম কিছু হয়নি। উপরন্তু এই বিশ্বকাপই তাদের কাছে নতুন একটা ভীতি নিয়ে হাজির। ভীতিটা ‘বিদেশি তাড়াও’ আন্দোলনের মুখে পড়া। ওটা নাকি বিশ্বকাপের পরই শুরু হবে। অনেকেই আতঙ্কে আছেন ভবিষ্যৎ নিয়ে। কাল দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত রাষ্ট্রদূত শহীদুল ইসলামও তেমন আশঙ্কা ব্যক্ত করলেন। এ দেশের সরকারের একটা চিঠি দেখালেন, যাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আগাম আশ্বাস দেওয়া হয়েছে, কোনো অঘটন ঘটবে না। চিঠি দিয়ে যখন জানিয়ে দেওয়া হয় কোনো বিষয়, তার মধ্যেই লুকিয়ে থাকে সেটির গুরুত্ব। হাইকমিশনার সাহেব একটু উদ্বিগ্ন। তবে সেই উদ্বেগ ছড়িয়ে দিতে চান না প্রবাসী সম্প্রদায়ের মধ্যে। আমাকেও অনুরোধ করলেন, এটা যেন কোনোক্রমেই ওদের না জানাই।কিন্তু আমার উদ্বেগ অন্যখানে। উদ্বেগটা বলতে পারেন সব বিদেশি সাংবাদিক এবং গোটা দুনিয়া থেকে বিশ্বকাপ দেখতে আসা ফুটবল-ভক্তদের। আয়োজক কমিটি বলছে বটে, দক্ষিণ আফ্রিকা দুনিয়াকে চমকে দেবে, ফিফা বলছে যে এটা হবে ইতিহাসের সেরা বিশ্বকাপ। ভয় তবুও যাচ্ছে না। কাল সকালে আমার হোটেলেই থাকা জাপানি সাংবাদিক সিবাতা খবর দিলেন, আগের রাতে দক্ষিণ কোরিয়ার এক টিভি চ্যানেলের কয়েকজন ক্রু ছিনতাইকারীর কবলে পড়েছিলেন। ক্যামেরাসহ টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে গেছে তাঁদের কাছ থেকে।এদিকে আবার পরশু রাতেই জোহানেসবার্গ ও আর টাম্বো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১০ জন আর্জেন্টাইন ফুটবল-গুন্ডাকে পাকড়াও করে দারুণ বাহাদুরি দেখিয়েছে পুলিশ। ওদের বলা হয় ‘আল্ট্রাস’, আসছিল অ্যাঙ্গোলা থেকে। আবার অ্যাঙ্গোলা দিয়েই ঠেলে পাঠানো হয়েছে তাদের। এতে গর্বের হাসি হাসছেন ফিফার সভাপতি সেপ ব্ল্যাটার, ‘বলেছিলাম না, নিরাপত্তা নিয়ে কোনো সংশয় নেই। এই তো দেখিয়ে দিলাম।’তবে সংবাদ সম্মেলনে প্রশ্নবাণে বিদ্ধ হয়ে পরে যা বলেছেন, তা কিন্তু উদ্বেগ দূর করতে পারছে না, ‘আপনারা ইউরোপের মতো নিরাপত্তা তো এখানে আশা করতে পারেন না। মনে রাখতে হবে এটা আফ্রিকা । তবে আমরা আফ্রিকার সবচেয়ে উন্নত দেশটিকেই আয়োজনের ভার দিয়েছি।’আর্জেন্টিনার কয়েকজন হুলিগানের বিরুদ্ধে হয়তো ব্যবস্থা নেওয়া গেছে। তবে আর্জেন্টাইন ভক্তরা মনে করছেন, মাঠে আর্জেন্টিনার হুলিগানদের হাত থেকে এবার কারও নিস্তার নেই। মেসি, তেভেজরা ম্যারাডোনা-মন্ত্রে উজ্জীবিত হয়ে এবার কিছু একটা করবেনই।আমি চললাম সেই মাঠের আর্জেন্টাইন হুলিগানদের কাণ্ডকারখানা একনজর দেখতে। ম্যারাডোনা-দুঙ্গার মতো নির্মম না হলেই হয়।