দুঙ্গার লক্ষ্য'ইউরোপীয় কেতা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাজিলকে ইউরোপীয় স্টাইলে খেলাতে চান দুঙ্গা ছবি: এএফপি।
ব্রাজিলকে ইউরোপীয় স্টাইলে খেলাতে চান দুঙ্গা ছবি: এএফপি।

তাঁর নিয়োগে ব্রাজিলীয়রা খুশি হয়েছে—এ কথা বিশ্বাস করার মানুষ নিতান্তই সংখ্যালঘু। হতে পারেন দুঙ্গা ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক, কিন্তু ‘জোগো বনিতো’র স্বপ্নে বিভোর ব্রাজিলীয় সমর্থকেরা যে নিজেদের ফুটবলের সৌন্দর্যহানির জন্য অনেকটা তাঁকেই দায়ী করেন। প্রথম মেয়াদে দুঙ্গার অধীনে ব্রাজিল ৬০ ম্যাচের ৪২টিতে জিতলেও মন ভরানোর মতো ফুটবল কখনোই খেলতে পারেনি। দুঙ্গা এসব নিয়ে কোনোদিনই ভাবেন না। এবার দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পেয়েও ‘সুন্দর ফুটবল’, ‘সমর্থকদের মন ভরানো’—এ ব্যাপারগুলো দূরেই ঠেলে দিতে চান তিনি। এবার তাঁর চোখ ইউরোপের দিকে।
ইউরোপের দিকে চোখ দিয়ে দুঙ্গা ব্রাজিলকে ‘ইউরোপীয় কেতা’য় খেলাতে চান। এ লক্ষ্যে তিনি নাকি ইউরোপের অনেক বাঘা বাঘা ফুটবল ব্যক্তিত্বের শরণাপন্ন হয়েছেন। রুদ খুলিত, আর্সেন ওয়েঙ্গার—সবাই নাকি দুঙ্গাকে ‘আধুনিক ফুটবলে’র পাঠ দিয়েছেন। এঁদের সঙ্গে কথা বলে তিনি স্থির সিদ্ধান্তে পৌঁছেছেন, সাফল্য পেতে আধুনিক আক্রমণাত্মক ফুটবলের বিকল্প নেই।
তাঁর অধীনে ব্রাজিল খেলবে ইউরোপীয় কেতায়। এ ব্যাপারে লক্ষ্য ঠিকই করে ফেলেছেন তিনি, ‘আমি আক্রমণাত্মক ফুটবলই বেছে নেব ব্রাজিলের জন্য। আমাদের কেতা হবে অনেকটা ইউরোপীয়  ঘরানারই। এই মুহূর্তে আধুনিক ফুটবলের মূলমন্ত্রই হচ্ছে যতটা সম্ভব আক্রমণে যাওয়া। এখন তো আক্রমণই সেরা রক্ষণ।’
তিনি কখনোই ব্রাজিলবাসীর খুব প্রিয় ব্যক্তিত্ব ছিলেন না। এটা দুঙ্গা নিজেও জানেন। আর জানেন বলেই এ ব্যাপারটা নিয়ে একেবারেই মাথা ঘামাতে চান না তিনি, ‘দেখুন, আমি চাই ২০ শতাংশ মানুষের সমর্থন। ওটা পেলেই আমি খুশি। ২০ ভাগ মানুষ আমার সঙ্গে থাকলে আমি বাকি ৮০ ভাগের মন জয় করার শক্তি পাব।’

স্বপ্ন বিক্রি করতে কখনোই পছন্দ করেন না দুঙ্গা। দ্বিতীয়বারের মতো কোচের চেয়ারে বসেও তা করছেন না। এবারের বিশ্বকাপ ব্রাজিলকে যে ধ্বংসস্তূপের মধ্যে ফেলে দিয়েছে, আপাতত সেটা থেকেই দলকে বের করে নিয়ে আসতে চান তিনি, ‘সবাই আমাকে ভালোভাবেই চেনেন। আমি কাউকে স্বপ্নচারী বানাতে চাই না। আমি বাস্তবে পা রাখতে পছন্দ করি। বাস্তবতা হলো, আমাদের সময়টা খারাপ। এখন সবাইকে ধৈর্য ধরতে হবে। করতে হবে কঠোর পরিশ্রম।’ এএফপি।