দুঙ্গার সামনে অনেক ‘বিকল্প’
লাল কার্ডের কারণে কাল শুক্রবার পর্তুগালের বিপক্ষে খেলতে পারছেন না কাকা। ব্রাজিলের সবচেয়ে বড় তারকার অনুপস্থিতিতে মিডফিল্ডে কে আসছেন—এ নিয়ে জল্পনা-কল্পনা চলছে। তবে যতটা ভাবা হচ্ছে, তার চেয়েও অনেক সহজে কাজটি সেরে ফেলতে পারবেন কোচ কার্লোস দুঙ্গা। কারণ, কাকার জায়গা দখল করার যোগ্য অনেকেই ব্রাজিল দলে আছেন। এর মধ্যে যেকোনো একটি বিকল্প বেছে নিলেও ব্রাজিলের খেলার ধারাবাহিকতায় বিঘ্ন ঘটার আশঙ্কা নেই বললেই চলে।কাকার জায়গা দখলের লড়াইয়ে এগিয়ে আছেন হুলিও ব্যাপ্টিস্টা। বিকল্প হিসেবে আছেন দানি আলভেজ, রামিরেস ও ক্লেবারসনেরা। দুর্দান্ত ফর্মে থাকা রবিনহোকেও পুরোপুরি মাঝমাঠে নামিয়ে আনা হতে পারে। সব মিলিয়ে কাকা না থাকায় দুশ্চিন্তা নয়, বরং ব্রাজিলের কোচ কাকে রাখবেন এ নিয়েই যত প্রশ্ন। কোনো রাখঢাক না করেই দুঙ্গা বলছেন, ‘ব্রাজিলের মিডফিল্ডের দায়িত্ব নেওয়ার মতো অনেকেই আছে। দলে বহুমুখী প্রতিভার অভাব নেই।’প্রথম দুটি ম্যাচে জয় পাওয়ায় দ্বিতীয় রাউন্ডে উঠে গেছে ব্রাজিল। পর্তুগালের বিপক্ষে জয় নয়, ড্র করলেই গ্রুপের শীর্ষস্থান দখল করবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সব মিলিয়ে কাকা না থাকলেও এ ম্যাচের আগে নির্ভার ব্রাজিল।২০০৭ সালে কোপা আমেরিকা জিতেছিল ব্রাজিল। সেই প্রতিযোগিতায় খেলেননি কাকা, ইউরোপের মৌসুম শেষ করে ছুটিতে ছিলেন। মিডফিল্ডে দুর্দান্ত খেলে দলের শিরোপা জয়ে অবদান রেখেছিলেন হুলিও ব্যাপ্টিস্টা। আবারও যখন কাকা নেই, তখন সবার দৃষ্টি ব্যাপ্টিস্টার দিকেই। কিন্তু যাঁকে দলে আনার কথা আসছে তিনি কী বলছেন? ‘প্রয়োজন হলে আমি দায়িত্ব নিতে প্রস্তুত। এ জায়গাটিতে আমি আগেও খেলেছি।’ বলছেন আত্মবিশ্বাসী ব্যাপ্টিস্টা। ডিফেন্ডার হলেও সব জায়গায় খেলার সামর্থ্য রাখেন দানি আলভেজ। উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচে মিডফিল্ডার এলানোর বদলি হিসেবে খেলেছেন তিনি। কাল কাকার বিকল্প হিসেবে তাঁকে খেলাতেই পারেন দুঙ্গা। আশাবাদী আলভেজ বলছেন, ‘আমি জানি, আমার খেলায় দুঙ্গার আস্থা রয়েছে। আমি কঠোর পরিশ্রম করছি এবং প্রমাণ করেছি, তিনি চাইলে খেলতে পারি।’ কাকার জায়গায় খেলার আত্মবিশ্বাসের কথা জানিয়ে দুঙ্গার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন মিডফিল্ডার ক্লেবারসনও। স্থান দখলের লড়াইয়ে নিজেকে যোগ্য প্রমাণ করার চেষ্টা করে যাচ্ছেন বেইজিং অলিম্পিকে ব্রোঞ্জজয়ী ব্রাজিল দলের সদস্য রামিরেস।এদিকে ‘প্লে মেকিং পজিশনে’ খেলতে আপত্তি নেই বলে জানিয়ে দিয়েছেন স্ট্রাইকার রবিনহো। উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচে নিলমারকে আক্রমণভাগে রেখে রবিনহোকে পেছনে খেলিয়েছিলেন দুঙ্গা। কাকা নেই বলে রবিনহো বলছেন, ‘মিডফিল্ডে খেলতে আমার আপত্তি নেই। এ জায়গাটিতে খেলতে বরং পছন্দ করি আমি।’