দুঙ্গার সেই পুরোনো অভিযোগ
প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার অতি রক্ষণাত্মক খেলাকে বড় ব্যবধানে না জেতার কারণ হিসেবে দাঁড় করিয়েছিলেন। গতকাল শুক্রবার পর্তুগালের সঙ্গে গোলশূন্য ড্রয়ের পরও একই অভিযোগ করেছেন কার্লোস দুঙ্গা। তবে ব্রাজিলের কোচের এই অজুহাত সমালোচকেরা সহজভাবে নেবেন না বলেই মনে হচ্ছে।দুঙ্গার তত্ত্বাবধানে অনেকটা অপ্রতিরোধ্য হয়ে উঠেছে ব্রাজিল। সর্বশেষ ২১ ম্যাচের ১৮টিতেই জয় পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। শক্তিশালী পর্তুগালের বিপক্ষে ম্যাচ বলে সমর্থকদের প্রত্যাশাও একটু বেশি ছিল। তবে গ্রুপ পর্যায়ের সবচেয়ে বড় খেলায় কেবল হতাশাই পেয়েছে সমর্থকেরা। কোনো দলই এদিন গোলের দেখা পায়নি। উল্লেখ করার মতো আক্রমণও করতে পারেনি কোনো দল। তবে ব্রাজিলের অভিযোগের তীর প্রতিপক্ষ পর্তুগালের কৌশলের দিকে। গোলশূন্য ড্রয়ের প্রতিক্রিয়ায় দুঙ্গা রয়টার্সকে বলেছেন, এটা বেশ কঠিন খেলা ছিল। পর্তুগিজরা কেবল তাদের অংশজুড়েই খেলেছে। পর্তুগালের অতিরক্ষণাত্মক কৌশল অপ্রত্যাশিত ছিল না উল্লেখ করে ব্রাজিলের কোচ বলেছেন, তাদের কৌশল সাধারণ ছিল। ব্রাজিলের বিপক্ষে খেলতে নামলে সব দলই এই কৌশল অবলম্বন করে। তারা বাড়তি সতর্কতা নেয়।কোচের সুরে সুর মিলিয়েছেন হুলিও সিজার। তিনিও মনে করছেন, গোল হজম করার ভয়ে সব দলই ব্রাজিলের সঙ্গে খেলতে নেমে অতিরক্ষণাত্মক কৌশল নেন। ব্রাজিলের এই গোলরক্ষক বলছেন, এটা যেন ঐতিহ্যে পরিণত হয়েছে। সব দলই ব্রাজিলের বিপক্ষে কেবল নিজেদের অংশ খেলে পাল্টা আক্রমণ থেকে গোল খাওয়ার ভয়ে। তারা জানে, ব্রাজিলের খেলার সংস্কৃতিটাই আক্রমণাত্মক।