দুঙ্গায় আস্থা বেবেতোর
গোলের পর অনেক সময় খেলোয়াড়েরা অদৃশ্য শিশুকে কোলে নেওয়ার ভঙ্গি করেন, ঘুমপাড়ানি ঢঙে এরপর সেই শিশুটিকে নিয়ে দোলা দেন। পরিচিত উদ্যাপন-দৃশ্য। বেবেতোর হাতেই এই উদ্যাপন-ভঙ্গির জন্ম। ১৯৯৪ বিশ্বকাপে হল্যান্ডের বিপক্ষে গোল করার পর। চ্যাম্পিয়ন হওয়ার পথে কোয়ার্টার ফাইনাল বাধা টপকাতে ৩-২ গোলে জেতা ম্যাচে গুরুত্বপূর্ণ গোলটি করেছিলেন এই ফরোয়ার্ড। ওই ম্যাচের দু দিন আগে তৃতীয়বারের মতো পিতৃত্বের স্বাদ পেয়েছিলেন দেপোর্তিভো লা করুনিয়ার সাবেক তারকা।১৯৯৪ বিশ্বকাপে অধিনায়ক দুঙ্গার হাতে শিরোপা উঠতে দেখেছেন। ২০০২ সালে পেশাদার ফুটবল থেকে বিদায় নেওয়া এই ৪৬ বছর বয়সী আশাবাদী, আবারও সেই ট্রফিটা দুঙ্গার হাতে উঠবে। চারদিকে ব্রাজিলের রক্ষণাত্মক মেজাজের খেলা নিয়ে ‘জাত গেল জাত গেল’ রব। এরই মধ্যে বেবেতো বলছেন, ‘দুঙ্গা যে দলটিকে বেছে নিয়েছে সেটিকে হারানো বেশ কঠিন। ওরা কনফেডারেশনস কাপ জিতেছে, দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নও হয়েছে। বাছাইপর্বও পেরিয়ে এসেছে কোনো ঝামেলা ছাড়াই। তাই দলটাকে নিয়ে কোনো অভিযোগ করার কোনো কারণ দেখি না। এই দলটা জয়টাকে অভ্যাসে পরিণত করেছে।’দুঙ্গার সাবেক সতীর্থ দেখা যাচ্ছে চিন্তাভাবনায় দুঙ্গারই মতো। ব্রাজিলের এই দলটায় তারকার ঘাটতি নিয়ে তিনিও মোটেও চিন্তিত নন, ‘ব্রাজিলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জেতা। ব্রাজিলকে সব সময়ই জিততে হয়। জিততে না পারলে বাকি সবার মতো এরাও মুষড়ে পড়ে। দুঙ্গার এই দলটা ব্যর্থ হলেই কেবল এই প্রশ্নটা উঠবে। আর যদি ওরা জেতে তাহলে তো...ওয়াও!’তিনটি বিশ্বকাপে খেলা বেবেতো নিজেও এই মৌসুমে কোচ হিসেবে ক্যারিয়ার শুরু করেছেন। ব্রাজিলের আমেরিকা ফুটবল ক্লাবের হয়ে। জাতীয় দলের কোচ হলে তিনি নিজে অবশ্য রোনালদিনহো-পাতোদের দলে নিতেন বলেই জানালেন। তবে শেষ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেবল কোচেরই আছে। আর দুঙ্গার সেই সিদ্ধান্তকে শ্রদ্ধাই জানালেন বেবেতো, ‘আসলে ব্রাজিলে আপনি অনেক লোক পাবেন, যারা নিজেদেরই মনে করে সেরা কোচ, মনে করে আর সবার চেয়ে সেই সবচেয়ে ভালো জানে। কিন্তু দুঙ্গা আসলেই কঠোর পরিশ্রম করেছে। এবং ও যা কিছু অর্জন করেছে সেটার কৃতিত্ব দিতেই হবে।’বাজির দৌড়ে ব্রাজিলের চেয়েও এগিয়ে আছে স্পেন। বেবেতোও মানছেন, এবার ব্রাজিলের শিরোপা জয়ের পথে সবচেয়ে বড় কাটা স্পেনই। তবে স্পেনের সবচেয়ে বড় দুর্বলতা তাদের অতীত রেকর্ড। ‘হ্যাঁ, ওরা আসলেই দুর্দান্ত দল। অসাধারণ সব খেলোয়াড়ও আছে ওদের। কিন্তু বিশ্বকাপে এই দলটার সে রকম ঐতিহ্য নেই। প্রতিবারই মনে হয় ওরা দারুণ কিছু করবে। কিন্তু সেটা আর হয়ে ওঠে না।’ ওয়েবসাইট।