দুজন ওয়ার্নার কিংবা দুজন ফিঞ্চ!

দেখতে দুজন প্রায় একই রকম। চেহারায় সাদৃশ্য তো আছেই, মিল আছে শারীরিক গড়নেও। পেশিবহুল গাট্টাগোট্টা শরীর দুজনেরই। অবিশ্বাস্যভাবে, বয়সেও দুজন স্রেফ ২১ দিনের ছোট-বড়। সবচেয়ে বড় মিল ব্যাটিং দর্শনে। দুজনের কাছেই বল জিনিসটা শুধু পেটানোর জন্যই। ২২ গজে কখনো ফিঞ্চকে মনে হয় ডানহাতি ওয়ার্নার, কখনো ওয়ার্নারকে বাঁহাতি ফিঞ্চ!
ঝোড়ো ব্যাটিংয়ে ডেভিড ওয়ার্নারের সঙ্গে একই বন্ধনীতে থাকাটাই চাট্টিখানি কথা নয়। গত কিছুদিনে শুধু পাশাপাশিই থাকেননি, অ্যারন ফিঞ্চ অনেক সময়ই ছাড়িয়ে গেছেন বিখ্যাত সঙ্গীকে। আর এমন দুজন একসঙ্গে ব্যাটিং ওপেন করলে প্রতিপক্ষের অবস্থাটা সহজেই অনুমেয়। অস্ট্রেলিয়া যে এবারের বিশ্বকাপের অন্যতম ফেবারিট, একটা বড় কারণ, ইনিংসের শুরুতে এমন বিস্ফোরক দুজনের উপস্থিতি। ওয়ানডে, টি-টোয়েন্টির সবচেয়ে ভীতিজাগানিয়া উদ্বোধনী জুটি এখন ওয়ার্নার-ফিঞ্চই।
ওয়ার্নার ব্যাট হাতে কী করতে পারেন, সবারই জানা। ফিঞ্চের উত্থানটা গত মাস ছয়েকে। টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক অভিষেক ২০১১ সালের জানুয়ারিতে। আসা-যাওয়া করতে করতে থিতু হওয়ার মঞ্চ পেলেন গত আগস্টে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে উপহার দিলেন প্রথম দেড় শ! ইংল্যান্ডের বিপক্ষে সাউদাম্পটনে সেদিন ১৫৬ করেছিলেন ৬৩ বলে। রিচার্ড লেভির ৪৫ বলে সেঞ্চুরির রেকর্ড ছুঁতে পারেননি ২ বলের জন্য, তবে লেভির ১৩ ছক্কার রেকর্ড ঠিকই ভেঙেছিলেন একটি ছক্কা বেশি মেরে। অক্টোবরে ভারতে গিয়ে ৫২ বলে ৮৯। মাঝখানে স্কটল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে করেছেন ১১৪ বলে ১৪৮। গত জানুয়ারিতে প্রথম ভিক্টোরিয়ান হিসেবে ঘরের মাঠ মেলবোর্নে ওয়ানডে সেঞ্চুরির ইতিহাস গড়েছেন। ইংল্যান্ডের বিপক্ষে ওই সিরিজেই আরেকটি সেঞ্চুরি। ঝড়ের ধারাবাহিকতায় শেন ওয়াটসনকে পর্যন্ত ব্যাটিং অর্ডারে নামিয়ে দিয়েছেন তিনে। রঙিন পোশাকের দুই সংস্করণেই এখন থিতু ওয়ার্নার-ফিঞ্চ জুটি। ও হ্যাঁ, যাঁরা জানেন না, তাঁদের জন্য ছোট্ট একটি তথ্য, আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এক নম্বর ব্যাটসম্যানের নাম কিন্তু এখন ফিঞ্চ!

ফিঞ্চ অবশ্য নিজের সাফল্যের বড় ভাগীদার বললেন উদ্বোধনী জুটির সঙ্গীকে, ‘ডেভি (ওয়ার্নার) শুরু থেকেই বোলারদের এত চাপে ফেলে দেয় যে আমার কাজটা অনেক সহজ হয়ে যায়। ওর ব্যাটিং আমাকে নিজের মতো খেলার স্বাধীনতা দেয়। ওর মারের চোটে দেখা যায়, বোলাররা ভুল করতে শুরু করে। আমি সেটার ফায়দা নিই।’ জুটির রসায়নের আরেকটা পেছনের গল্পও শোনালেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে আমাদের জুটি অনেক পরে হলেও ওর সঙ্গে সম্পর্ক অনেক দিনের। স্কুল ক্রিকেটে একসঙ্গে অনেক খেলেছি আমরা। তখন থেকেই আমাদের সম্পর্ক ভালো।’
পেশির জোর দেখানোর পাশাপাশি ব্যাটিং ব্যাকরণকে প্রতিনিয়ত বুড়ো আঙুল দেখানোর একটা ভাবমূর্তি গড়ে উঠেছে দুজনকে ঘিরেই। তবে এ ক্ষেত্রে গত কয়েক বছরে টেস্ট ক্রিকেটকেও আপন করে নেওয়া ওয়ার্নারের চেয়ে এক কাঠি এগিয়ে ফিঞ্চ। স্কুপ, ল্যাপ, সুইচ হিটসহ অপ্রথাগত সব শটের সমাহার তো থাকেই, প্রথাগত ক্রিকেট শটও খেলেন নিজের মতো করে। অফ স্টাম্পে থাকা লেংথ বলকে যেমন মিড উইকেটে পাঠাতে পারেন, সেই একই বলকে তেমনি চালিয়ে দিতে পারেন বোলারের ওপর দিয়ে কিংবা কাভার দিয়ে!
ওয়ার্নারের মতো বিশ্বতারকা যদিও হয়ে উঠতে পারেননি এখনো। এই টুর্নামেন্ট কি তবে সেটারই মঞ্চ? ফিঞ্চ হাসলেন, ‘হোপ সো!’ বোলাররা তবে প্রমাদ গুনতে পারেন!