দুজনকে রেখেই আসছে সকারুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সফরের দল আগেই ঘোষণা করেছিল এশীয় চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। কিন্তু শেষ মুহূর্তে তাদের দুজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় চোটের শিকার। পার্থে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় গোলটি করা ডাচ দল রোদা জেসির স্ট্রাইকার টমি জুরিচ ও সেল্টিক মিডফিল্ডার টম রজিচ আসতে পারছেন না ঢাকায়।
তবে এ নিয়ে খুব একটা উদ্বিগ্ন না হলেও চলছে অস্ট্রেলিয়ার। কোচ অ্যাঞ্জে পোস্তেকগলু এই দুজনের বিকল্পও নিচ্ছেন না বলেও অস্ট্রেলীয় গণমাধ্যমের খবর। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া ৫-০ গোলে হারিয়েছে বাংলাদেশকে। ঢাকায় ফিরতি ম্যাচেও হেসেখেলেই জয় পাওয়ার কথা সকারুদের।
তবে ১৭ নভেম্বরের ম্যাচটাকে মোটেও হালকা করে নিতে রাজি নন দলের মিডফিল্ডার মার্ক মিলিগান। ১২ নভেম্বর কিরগিজস্তানকে ক্যানবেরায় যেভাবে ৩-০ গোলে হারিয়েছে সকারুরা, সেই উদ্যম ধরে রেখেই ঢাকায় খেলতে চান, ‘ঘরের মাঠে খেলা বলে বাংলাদেশ একটু বেশি আত্মবিশ্বাস পাবে। তবে কিরগিজস্তানের সঙ্গে যেভাবে আমরা খেলেছি বাংলাদেশের সঙ্গেও সেভাবেই খেলতে হবে। শুরুতেই তাদের চাপের মুখে ঠেলে দিতে হবে।’
অস্ট্রেলিয়ান ফুটবল ফেডারেশন (এফএফএ) তাদের ভ্রমণসূচি গতকালই আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বাফুফেকে। সিঙ্গাপুর থেকে বিশেষ বিমানে দলটি ঢাকায় আসবে ম্যাচের আগের দিন অর্থাৎ আগামীকাল সন্ধ্যা ৬টায়।
দেরিতে আসার কারণ হিসেবে বাফুফেকে এফএফএ বলেছে, ১২ নভেম্বর দেশের মাটিতে কিরগিজস্তানের বিপক্ষে খেলে তারা ক্লান্ত। তবে নিরাপত্তাভীতির কারণেই যে অস্ট্রেলিয়া আগে জানানো সূচি অনুযায়ী আসেনি তা অনেকটাই পরিষ্কার। ক্লান্ত হলে তো সিঙ্গাপুরে অনুশীলন করত না দলটি, এমনটাই মনে করছে বাফুফে। ম্যাচের আগের দিন প্রথাগত সংবাদ সম্মেলন হয় দুই দলের, অস্ট্রেলিয়াও তা করবে। তবে সন্ধ্যা ৬টায় ঢাকায় নেমে হোটেলে আসার পর। সময়টা ঠিক হয়নি।