দুজনকেই অপছন্দ পেলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এত দিন ধরে কথার ছুরিতে শান দিচ্ছিলেন বোধ হয়। ‘পেলের জাদুঘরে থাকা উচিত’ ম্যারাডোনার মুখ-নিঃসৃত তির্যক বাক্যবাণের জবাব এবার দিয়েই দিলেন ব্রাজিল কিংবদন্তি। জানিয়ে দিলেন, কোচ হিসেবে ম্যারাডোনার দু পয়সা মূল্য নেই তাঁর কাছে!আর্জেন্টিনা কোচ নবরূপে দেখা দিয়েছেন এবার বিশ্বকাপে। ম্যারাডোনাসুলভ প্রগলভতা, উছলে পড়া আবেগ সবই আছে। কিন্তু বাছাইপর্বে তাঁকে যতটা অগোছালো দেখাচ্ছিল, চূড়ান্ত পর্বে এসে তিনি ততটাই পরিপাটি একটা সংসার নিয়ে হাজির। অন্তত কোয়ার্টার ফাইনাল পর্যন্ত একের পর এক বাধা অনায়াসে টপকে এসেছে তাঁর দল। অবশ্য নড়বড়ে রক্ষণটা এখনো শক্তপোক্ত করতে পারেননি কোচ। এও তো ঠিক, ১০টি গোল করার বিপক্ষে এখন পর্যন্ত আর্জেন্টিনা গোল খেয়েছে মাত্র দুটি।ম্যারাডোনার বিচক্ষণতায় সবাই কমবেশি মুগ্ধ। কিন্তু সেই তালিকায় পেলে নেই। থাকলে আর তিনি পেলে কেন! ম্যারাডোনা কেবল লিওনেল মেসির ওপর ভর করে বৈতরণী পার হওয়ার চেষ্টায় মগ্ন বলে একরকম তিরস্কারই করলেন পেলে, ‘একজন মাত্র ফরোয়ার্ডকে ব্যবহার করে পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করা কোন ধরনের ফুটবল? ম্যারাডোনার সঙ্গে ব্যক্তিগতভাবে আমার কোনো সমস্যা নেই। আমি শুধু ওকে একজন ভালো কোচ মনে করি না, এ-ই তো।’ম্যারাডোনার জীবনাচরণ, শৃঙ্খলার অভাব—এসব নিয়ে অনেক দিন ধরেই বলে আসছেন সর্বকালের সেরা এই ফুটবলার। বয়স হলেও ম্যারাডোনা এখনো পাল্টাননি বলেই মনে করছেন পেলে। এ কারণেই কোচ হিসেবে তাঁকে পাস নম্বরটুকুও দিতে রাজি নন তিনি, ‘ম্যারাডোনার জীবনযাপনের ঢং অদ্ভুত ধরনের। এটা তার দলের জন্য ইতিবাচক কোনো ফল এনে দিতে পারে না।’ভালো কোচ তিনি মনে করেন না কার্লোস দুঙ্গাকেও। ব্রাজিলের সুন্দর ফুটবল দুঙ্গা গলা টিপে হত্যা করেছেন বলে সমালোচনা অনেক দিন ধরেই চলছে। পেলেও জানালেন, দুঙ্গার রক্ষণাত্মক কৌশলের ফুটবল মোটেও ভালো লাগে না তাঁর, ‘আমি নিজে ফরোয়ার্ড ছিলাম। আমি সব সময়ই গোল করতে চাইতাম। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ যাঁরা খেলা দেখেন, তাঁরা গোল দেখতেই আসেন। অথচ আমাদের এই ব্রাজিল দলটা খেলে পাল্টা আক্রমণের ফুটবল। আগে রক্ষণ, এরপর প্রতি-আক্রমণ। বলটাও ঠিকমতো নিয়ন্ত্রণ করতে পারে না। প্রতিপক্ষকে বশে রাখার ইচ্ছা এবং প্রতিজ্ঞা কোনোটাই এখন নেই। বলের দখল রাখার চেষ্টাও দেখি না।’যা স্বভাব, পেলের মন্তব্যের পাল্টা জবাব দিতে বেশি দেরি করার কথা নয় ম্যারাডোনার। তবে সবচেয়ে ভালো জবাব হয়, বিশ্বকাপটাই জিতে সবাইকে দেখিয়ে দেওয়া কোচ ম্যারাডোনা কী জিনিস। দুঙ্গার জন্যও একই কথা প্রযোজ্য। ওয়েবসাইট।