দুজনের একই স্বপ্ন
সময় আর ভাগ্য বুঝি এমনই! জার্মানি ২০০৬ বিশ্বকাপের আগে রোনালদিনহো ও আদ্রিয়ানোকে নিয়ে সে কী হইচই। দুজনই তখন ফর্মের তুঙ্গে। রোনালদিনহো বিশ্বকাপটা নিজের করে নিতে পারবেন কি না আর আদ্রিয়ানোই বা কতটা আলো ছড়াবেন—আলোচনাটা ছিল এ রকমই। আরেকটা বিশ্বকাপের আগেও আবার আলোচনায় তাঁরা দুজন। তবে এবার বিপরীত কারণে। ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা হবে তো রোনালদিনহো-আদ্রিয়ানোর?তবে রোনালদিনহো আর আদ্রিয়ানোর বিশ্বাস, ব্রাজিলের বিশ্বকাপ দলে থাকবেন তাঁরা। ‘আমি বিশ্বকাপে যাব এবং জিতবও’—রোনালদিনহো দারুণ প্রত্যয়ী। আর আদ্রিয়ানো বলেছেন, ‘আমি ভালোভাবেই প্রস্তুত।’রোনালদিনহো আর আদ্রিয়ানো যা-ই বলুন, বিষয়টি তো আর তাঁদের হাতে নেই। তাঁদের ভাগ্য পুরোটাই নির্ভর করছে কার্লোস দুঙ্গার ওপর। রোনালদিনহো আর আদ্রিয়ানোরা শুধু পারেন তাঁদের উপযোগিতা তুলে ধরতে। রোনালদিনহো সেই কাজটা ভালোই করে যাচ্ছেন, করছিলেন আদ্রিয়ানোও। তবে শেষ দিকে এসে একটু যেন তাল কেটে গেছে আদ্রিয়ানোর ছন্দে। বার্সেলোনায় শেষ দুটি বছর বাজে কাটানোর পর ২০০৮-এ এসি মিলানে নাম লেখান রোনালদিনহো। প্রথম মৌসুমে নিজের ছায়া হয়ে ছিলেন, কিন্তু এবার একটু একটু করে ফিরে পেয়েছেন ফর্মটা। এই নিজেকে ফিরে পাওয়াটাই ভরসা দিচ্ছে রোনালদিনহোকে। জোর দিয়ে তিনি বলতে পারছেন, ‘রোনালদিনহোকে ছাড়া বিশ্বকাপ আমি ভাবতেই পারি না। আমি বিশ্বকাপে যাব এবং সতীর্থদের নিয়ে আরেকটা বিশ্বকাপ জিতব।’২০০৬ বিশ্বকাপের আগের সেই ফর্মটা হারিয়ে ফেলেছিলেন আদ্রিয়ানোও। বিশ্বকাপের পর ফর্মহীনতা আর নৈশক্লাব আসক্তির কারণে ইন্টার মিলানে হয়ে পড়েন অনিয়মিত। এর পর বান্ধবীর সঙ্গে ছাড়াছাড়ি হলে মানসিকভাবেই ভেঙে পড়েন। ইন্টার ছেড়ে নাম লেখান ব্রাজিলের ক্লাব ফ্ল্যামেঙ্গোতে। নিজের পুরোনো ক্লাবে ফিরে আদ্রিয়ানো ফর্মটাও ফিরে পেয়েছিলেন। কোচ কার্লোস দুঙ্গা তাঁকে দলেও ডেকেছেন এর পর। কিন্তু এ মৌসুমে কেমন যেন খেই হারিয়ে ফেলেছেন আবার। ফ্ল্যামেঙ্গোর ২৩টি ম্যাচের মাত্র ১২টিতে খেলতে পেরেছেন আদ্রিয়ানো। রিওর প্রাদেশিক চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ম্যাচে করেছেন পেনাল্টি মিস।এমনিতেই রোনালদিনহোর ওপর আস্থা থাকার কথা নয় দুঙ্গার। গত বিশ্বকাপে রোনালদিনহোর মতো বড় বড় সব নাম দলে থাকার পরও করুণ পরিণতি হয়েছে ব্রাজিলের। অতীতের দিকে তাকিয়ে ব্রাজিল কোচ তাই কঠিন এক সিদ্ধান্তই নিয়েছেন—বড় নাম আর নয়! রোনালদিনহোর মতো খ্যাতি আদ্রিয়ানোর নেই। এ কারণে তাঁর একটা সম্ভাবনা তো ছিলই। কিন্তু বর্তমান যে ফর্ম, তাতে কি আর বিশ্বকাপ খেলার আশা পূরণ হবে? আদ্রিয়ানোর বিশ্বাস, এ মৌসুমে ক্লাব ফুটবলের বাকি যে দুটি ম্যাচ আছে তাতেই নিজের যোগ্যতার প্রমাণ দিতে পারবেন। আর রোনালদিনহোর বিশ্বাস, দুঙ্গা যতই বড় নামের বিরুদ্ধাচরণ করুন না কেন; তাঁর সাম্প্রতিক পারফরম্যান্স তাঁকে দেবে দক্ষিণ আফ্রিকার টিকিট। ওয়েবসাইট।