প্রথম দুই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন অ্যালিস্টার কুক, শেষ দুই ম্যাচে কেভিন পিটারসেন। পাকিস্তানের বিপক্ষে সদ্যসমাপ্ত ওয়ানডে সিরিজে ইংল্যান্ডের বর্তমান ও সাবেক অধিনায়ক মিলে গড়লেন অনন্য এক কীর্তি। একই সিরিজে দুই দফায় দুই ব্যাটসম্যানের টানা দুই ম্যাচে সেঞ্চুরি আগে দেখেনি ওয়ানডে ক্রিকেট। টানা চার ম্যাচে দুই ব্যাটসম্যানের টানা দুই সেঞ্চুরি এবারের আগে মাত্র দুবার হয়েছে। তবে দুবারই ওই চার ম্যাচ ছিল দুটি সিরিজ মিলিয়ে। ২০০৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে তৃতীয় ও চতুর্থ ম্যাচে সেঞ্চুরি করেছিলেন মাহেলা জয়াবর্ধনে, ওই সিরিজের শেষ ম্যাচে ও পরের ম্যাচে হল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন সনাৎ জয়াসুরিয়া। ২০১০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ও এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি, পরের দুই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন গৌতম গম্ভীর।