দুজনের দু রকম ফেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুজনেরই ফেরার ম্যাচ। একজন ফিরলেন ১১ মাস পর, আরেকজন ঠিক ২৫ মাস। মাশরাফি বিন মুর্তজা প্রায় এক বছর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন চোটাঘাতের ষড়যন্ত্রে। শাহাদাত হোসেনের ফেরাটা অবশ্য ওয়ানডেতে। শুরু থেকেই টেস্ট বোলারের পরিচিতি ওয়ানডে ক্রিকেটে তাকে এতটাই অনিয়মিত করে দিয়েছিল যে, দুই বছর রঙিন পোশাকে কোনো ম্যাচই খেললেন না!ফেরার দিনে মাশরাফিফুলটস। ডিপ স্কয়ার লেগের ওপর দিয়ে উড়ে ছক্কাটা গিয়ে পড়ল গ্যালারিতে। উমর গুলকে পরের বলে বোল্ড করে দিলেও আগের পাঁচটা বলই যথেষ্ট মাশরাফি বিন মুর্তজার মন বিষিয়ে দিতে। ছক্কার আগের দুই বলে দুই চার, ইনিংসের ৪৯তম আর নিজের শেষ ওভারটাতেই মাশরাফি দিয়ে দিলেন ১৬!ইনজুরি কাটিয়ে ১১ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা মাশরাফির জন্য ওই ওভারটা বিশেষ দ্রষ্টব্য হয়েই থাকবে। প্রথম ৯ ওভারে উইকেট না পেলেও দিয়েছেন মাত্র ৩৯। দীর্ঘ বিরতির পর প্রথম ম্যাচে ৩৯ রান খরচ কোনো বোলারের জন্য মাত্রই তো! কত রান দিলেন, কত উইকেট পেলেন—এসব ফলাফলনির্ভর হিসাবে না গিয়ে যদি খুঁজতে চান আসল মাশরাফিকে, সেটাও কি পাওয়া গেল না কাল? মাশরাফির অস্ত্র বরাবরই নিখুঁত লাইন-লেংথ। মাত্র ১ রান দেওয়া ইনিংসের প্রথম ওভার থেকেই সেই নিয়ন্ত্রণটা রাখলেন হাতে। মাশরাফিও নিশ্চয়ই খুশি এমন ফেরায়।ফেরার দিনে শাহাদাতবলের ওপর নিয়ন্ত্রণটা তাঁর বরাবরই একটু কম। মুখ দিয়ে বের হওয়া বিচিত্র শব্দে অনেক সময় ব্যাটসম্যানকে ভড়কে দেন, তবে একটু জোরে বল করতে পারাটাই মূল অস্ত্র শাহাদাত হোসেনের। কালও সেই শাহাদাতকেই পাওয়া গেল। গতির ওঠানামার সঙ্গে একটু এলোমেলো লাইন-লেংথ। তবে অভিযোগগুলো টিকছে না তাঁর বোলিং বিশ্লেষণের সামনে। ৮-০-৫৩-৩—পাকিস্তানের বিপক্ষে কাল সবচেয়ে সফল বাংলাদেশি বোলার তো তিনিই! শর্ট বল করে ব্যাটসম্যানদের এলোমেলো ব্যাটিংয়ে উইকেট পেতে পারেন। কিন্তু খারাপ বলেও যখন উইকেট চলে আসে, ও রকম বোলিং তো বোলারের কৌশলেরও অংশ হতে পারে!ফেরার আগে লড়াইলড়াই মাশরাফি বিন মুর্তজার ক্যারিয়ারেরই অংশ হয়ে গেছে। তাঁর লড়াই সব সময়ই ইনজুরির সঙ্গে। কখনো গাছ থেকে পড়ে যান, কখনো বলের ওপর পা পড়ে গোড়ালিতে চোট, কখনো বা হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়া। দুই হাঁটুতে সাতটি অস্ত্রোপচার নিয়ে খেলা চালিয়ে যাওয়া খেলোয়াড় ক্রিকেট ইতিহাসেই প্রথম তিনি। সেই মাশরাফি আরও একটি লড়াই জিতে ফিরলেন এশিয়া কাপে। ফেরার আগে বিপিএল-পরীক্ষায় উত্তীর্ণ এই পেসার আশাবাদী, এশিয়া কাপ দিয়ে দলে জায়গাটা নিশ্চিত করে নেবেন আবার। প্রথম ম্যাচ সেই সম্ভাবনাটাকে দিল বাড়তি ঔজ্জ্বল্য।মাশরাফির মতো শাহাদাতের লড়াই ইনজুরি নামক ‘অপশক্তি’র বিরুদ্ধে নয়। তাঁর লড়াই নিজের সঙ্গে। বল হাতে ভালো কিছু করার সামর্থ্য যে আছে, সেটা যেন নিজেই ভুলে যান মাঝেমধ্যে। আন্তর্জাতিক ক্রিকেটে আসার সাত বছর পরও তাই ক্যারিয়ারটা পেল না প্রত্যাশিত ছন্দ। অথচ বাংলাদেশ দলের সাবেক বোলিং কোচ চম্পকা রামানায়েকের ডায়েরিতে আলাদা একটা পাতাই ছিল শাহাদাতের জন্য। রামানায়েকে বিশ্বাস করতেন, একটু ঘষামাজাতে এই পেসারের বলের ঔজ্জ্বল্য বাড়তে পারে অনেক। শাহাদাতও সেটা বিশ্বাস করেন, আজ পর্যন্ত মনে হয়নি সেটা।................নিজের সঙ্গে লড়াইটা হয়তো এখনো জেতেননি শাহাদাত, কিন্তু হারেননিও তো! অসমাপ্ত লড়াইয়ের পথে যেটুকু সাফল্য কুড়িয়ে নিচ্ছেন, সেটাও কম নয়। দুই রকম ফেরার ম্যাচে মাশরাফি-শাহাদাত দুজনই সফল, এই প্রাপ্তি বাংলাদেশের ক্রিকেটেরও। মাশরাফির লাইন-লেংথ ধরে রাখার গুণে ক্ষয় ধরেনি। এলোমেলো শাহাদাতের উইকেট তুলে নেওয়ার সামর্থ্য আছে এখনো। রুবেল-শফিউলদের আলোকিত সময়েও বাংলাদেশের পেস আক্রমণ থেকে অভিজ্ঞতা নির্বাসিত হয়নি। সুখবরই দিল এশিয়া কাপের প্রথম ম্যাচ।