দুজনের দুই রকম রাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই ম্যাচের মাঝখানে কয়েক ঘণ্টার ব্যবধান। ক্রিস্টিয়ানো রোনালদো হয়তো তখন মস্কোর হোটেলে গভীর ঘুমে। কিংবা কে জানে, রাতটা আধো ঘুম আধো জাগরণের মধ্যে। পৃথিবীর অন্য প্রান্তে, ১৩ হাজার কিলোমিটার দূরে লিওনেল মেসি। এই ব্যবধানের মতোই বিশ্বকাপ বাছাইপর্বে এই সময়ের দুই মহাতারকার দিনও কাটল দুই রকম। দুটি গোল করে উরুগুয়ের বিপক্ষে অধিনায়ক মেসি যখন মাঠ ছাড়লেন বীরের বেশে, তার আগেই রোনালদো মাঠ ছেড়েছেন রাশিয়ার বিপক্ষে হেরে।মেসি-রোনালদো দুজনই একটা জায়গায় মিলে যাচ্ছিলেন দারুণভাবে। ক্লাবের হয়ে তাঁরা দুজনই যতটা উজ্জ্বল, জাতীয় দলের হয়ে ততটাই বিবর্ণ। সেই বৃত্ত ভাঙার পণই দেখা যাচ্ছিল দুজনের মধ্যে। গত ইউরোতে দুর্দান্ত খেলেছেন রোনালদো। মেসিও আর্জেন্টিনার হয়ে এখন ফুল ফুটিয়ে চলেছেন। বাছাইপর্বে ৮ ম্যাচে ৬ গোল পেলেন মেসি। তিন ম্যাচে রোনালদোর গোল ১টি। গত এল ক্লাসিকোতে দুজনের দ্বৈরথটা ২-২ হলেও এবার এগিয়ে গেলেন মেসি।আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলে খেলেননি বলে নিজ দেশে আগে ততটা জনপ্রিয় ছিলেন না। তার ওপর ছিল জাতীয় দলের হয়ে ব্যর্থতা। ফলে অনেকবারই মেসিকে দুয়ো শুনতে হয়েছে। কিন্তু কদিন বাদে বাবা হতে চলা খুদে জাদুকর এখন আর্জেন্টিনাতেও দারুণ জনপ্রিয়। তাঁর নামে মুহুর্মুহু স্লোগান ওঠে গ্যালারিতে। এটাই সবচেয়ে ভালো লাগছে মেসির, ‘আর্জেন্টিনার হয়ে খেলাটা সব সময়ই উপভোগ করেছি। এখন দল জিতছে বলে সবকিছু সহজও হয়ে গেছে, উপভোগও করছি। আর্জেন্টিনার সমর্থকদের কাছে প্রচুর ভালোবাসা পাচ্ছি। এতে আমি আনন্দিত। রিভার প্লেটে এটা (তাঁর নামে জয়ধ্বনি) হয়েছে, করদোবায় হয়েছে, আজ মেনদোজাতেও হলো। বার্সেলোনার সমর্থকেরা যেভাবে আমাকে ভালোবাসে, আর্জেন্টিনার সমর্থকেরাও এখন একইভাবে ভালোবাসছে। আমি খুবই খুশি।’ মেসি নয়, রোনালদোরই ব্যালন ডি’অর জেতা উচিত—হোসে মরিনহোর এমন মন্তব্যের ঠিক এক দিনের মাথায় মেসি এমন দুর্দান্ত খেললেন। এটা মরিনহোকে পাল্টা জবাব বলেও অনেকে ভাবতে পারেন। মেসির মুখ থেকে অবশ্য এ নিয়ে কোনো কথা আদায় করা যাবে না। তিনি বরং ভাবছেন দলের পরের ম্যাচ নিয়ে। ১৬ অক্টোবরই আবার আর্জেন্টিনার ম্যাচ, চিলির বিপক্ষে। মেসির চোখ এখন ওই ম্যাচের দিকেই, ‘এই জয়টা খুবই গুরুত্বপূর্ণ। এখন চিলির বিপক্ষে জিতলে বিশ্বকাপের চূড়ান্ত পর্বের দিকে আমরা অনেকটাই এগিয়ে যাব। চিলির ম্যাচটা খুব কঠিন হবে। দল হিসেবে ওরা দুর্দান্ত, তা ছাড়া জয়ের জন্য তারা ব্যাকুলও থাকবে। কাজটা আমাদের জন্য অনেক কঠিনই হবে।’ ওয়েবসাইট।