দুজনের দুই সমস্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রেন্ডন রজার্স নিশ্চয়ই আক্ষেপ করছিলেন, ইশ্, যদি সুয়ারেজ থাকত! দলের মূল স্ট্রাইকার এ ম্যাচেও নিষিদ্ধ ছিলেন। আর ঘরের মাঠে পুরো ম্যাচে গোলের জন্য মাথা কুটে মরল লিভারপুল। সেটা তো পেলই না, উল্টো সাউদাম্পটনই অ্যানফিল্ড থেকে ছিনিয়ে নিয়ে গেল জয়টা। হোসে মরিনহোর সমস্যাটা আবার অন্য রকম। প্লে-মেকারের ভূমিকায় কাকে খেলাবেন সেটা নিয়েই ভেবে অস্থির চেলসি কোচ। গত দুই মৌসুমে দলের সেরা খেলোয়াড় হুয়ান মাতাকে বসিয়ে রেখেছিলেন বলে সমালোচনা কম হয়নি। তবে মাতাকে প্রথম একাদশে জায়গা পেতে হলে এখনো বোধ হয় বিস্তর কাঠখড় পোড়াতে হবে। অস্কার যে পরশু গোল করেছেন! ফুলহামকে ২-০ গোলে হারিয়ে চার ম্যাচ পর চেলসি পেয়েছে জয়ের দেখা।

লিভারপুল কোচ আসলেই সুয়ারেজের অভাবটা টের পেয়েছেন, ‘কখনো কখনো এসব ম্যাচে লুইসের (সুয়ারেজ) মতো খেলোয়াড়েরা ব্যবধান গড়ে দিতে পারে। তবে এটা দারুণ যে ওকে আমরা ফিরে পাচ্ছি।’ ১০ ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে পরশু মাঠে ফিরছেন সুয়ারেজ।

লিভারপুলের পা হড়কানোয় লাভ হয়েছে চেলসির, উঠে এসেছে শীর্ষে। তবে সংবাদ সম্মেলনে ডাচ গ্রেট রুড খুলিতকে একহাত নিয়েছেন মরিনহো। মাতা প্রসঙ্গেই। হালে স্কাই স্পোর্টসের ফুটবল বিশেষজ্ঞ খুলিতের মতে, ‘মরিনহো “ব্যক্তিগত কারণে” মাতাকে খেলাচ্ছেন না। মরিনহোর প্রত্যুত্তরে থাকল স্বভাবসুলভ খোঁচা, ‘খুলিত এখন ফুটবল বিশেষজ্ঞ। তিনি কিন্তু কোচও ছিলেন। অবশ্য সে জন্য তিনি খুব একটা গর্ব করতে পারেন না। আমার কাজটা আরও কঠিন। কোচের চেয়ে ধারাভাষ্যকারের কাজটা সহজ।’

মাতা কি তাহলে ব্রাত্যই হয়ে পড়েছেন? মরিনহোর কথা আশা জোগাচ্ছে মাতাকে। জানিয়েছেন আগামীকাল সুইন্ডনের সঙ্গে লিগ কাপের ম্যাচেই খেলবেন স্প্যানিশ প্লে-মেকার। এএফপি।