দুজনের দুটি পথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিয়েগো ম্যারাডোনা হাঁটলেন তাঁর পথে। কার্লোস দুঙ্গা বেছে নিলেন তাঁর নিজস্ব পথ। দল বাছতে গিয়ে ম্যারাডোনা অগ্রাধিকার দিলেন শিল্পিত ফুটবলকে, আর দুঙ্গা বেছে নিতে চাইলেন পরিশ্রমী কর্মী। তাই ম্যারাডোনার দলে ঠাঁই হলো না এস্তেবান ক্যাম্পিয়াসো ও হাভিয়ের জানেত্তির। ওদিকে এসি মিলানের হয়ে দারুণ খেলতে থাকার পরও ঠাঁই পেলেন না রোনালদিনহো।দল গঠনে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের দুই কোচ ভিন্ন ভিন্ন আদর্শ, মানদণ্ডের নিরিখে বিচার করেছেন খেলোয়াড়দের। কিন্তু তার পরও এই একটা জায়গায় এসে কী আশ্চর্য মিল, ম্যারাডোনা-দুঙ্গা দুজনই খেলোয়াড় হিসেবে বেছে নিতে চাইলেন তাঁদেরই, যাঁদের মধ্যে ‘খেলোয়াড় ম্যারাডোনা’ কিংবা ‘খেলোয়াড় দুঙ্গা’র কিছু না-কিছু বৈশিষ্ট্য আছেই।দুঙ্গা সময় নিতে চাননি, সরাসরি ২৩ জনের দল ঘোষণা করে দিয়েছেন। উদ্দেশ্য পরিষ্কার, এই ২৩ জনই যাতে নিশ্চিত মনে মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুতি নিতে পারে বিশ্বকাপের জন্য। পরে অবশ্য ব্রাজিল কোচ সাতজনের একটা অপেক্ষমাণ তালিকাও প্রকাশ করেছেন। যাতে রোনালদিনহো আছেন। মানে নিভু নিভু করে হলেও জ্বলছে এই প্লে-মেকারের বিশ্বকাপ আশা। দুঙ্গার ঘোষিত দলের আট মিডফিল্ডারের একজন ইনজুরিতে পড়ে ছিটকে গেলেই খুলে যাবে রোনালদিনহোর সৌভাগ্যের দুয়ার। পূরণ হবে তৃতীয় বিশ্বকাপ খেলার স্বপ্ন। প্রথমটি দিয়ে, মানে ২০০২ বিশ্বকাপ দিয়ে যাঁর উত্থান হয়েছিল বিশ্ব ফুটবলে।রোনালদিনহোকে দলে না নেওয়ায় ঘরে-বাইরে সমালোচনার মুখে দুঙ্গা। অনেকে বলছেন, রোনালদিনহো থাকলে মাঝমাঠে কাকার ওপর চাপ অনেকটাই কমে যেত। তা ছাড়া রবিনহোর মতো বল ধরে রেখে খেলে না দুঙ্গার এই দলের ফরোয়ার্ডরা। বয়সের অজুহাতে রোনালদিনহোকে বাদ দেওয়া চলে না। কারণ ২৩ জনের দলেও দুঙ্গা তিরিশ-ছোঁয়া কিংবা পেরোনো খেলোয়াড় রেখেছেন নয়জন।রোনালদিনহোর ফর্ম খারাপ, এমনও বলা যাবে না। মিডফিল্ডার হয়েও লিগে ১০টিসহ এই মৌসুমে ১৩টি গোল করেছেন, করিয়েছেন ১৬টি। অন্যদিকে মিলানের এই মৌসুমে সর্বোচ্চ গোলদাতা স্ট্রাইকার মার্কো বরিয়েল্লো লিগে করেছেন ১৪ গোল আর তাঁর মোট গোলসংখ্যা ১৫।রোনালদিনহো তাই নিজেকে দুর্ভাগা ভাবতেই পারেন। একই অনুভূতি নিশ্চয়ই হচ্ছে আর্জেন্টিনার ক্যাম্বিয়াসো, জানেত্তি আর গ্যাবি মিলিতোর। ইন্টার মিলান যে ঐতিহাসিক ট্রেবল জয়ের পথে এগোচ্ছে, তাতে ক্যাম্বিয়াসো এবং ক্লাব অধিনায়ক জানেত্তির বড় অবদান। হোসে মরিনহো বরাবরই এই দুজনের গুণমুগ্ধ। এই মৌসুমে ডিফেন্ডারদের সবচেয়ে বড় পরীক্ষার নাম ছিল লিওনেল মেসি। জানেত্তি চ্যাম্পিয়নস লিগে দুবারই মেসিকে অচল করে রেখেছিলেন সফলভাবে। আর ক্যাম্বিয়াসোর ব্যাপারে ইন্টার কোচ মরিনহোর মত, ‘আমার দলে আরও দুই-তিনজন ক্যাম্বিয়াসো থাকলে ভালো হতো।’প্রশ্ন উঠছে। কিন্তু এসব প্রশ্নই কি এখন অর্থহীন নয়! ওয়েবসাইট।