দুজনের দুরকম অভিষেক
এমনিতে মিল তেমন নেই। দুজন দুই দেশের, একজন ব্যাটসম্যান, আরেকজন বোলার। একজনের বয়স ২৮, আরেকজনের ২৩। তবে দুজনই ঘরোয়া ক্রিকেটের পরীক্ষিত পারফর্মার। কাল দিনের শুরুতে আরেকটা ক্ষেত্রে দুজন মিলে গেলেন একবিন্দুতে। পূরণ হলো দীর্ঘদিনের স্বপ্ন, মাথায় উঠল বহু আরাধ্য ‘টেস্ট ক্যাপ’। ঘণ্টাদুয়েক পরে অবশ্য আবার দুজনের মোড় দুদিকে। টেস্ট ক্যারিয়ারের চতুর্থ ওভারেই প্রথম উইকেটের দেখা পেয়ে গেলেন জেমস ট্রেডওয়েল। এর মিনিট পাঁচেকের মধ্যে জহুরুল ইসলামের অভিষেক পরিণত হলো দুঃস্বপ্নে, ৬ বল খেলে আউট শূন্য রানে!বাংলাদেশের পক্ষে টেস্ট অভিষেকে এর আগে শূন্য করেছেন আরও নয়জন। তবে একটি ক্ষেত্রে ‘প্রথম’ জহুরুল, আগের নয়জনের আটজনই ছিলেন মূলত বোলার, একজন উইকেটকিপার (মোহাম্মদ সেলিম)। অভিষেকে শূন্য করা প্রথম ‘ব্যাটসম্যান’ জহুরুলই। ৬০টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে জাতীয় দলে অভিষেক, বাংলাদেশে যা বিরলই। নিজেই বলেছিলেন প্রস্তুত হয়ে এসেছেন, হতাশ তিনি হতেই পারেন। ড্রেসিংরুমে ফিরে রিপ্লে দেখে থাকলে তাঁর হতাশা হয়তো আরও বেড়েছে, এলবিডব্লুটা না দিলেও পারতেন আম্পায়ার। তবে জহুরুলের হতাশাটা মুছে ফেলতে পারেন একটা কথা ভেবে, ক্রিকেটের জনক ডব্লু জি গ্রেস থেকে শুরু করে গুন্ডাপ্পা বিশ্বনাথ, গ্রাহাম গুচ, অ্যালান বোর্ডার, সাঈদ আনোয়ার, মারভান আতাপাত্তুদের মতো ক্রিকেটের অনেক রথী-মহারথীর শুরুও তো শূন্য দিয়েই। আর জহুরুলের জন্য দ্বিতীয় ইনিংস তো আছেই।প্রস্তুতি ম্যাচে ৮ উইকেট নেওয়ার পরও যখন টেস্ট অভিষেকটাকে মনে হচ্ছিল সময়ের ব্যাপার, সেখানে বদলি ফিল্ডার হিসেবে নেমে দুর্দান্ত একটি ক্যাচই ছিল ট্রেডওয়েলের অবদান। পরশু অনুশীলন শেষেই জেনেছিলেন মিরপুরে খেলছেন। কাল যখন বোলিংয়ে এলেন, তামিম ইকবাল তখন ছুটছেন দুর্বার গতিতে। কিছুক্ষণ আগেই দলের মূল স্পিনার সোয়ানকে মেরেছেন টানা তিন চার ও এক ছয়। পাগলা ঘোড়ায় লাগাম পরালেন প্রথম শ্রেণীর ৮৮ ম্যাচের অভিজ্ঞ যোদ্ধা। প্রথম ৩ ওভারে দিয়েছিলেন মাত্র দুই রান, চতুর্থ ওভারের প্রথম বলেই ফিরিয়ে দিলেন তামিমকে। তামিমকে দিয়ে শিকারের খাতা খুলে উচ্ছ্বসিত ট্রেডওয়েল, ‘সে দারুণ ব্যাটসম্যান, তাই না? বলকে পরিষ্কার হিট করে ভয়ডরহীনভাবে। কিছুক্ষণ উইকেটে থাকলেই প্রতিপক্ষকে ধ্বংস করতে পারে। প্রথম উইকেটটা আমার জন্য গর্বের একটা মুহূর্ত। অবশ্য খেলতে পারাটাই অনেক গর্বের, খেলায় কোনোভাবে অবদান রাখতে পারাটা আরও গর্বের।’তামিমের পরে নিয়েছেন আরেকটি গুরুত্বপূর্ণ উইকেট। দারুণ খেলতে থাকা সাকিব আল হাসানও তাঁর শিকার। ৮৫ রানে ২ উইকেট, সাদা চোখে খুব একটা ভালো মনে না হলেও ম্যাচের পরিপার্শ্ব বিবেচনায় খারাপ নয় মোটেও। দলীয় দৃষ্টিকোণ থেকেই তাঁর মতে দিনটা খারাপ কাটেনি ইংল্যান্ডের, ‘সত্যি বলতে, শুরুতে আমাদের পরিকল্পনা ছিল ওদের তিন শর নিচে আটকে রাখা। বাংলাদেশ যেভাবে শুরু করেছিল, তারপর ৮টি উইকেট নিতে পেরে আমরা সন্তুষ্টই। দিন শেষে আমরা সামান্য একটু হলেও এগিয়ে।’আজকের দিন শেষে বাংলাদেশের কারও কণ্ঠে কি শোনা যাবে এমন কোনো কিছু!