দুটি গোলে আপত্তি বার্সার
বায়ার্ন মিউনিখের কাছে ৪-০ গোলে হার। বাস্তবতা বলছে, চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠার স্বপ্ন অনেকটাই শেষ বার্সেলোনার। ম্যাচের ফল মেনে নিলেও বার্সার সহকারী কোচ জর্ডি রোরার দাবি, গত রাতে বায়ার্নের দুটি গোল বাতিল হতে পারত।ম্যাচ শেষে সাংবাদিকদের রোরা বলেন, ‘চারটি গোলের দুটি বাতিল হতে পারত। ম্যাচের দ্বিতীয় গোলটি মারিও গোমেজ করেছেন অফসাইডে দাঁড়িয়ে। রোবেনের তৃতীয় গোলের সময় থমাস মুলার অবৈধভাবে জর্ডি আলবাকে বাধা দিয়েছিল।’রোরা বলেন, ‘রেফারিদের নিয়ে কিছু বলতে চাই না। তবে এটা বলব, ওদের দুটি গোল অবৈধ ছিল। ঘরের মাঠের বাইরে এসি মিলান ও প্যারিস সেন্ট জার্মেইয়ের বিপক্ষে যে দুটি ম্যাচ খেলেছি, সেখানেও বিতর্কিত সিদ্ধান্ত পেয়েছি আমরা। তবে একে অজুহাত হিসেবে দাঁড় করাতে চাই না আমি।’বার্সার সহকারী কোচ বলেন, ‘অবশ্যই দুটি গোল অবৈধ ছিল। তবে প্রতিপক্ষকে কৃতিত্ব দিতেই হবে। বায়ার্ন তুলনামূলক ভালো খেলেছে। ওদের শারীরিক সক্ষমতার সঙ্গে আমরা পেরে উঠিনি।’বিতর্কিত দুটি গোলের ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল বায়ার্নের কোচ ইয়ুক হেইঙ্কেসকে। তিনি জানান, বেঞ্চ থেকে গোল দুটি ঠিকমতো দেখতে পারেননি তিনি। হেইঙ্কেসের ব্যাখ্যা, কী ঘটেছে, টাচলাইনে থেকে সেটা বোঝা খুব কঠিন।সেমিফাইনালের প্রথম লেগে ৪-০ গোলের জয়। ফিরতি লেগের ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১ মে, বার্সার মাঠ ন্যু ক্যাম্পে। প্রথম লেগের ফল বুঝিয়ে দেয়, ফাইনালের পথে এক পা দেওয়া হয়ে গেছে বায়ার্নের। কারণ, ফাইনালে উঠতে হলে ন্যু ক্যাম্পে ৫ গোলের ব্যবধানে জিততে হবে বার্সাকে। এমন অবস্থা থেকে বার্সার ফাইনালে ওঠার স্বপ্নকে ‘দিবাস্বপ্ন’ বললে ভুল হবে না।বায়ার্ন কোচ হেইঙ্কেস অবশ্য এখনই ফাইনালে ওঠা নিয়ে ভাবতে রাজি নন। তিনি জানান, ন্যু ক্যাম্পের ম্যাচের দিকে তাকিয়ে আছেন তিনি। হেইঙ্কেস বলেন, ‘এই ফলাফলে আমরা খুশি। কিন্তু এর বেশি কিছু ভাবতে চাই না। আমি জানি, স্পেনে ৯০ মিনিট ধরে কঠিন সময়ই কাটাতে হবে আমাদের।’ সূত্র: রয়টার্স