দুটি নতুন দল চান ইলিয়েভস্কি
অনূর্ধ্ব-২১ এবং অনূর্ধ্ব-২২ দল গড়ার চাহিদার কথা বাফুফেকে জানিয়ে দিয়েছেন নিকোলা ইলিয়েভস্কি। ভবিষ্য ৎ অনূর্ধ্ব-২৩ ও জাতীয় দল গড়ার সুবিধার্থেই দল দুটি চান মেসিডোনিয়ান কোচ। তার ওপর আগামী মাসে ঢাকায় হবে এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবল। অনূর্ধ্ব-১৯ দলকে অনূর্ধ্ব-২১, অনূর্ধ্ব-২২ ও জাতীয় দলের সঙ্গে অনুশীলন ম্যাচ খেলানো হবে।এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবলের প্রস্তুতি নিতে দল নিয়ে ইলিয়েভস্কি এখন বিকেএসপিতে। এই মুহূর্তে অনূর্ধ্ব-১৯ দলই তাঁর সব পরিকল্পনার কেন্দ্রে। দেশের মাটিতে খেলা। যে করেই হোক এই টুর্নামেন্টে ভালো করার জন্য কোচ ব্যাকুল।অনূর্ধ্ব-২১ দলকে শিগগিরই বিকেএসপিতে নিয়ে ১০ দিন রাখার ইচ্ছা কোচের। অনূর্ধ্ব-২২ দলকে নিয়েও ১০ দিন। এই দুটি দলের সংক্ষিপ্ত ক্যাম্পের ফাঁকে ফাঁকেই প্রস্তুতি ম্যাচ খেলানোর পরিকল্পনা। এরই মধ্যে অনূর্ধ্ব-২১ ও অনূর্ধ্ব-২২ দল গড়ে ফেলেছে বাফুফে।এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবল শেষে সাফ ফুটবলের জন্য জাতীয় দল হাতে নেবেন কোচ। ১৫ ডিসেম্বর ভারতের ওডিশায় সাফ ফুটবল টুর্নামেন্ট হচ্ছে। বাংলাদেশ দলের প্রস্তুতি কবে কখন শুরু, সে ব্যাপারে এখন পর্যন্ত অবশ্য কোনো পরিকল্পনা নেই বাফুফের। ঢাকায় আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচের ডামাডোলে এটা চলে গেছে পেছনের পাতায়। জাতীয় দলের জন্য ট্রেনার আনাসহ আরও কিছু অত্যাবশ্যকীয় চাহিদা পূরণ আরও আগেই হয়ে যাওয়া উচিত ছিল মনে করেন অনেকে।নভেম্বর মাসটা জাতীয় দল নিয়ে ক্যাম্প করতে চান ইলিয়েভস্কি। তাঁর মূল চাহিদা হলো প্রস্তুতি ম্যাচ। সেটা দেশে-বিদেশে দুই জায়গাতেই। আগামী মাস থেকে জাতীয় দলের জন্য ঘরোয়া অনুশীলন ম্যাচ আয়োজনের জন্য বলেছেন। আর বলেছেন, সাফ ফুটবলের দিন দশেক আগে দেশের বাইরে যেন অন্তত দুটি ম্যাচ আয়োজন করা হয়।বাফুফের জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বাদল রায় কোচের চাহিদা পূরণে বাফুফে ত ৎ পর বলে জানিয়েছেন। গোটা প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত ব্যবস্থাপনা কমিটির সদস্য হাসানুজ্জামান বাবলুর কথা, ‘কোচ যা চেয়েছেন, সেই অনুযায়ীই সব করা হচ্ছে।’