দুটি প্রস্তুতি ম্যাচেই মুশফিকদের হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫০ ওভারের একটি প্রস্তুতি ম্যাচ ভেঙে করা হয়েছিল দুটি টি-টোয়েন্টি। হারারের কাউন্টি ক্লাব মাঠে দুটি ম্যাচেই বাংলাদেশের হলো প্রায় একই অভিজ্ঞতা। লো-স্কোরিং প্রথম ম্যাচে একপর্যায়ে ম্যাচ হাতের মুঠোয় নিয়েও ৩ উইকেটে হার। বড় রান তাড়ার দ্বিতীয় ম্যাচে হার ১৯ রানে, মুশফিক-জহুরুলের ব্যাট কিছু সময়ের জন্য আশা জাগানোর পরও। দুই দলই খেলেছে ১৩ জন করে নিয়ে, যদিও ব্যাটিং-বোলিং ১১ জনেরই। জিম্বাবুয়ে নির্বাচিত একাদশ নামে খেলেছে আসলে জাতীয় দলই, ছিলেন না কেবল টাটেন্ডা টাইবু ও রেমন্ড প্রাইস। প্রথম ম্যাচনানা পজিশনে খেলতে পারেন, মোহাম্মদ আশরাফুলকে ফেরানোয় নির্বাচকদের একটা বড় যুক্তি ছিল এই। আপাতত আশরাফুল জায়গা খুঁজে পেয়েছেন ওপেনিংয়ে। তামিম ইকবালকে নিয়ে ভালো একটা শুরুও এনে দিয়েছিলেন টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশকে। ৮ ওভারে দুজন তুলেছিলেন ৬৪ রান। তবে দুই স্পিনার গ্রায়েম ক্রেমার ও ম্যালকম ওয়ালার আক্রমণে এসেই উল্টে দিলেন ছবিটা। রানের চাকায় বাঁধ তো দিলেনই, উইকেটও পড়ল কিছু মুড়িমুড়কির মতো।৩০ বলে ২৯ করে তামিম ওয়ালারকে ক্যাচ দিয়েছেন ক্রেমারের বলে। পরের ওভারে ওয়ালারের বলে স্টাম্পড আশরাফুল (২৫ বলে ৩২)। রান বাড়ানোর তাড়ায় স্টাম্পড জুনায়েদ-নাসিরও। জিয়াউর বোল্ড প্রথম বলেই, মুশফিকও পারলেন না হাল ধরতে। প্রথম ৮ ওভারে ওভারপ্রতি ৮ করে তোলা দল পরের ৮ ওভারে ৬ উইকেট হারিয়ে তুলল মাত্র ২৭! দেড় শর লক্ষ্যে ছোটা দলকে শেষ পর্যন্ত কোনো রকমে ১২০ পার করালেন সহ-অধিনায়ক মাহমুদউল্লাহ (১৯ বলে ২৮*)।এ রানটাকেও অবশ্য জিম্বাবুয়ের জন্য দুরতিক্রম্য বানিয়ে ফেলেছিলেন বোলাররা। বিপজ্জনক ভুসি সিবান্দাকে তুলে নিয়েছিলেন মাশরাফি, মাসাকাদজাকে আবুল হাসান। পরে ইলিয়াস সানি ও মাহমুদউল্লাহ নিজেদের প্রথম ২ ওভারেই তুলে নেন দুটি করে উইকেট। ১২ ওভার শেষে জিম্বাবুয়ের রান ছিল ৬ উইকেটে ৬০। কিন্তু সপ্তম উইকেটে দারুণ এক জুটিতে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান চিগুম্বুরা ও ক্রেমার। ৪২ বলে ৫৮ রানের জুটি গড়েন দুজন। শেষ ২ ওভারে ১১ রান প্রয়োজন ছিল জিম্বাবুয়ের। ১৯তম ওভারে চিগুম্বুরাকে (২৮ বলে ৩৮) তুলে নেন জাতীয় দলের হয়ে প্রথম ম্যাচ খেলতে নামা আবুল হাসান। কিন্তু মাশরাফির করা শেষ ওভারের প্রথম বলে চার, পরের দুই বলে দুটি ডাবলস নিয়ে দলকে জিতিয়ে দেন ক্রেমার (২৪ বলে ৩০*)।দ্বিতীয় ম্যাচবাংলাদেশ এ ম্যাচে বিশ্রামে রেখেছিল তামিম ও মাশরাফিকে, জিম্বাবুয়ে অধিনায়ক ব্রেন্ডন টেলর ও ক্রেমারকে। টসভাগ্য এবার জিম্বাবুয়ের পক্ষে, ব্যাটিংয়ে নেমে তাদের বড় স্কোর এনে দেয় হ্যামিল্টন মাসাকাদজার সেঞ্চুরি। ৩৫ বলে ৫০ ছোঁয়া মাসাকাদজা পরের পঞ্চাশ করেছেন মাত্র ২৩ বলে। ৪টি চার ও ৫টি ছয় ছিল ৬০ বলে ১০২ রানের ইনিংসে। সিবান্দার সঙ্গে উদ্বোধনী জুটিতে তুলেছিলেন ৭৯, মাতসিকেনেরির সঙ্গেই দ্বিতীয় উইকেট জুটিতে ৬৭। ২ উইকেট নিলেও ৪ ওভারে নাজমুল দিয়ে ফেলেন ৪১ রান।৮ ওভারের মধ্যে ৫২ রানে ৪ উইকেট হারিয়েই ম্যাচ থেকে অনেকটা ছিটকে যায় বাংলাদেশ। তবে পঞ্চম উইকেটে দারুণভাবে বাংলাদেশকে ম্যাচে ফেরান মুশফিকুর রহিম ও জহুরুল। ৫৫ বলে ৯১ রানের দুর্দান্ত এক জুটি গড়েছেন দুজন। শেষ ৪ ওভারে ওই ৬ উইকেট হাতে রেখেই প্রয়োজন ছিল ৪৫। ৩৩ বলে ৪৯ (৩ চার, ২ ছয়) করে মুশফিকের আউট সব তালগোল পাকিয়ে ফেলে। শেষ ২ ওভারে প্রয়োজন ছিল ২৮, কিন্তু পর্যাপ্ত স্ট্রাইক পেলেন না জহুরুল। দল হারল, তিনি আটকে রইলেন ৪৯-এ (৩৮ বলে)।সংক্ষিপ্ত স্কোরপ্রথম ম্যাচবাংলাদেশ: ২০ ওভারে ১২০/৭ (তামিম ২৯, আশরাফুল ৩২, জুনায়েদ ১২, নাসির ৫, মুশফিক ৩, মাহমুদউল্লাহ ২৮*, জিয়াউর ০, রাজ্জাক ২, মাশরাফি ৮*; ক্রেমার ৪/১৪, ওয়ালার ৩/১৪)। জিম্বাবুয়ে নির্বাচিত একাদশ: ১৯.৩ ওভারে ১২৭/৭ (মাসাকাদজা ১৪, সিবান্দা ১২, টেলর ৯, আরভিন ৬, ওয়ালার ১, চিগুম্বুরা ৩৮, চাকাভা ১, ক্রেমার ৩০*; আবুল হাসান ২/১৫, সানি ২/১৬, মাহমুদউল্লাহ ২/২৫, মাশরাফি ১/৩২)। ফল: জিম্বাবুয়ে একাদশ ৩ উইকটে জয়ী।দ্বিতীয় ম্যাচজিম্বাবুয়ে নির্বাচিত একাদশ: ২০ ওভারে ১৭৫/৫ (মাসাকাদজা ১০২, সিবান্দা ২৬, মাতসিকেনেরি ১৮, আরভিন ১৭, ওয়ালার ০, চিগুম্বুরা ৩*, চাকাভা ৩*, নাজমুল ২/৪১, রাজ্জাক ১/২৩, আবুল হাসান ১/৩৩)। বাংলাদেশ: ২০ ওভারে ১৫৬/৭ (আশরাফুল ১১, জুনায়েদ ১১, আনামুল ১৩, মুশফিক ৪৯, নাসির ৮, জহুরুল ৪৯*, জিয়াউর ০, ফরহাদ ১, রাজ্জাক ৩*; শিঙ্গি মাসাকাদজা ২/১৪, মেথ ২/১৭, চিগুম্বুরা ১/১৭, মুঝাঙ্গে ১/৩২)।ফল: জিম্বাবুয়ে একাদশ ১৯ রানে জয়ী।